
মাত্র আট বছরের ক্যারিয়ারে সোনম খানের প্রাপ্তি কম নয়। ৩০টির বেশি সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। কিন্তু মা হওয়ার পর অভিনয় থেকে দূরে সরে গিয়েছিলেন এই অভিনেত্রী। এখন তাঁর বয়স ৫১ বছর। এই বয়সে আবারও অভিনয়ে ফিরতে চান তিনি।
অনেক দিন হয়েছে সোনম তাঁর এই ইচ্ছার কথা প্রকাশ করেছেন। কাজ করতে চান অনুরাগ কাশ্যপ, নীরজ পান্ডে ও বিশাল ভরদ্বাজের মতো পরিচালকদের সঙ্গে। ওটিটি প্ল্যাটফর্মে থেকে দূরে থাকা অনেক শিল্পীই অভিনয়ে ফিরেছেন। সোনমও চান ওটিটি প্ল্যাটফর্মে কাজ করতে। কিন্তু পরিচালক প্রযোজকদের থেকে তেমন সাড়া পাচ্ছেন না এই অভিনেত্রী। এর কারণ হতে পারে অভিনয়ে দীর্ঘ ২৯ বছরের বিরতি।
মাত্র ১৫ বছর বয়সেই সংসার চালানোর জন্য অভিনয়ে এসেছিলেন সোনম, করেছিলেন তামিল সিনেমা ‘সম্রাট’। দ্বিতীয় সিনেমা ‘বিজয়’ দিয়ে নজর কাড়েন এই অভিনেত্রী। বলিউডের এই সিনেমার পর তাঁর কাছে আসতে থাকে একের পর এক প্রস্তাব। আবেদনময়ী রূপ দিয়ে ঝড় তোলেন বড় পর্দায়।
এত এত সিনেমার প্রস্তাব আসছিল যে তিনি ফিরিয়ে দেন বলিউডের বর্তমান ভাইজান সালমান খানের সঙ্গে অভিনয়ের প্রস্তাবও। ১৯৯০ সালের সেই সিনেমা ‘বাঘি: দ্য রিভেল অব লাভ’-এর প্রস্তাব ফিরিয়ে দিয়ে এখনো আফসোস করছেন সোনম।
কিন্তু তাঁর এই ক্রেজ ধরে রাখতে পারেননি তিনি। মাত্র ১৯ বছর বয়সে সংসার শুরু করেছিলেন পরিচালক রাজিব রায়ের সঙ্গে। সন্তান হওয়ার পর অভিনয় থেকে দূরে সরে যান তিনি। শুধু অভিনয় থেকে নয়, দেশ থেকেও দূরে চলে যান। ছিলেন ইউরোপ, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন শহরে। যেই সংসারের জন্য অভিনয় ও দেশ ছেড়েছিলেন, সেই সংসার টেকেনি। ২০১৬ সালে সোনম ও রাজিব আলাদা হয়ে যান। ২০১৯ সালে দেশে ফিরে আসেন সোনম। এরপরই বলিউডে ফেরার আগ্রহ দেখিয়েছেন।