
আগে বেশ কয়েকটি হিন্দি ছবি করলেও হালে পানি পাননি কিয়ারা আদভানি। কিন্তু ২০১৮ সালে মুক্তি পাওয়া নেটফ্লিক্সের অ্যান্থলজি ছবি ‘লাস্ট স্টোরিজ’ কিয়ারার ক্যারিয়ারের গতিপথ বদলে দেয়। এরপর কিয়ারা অভিনীত দুটি ছবি ‘কবির সিং’ ও ‘গুড নিউজ’ সুপারহিট হয়। তবে যে ‘লাস্ট স্টোরিজ’ দিয়ে কিয়ারার ব্যাপক পরিচিতি, আদতে সেই ছবিটি তাঁর করারই কথা ছিল না। করণ জোহরের ছবিটির জন্য প্রথম পছন্দ ছিলেন কৃতি শ্যানন। কিন্তু করণের ছবি তিনি ফিরিয়ে দেন, কেন?
সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ’-এর একটি পর্বে সে প্রশ্নেরই উত্তর দিয়েছেন করণ জোহর। শোটির নতুন পর্বে একসঙ্গে হাজির হয়েছিলেন ‘কবির সিং’ জুটি কিয়ারা ও শহিদ কাপুর। অনুমিতভাবেই শোতে উঠে আসে ‘লাস্ট স্টোরিজ’ প্রসঙ্গ। করণ নিজের ছবিটি নিয়ে বলেন, ‘ছবির জন্য শুরুতে কৃতি শ্যাননকে প্রস্তাব দিই। কিন্তু সে জানায়, তার মা তাকে ছবিটি করার অনুমতি দেবেন না। মনে হয়েছিল দুনিয়ার সব মা হয়তো এমন কঠোর অবস্থান নেবেন, তাঁদের মেয়েকে অনুমতি দেবেন না। যদিও গল্পটা নারীর ক্ষমতায়নের। এটা শারীরিক ঘনিষ্ঠতায় নারীর অধিকারের গল্প।’
করণ আরও জানান ছবির জন্য কিয়ারাকে খুঁজে পাওয়ার গল্প, ‘ডিজাইনার মনীশ মালহোত্রার বাড়িতে ওকে প্রথম দেখি। তখন ওকে বলি, একটা স্বল্পদৈর্ঘ্য ছবির জন্য তুমি কি কাল দেখা করতে পারবে? পুরো গল্পটা শোনার পর সে কিছুটা দ্বিধায় ছিল। বলে, ছবিটি আমিই পরিচালনা করব কি না? আমি হ্যাঁ বলার সঙ্গে সঙ্গে ও রাজি হয়ে যায়।’
কিয়ারা জানান, কেবল করণের জন্যই ছবিটি করতে রাজি হয়েছিলেন তিনি। অভিনেত্রীর মতে ‘লাস্ট স্টোরিজ’ ভীষণ সাহসী ছবি। কিয়ারা বলেন, ‘অবশ্যই ওই ছবির পর আমার পরিচিতি বেড়ে যায়। করণের জন্যই ছবিটি করেছিলাম। ভীষণ সাহসী গল্প নিয়ে ছবি, নারীর দৃষ্টিভঙ্গিতে যৌনতা নিয়ে গল্প। আমি কেন ছবিটি করব না।’
‘লাস্ট স্টোরিজ’-এ শারীরিক সম্পর্কে অতৃপ্ত এক নারীকে স্বমোহন করতে দেখা যায়। মুক্তির পর মূলত ওই দৃশ্যটি নিয়েই নানা আলোচনা-সমালোচনা হয়। ছবিতে এই দৃশ্য থাকায় কৃতিকে অভিনয়ের অনুমতি দেননি তাঁর মা।