সুস্মিতা সেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
সুস্মিতা সেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

২৪ বছর বয়সে সন্তান নেওয়া, ম্যানেজার ছেড়ে গিয়েছিলেন সুস্মিতাকে

বলিউড অভিনেত্রী সুস্মিতা সম্প্রতি জানিয়েছেন, ক্যারিয়ারের একপর্যায়ে ইন্ডাস্ট্রি থেকে তিনি ভয়াবহ বিরূপ প্রতিক্রিয়ার মুখে পড়েছিলেন। এমনকি তাঁর ম্যানেজারও একসময় বলে দিয়েছিলেন, তিনি নাকি নায়িকা চরিত্র তো দূরের কথা, পার্শ্বচরিত্রেও আর সুযোগ পাবেন না।

এক সাক্ষাৎকারে সুস্মিতা বলেন, নিজের মতের বিরুদ্ধে কখনো কাজ করতে চাননি তিনি। ক্যারিয়ারের শুরু থেকেই আপসহীন অবস্থান নেওয়ায় অনেক নির্মাতা ও প্রযোজকের অপছন্দের মানুষ হয়ে ওঠেন। তাঁর ভাষায়, ‘আমি “না” বলতে শিখেছিলাম। আর সেটাই অনেকের কাছে সমস্যা হয়ে দাঁড়ায়।’

১৯৯৪ সালে ‘মিস ইউনিভার্স’ খেতাব জয়ের পর সুস্মিতা চলচ্চিত্রজগতে পা রাখেন। ১৯৯৬ সালে ‘দস্তক’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ। ইন্ডাস্ট্রির বড় তারকাদের সঙ্গে জুটি বেঁধে সফল অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ক্যারিয়ারের গোড়াতেই মা হওয়ার মতো সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন। মাত্র ২৪ বছর বয়সে প্রথম সন্তান দত্তক নেন।

এই সাহসী পদক্ষেপ প্রশংসিত হলেও আচমকা ভোল বদল ম্যানেজারের! স্মৃতির সরণিতে হেঁটে সুস্মিতা বলেন, ‘আমার ম্যানেজার পালিয়ে গিয়েছিল। সে বলেছিল, “তুমি তোমার ক্যারিয়ার নিয়ে একদম সিরিয়াস নও। আর আমি ২৪ বছরের একজন মাকে প্রতিনিধিত্ব করতে পারব না। তুমি আর কখনো কাজও পাবেন না।” চলে যাওয়ার পর মনে হয়েছিল, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। আর সত্যি বলতে, মা হওয়ার পরই আমি আমার জীবনের সেরা হিট ছবিগুলো দর্শককে উপহার দিয়েছি।’

সুস্মিতা সেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

সুস্মিতার প্রথম দত্তক নেওয়া কন্যাসন্তান রেনে। যদিও সময়ের সঙ্গে পরিস্থিতি ধীরে ধীরে বদলেছে বলেই মনে করেন সুস্মিতা। মা হওয়ার লড়াইটা মোটেই সহজ ছিল না। সেই পরিপ্রেক্ষিতে অভিনেত্রীর সংযোজন, ‘যাঁরা আমার বিরোধিতা করেছিলেন, তাঁদের স্পষ্ট বলেছিলাম, এগুলো আপনাদের তৈরি করা নিয়ম। আমি মানতে বাধ্য নই। আমি একজন স্বনির্ভর নারী। আমার কোনো গডফাদার ছিল না। ইন্ডাস্ট্রিতে কেউ আমাকে প্ল্যাটফর্ম গড়ে দেয়নি। সবকিছু আমি নিজের চেষ্টায় অর্জন করেছি। তাই আপনাদের নিয়ম আমার ওপর কোনোভাবেই প্রযোজ্য নয়। নিজের নিয়মই আমার কাছে গুরুত্বপূর্ণ। আর আমার মা হওয়ার বাসনা জেগেছিল। আমি আমার সন্তানের যত্ন করেছি। সবচেয়ে সুন্দর শৈশব উপহার দিয়েছি। সেই সময় এটাই সঠিক সিদ্ধান্ত ছিল বলেই আমার দৃঢ় বিশ্বাস। অনেক কিছু সহ্য করতে হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত সফল হয়েছি।’

২০০০ সালে রেনেকে দত্তক নেওয়ার পর ২০১০ সালে ছোট মেয়ে আলিশাহ সেনকেও দত্তক নেন সুস্মিতা। মা হওয়ার পর মুক্তি পায় সুস্মিতা অভিনীত হিট মুভি ‘ম্যায় হুঁ না’, ‘ম্যায়নে পেয়ার কিউঁ কিয়া’সহ আরও বেশ কিছু ছবি। দীর্ঘ বিরতির পর ২০২০ সালে ‘আরিয়া’ সিরিজের মাধ্যমে ওয়েবে গ্র্যান্ড কামব্যাক সুসের। সিরিজটির প্রথম সিজন আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসে সেরা ড্রামা সিরিজ বিভাগে মনোনয়নও পেয়েছিল। এরপর ‘তালি’ সিরিজে রূপান্তরকামী গৌরী সাওয়ান্তের ভূমিকায় অভিনয় করে প্রর্শসিত হয়েছিলেন।’

ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে

সন্তানদের সঙ্গে সুস্মিতা সেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে