গত ৩০ এপ্রিল মহারাষ্ট্রের পুনেতে একটি কনসার্টে গাইছিলেন এ আর রাহমান। কিন্তু নির্ধারিত সময়ের পরও কনসার্ট চালিয়ে যাওয়ায় তাঁকে কনসার্ট শেষ করতে বাধ্য করে পুলিশ। খবরটি চাউর হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছিল ব্যাপক আলোচনা-সমালোচনা। অনেকেই মন্তব্য করেছেন, এভাবে অস্কারজয়ী সংগীত পরিচালককে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া অপমানজনক। এবার ঘটনাটি নিয়ে মুখ খুলেছে স্থানীয় পুলিশ। খবর বলিউড হাঙ্গামার
পুনেতে শব্দদূষণ রোধে রাত ১০টার মধ্যেই কনসার্ট শেষ করার নিয়ম। কিন্তু সেদিন নির্ধারিত সময়ের পরও কনসার্ট চালিয়ে যাওয়ায় গান বন্ধ করতে বাধ্য করে স্থানীয় পুলিশ। হঠাৎই গান থামিয়ে দেওয়ায় সবাইকে শুভকামনা জানিয়ে, শিগগিরই দেখা হবে বলে মঞ্চ ছাড়েন এ আর রাহমান। গান থামিয়ে দেওয়ার সেই দৃশ্যের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, এ আর রহমান মঞ্চে তখন তাঁর ‘ছাইয়া ছাইয়া’ গানটি গাওয়া শুরু করেছিলেন। এরপরই হঠাৎ পুলিশের এক কর্মকর্তা মঞ্চে উঠে তাঁকে উদ্দেশ্য করে ঘড়ি দেখিয়ে গান থামাতে বলেন। তিনিও গান থামিয়ে দেন। আয়োজক ও অন্য সদস্যদের অনুষ্ঠান বন্ধ করার নির্দেশ দেন সেই পুলিশ কর্মকর্তা। সঙ্গে সঙ্গে দর্শকেরা চিৎকার শুরু করেন।
সেই দৃশ্যের ভিডিওটি ভাইরাল হতেই সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগমাধ্যমে। একেবারে মঞ্চের ওপর উঠে অস্কারজয়ী গায়কের সঙ্গে এভাবে কথা বলা ঠিক হয়নি পুলিশের এমনটা মনে করছেন নেটিজেনরা। গাওয়া অবস্থায় গান বন্ধের নির্দেশ দেওয়ার ব্যাপারটা ভালো লাগেনি এ আর রাহমান ভক্তদের। বিষয়টি অন্যভাবেও সামলানো যেত বলে মনে করেন তাঁরা।
প্রবল আলোচনা-সমালোচনার মধ্যে বিষয়টি নিয়ে কথা বলেছেন এক পুলিশ কর্মকর্তা। পুনে মিররকে তিনি বলেন, ‘এ বিষয়ে বেশি কিছু বলা সমীচীন হবে না। পুলিশ কর্মকর্তা হিসেবে আমার গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার কথা না। তবে এটা বলি, সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী রাত ১০টার পর উচ্চ স্বরে গান বাজানো নিষিদ্ধ।’ পুনে মিররে সেই পুলিশ কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি।
ওই ঘটনাটি নিয়ে তিনি আরও বলেন, ‘আমি কনসার্ট বন্ধ করার আগে আয়োজকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হই। সময় পার হয়ে যাওয়ায় কনসার্ট বন্ধ করা ছাড়া আমার কোনো উপায় ছিল না।’