কোলাজ
কোলাজ

ছবি মুক্তিতে ভয় কিসের

পরান ছবির শুটিং শেষ হয়েছে ২০১৯ সালে। এর মধ্যে বেশ কয়েকবার মুক্তির তারিখ ঘোষণা করলেও শেষ পর্যন্ত মুক্তি পায়নি রায়হান রাফি পরিচালিত এ সিনেমা। ঢালিউডে এ রকম বেশ কয়েকজন পরিচালক আছেন, যাঁদের প্রত্যেকেরই পাঁচ থেকে সাতটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। বছরের পর বছর ছবিগুলো যে পড়ে রয়েছে, তাতে নতুন ছবির শুটিং কিন্তু বন্ধ রাখছেন না এই পরিচালকেরা। একের পর এক ছবি বানাচ্ছেন, আর মুক্তি না দিয়ে দিনের পর দিন ফেলে রাখছেন। কেন? ছবি মুক্তিতে আসলে ভয় কিসের? কেনইবা একটি ছবি আটকে রেখে আরেকটি ছবির পেছনে ছুটছেন তাঁরা?

চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিদের কারও কারও মতে, চলচ্চিত্রের এখন যে অবস্থা, তাতে মুক্তি দিলেও সিনেমা মুখ থুবড়ে পড়বে। ‘ফ্লপ’ তকমা লেগে গেলে ওই ছবির পরিচালকের কাজ পাওয়ার ক্ষেত্রে সেটি নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ কারণে অনেক পরিচালকই সাহস করে ছবি মুক্তি দিতে আগ্রহী নন। তবে কোনো কোনো পরিচালক ছবি মুক্তির দায় ঠেলে দিয়েছেন প্রযোজকের দিকে। রায়হান রাফি পরান ছাড়াও দামাল ও নূর নামের দুটি ছবির শুটিং শেষ করেছেন। শুটিং বন্ধ রেখেছেন ইত্তেফাক ও স্বপ্নবাজির। এসব রেখে ওটিটির জন্য একের পর এক সিনেমা বানাচ্ছেন তিনি। সেগুলোর পর্যায়ক্রমে প্রচারও হচ্ছে। কিন্তু প্রেক্ষাগৃহের জন্য বানানো ছবিগুলো মুক্তি পাচ্ছে না কেন? রায়হান রাফি বলেন, ‘এটা তো প্রযোজক বলতে পারবেন। তবে আমার মতে, এ সময়ে এসে দর্শকদের ব্যাপারে কনফিডেন্ট না হয়ে ছবি মুক্তি দেওয়া ঠিক হবে কি না, বিষয়টি নিয়ে ভাবার ব্যাপার আছে।’

ক্যাসিনো ও স্বপ্নবাজী ছবি দুটিও মুক্তি পায়নি

মুক্তির পর ছবিগুলো দর্শক টানতে ব্যর্থ হলে পরে ওই পরিচালকের কাজ পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিতে পারে। এ ব্যাপারে রাফি বলেন, ‘যত ভালো মানের ছবিই হোক, সিনেমার এই বৈরী পরিবেশে ছবি মুক্তি পেলে দর্শক হলে না–ও আসতে পারেন। এ কারণে কাজের ওপর প্রভাব পড়তেই পারে। তবে আমার ছবির মুক্তি এ কারণে আটকে আছে, তা নয়।’ পরান প্রযোজক আরাফাত রহমান বলেন, ‘এই ছবি ২০১৯ সালের। কয়েকবার মুক্তি দিতে গিয়েও সম্ভব হয়নি। পরিচালক তো এখনো আমাকে বুঝিয়েই দেননি ছবিটি।’ পরিচালক সৈকত নাসিরের ক্যাসিনো, তালাশ ও বর্ডার ছবিগুলো আছে মুক্তির অপেক্ষায়। শুটিং অসম্পূর্ণ রয়েছে পাপ ও মাসুদ রানার। সামনে নতুন আরেকটি ছবির শুটিং শুরুর পরিকল্পনা করছেন সৈকত নাসির। তিনি বলেন, ‘আসলে হল সমস্যা। তা ছাড়া করোনা–পরবর্তী সময়ে এখনো দর্শক পুরোপুরি সিনেমা হলমুখী হয়নি। এ অবস্থায় ছবি মুক্তি দিলে দেখা গেল পোস্টারের টাকাও উঠছে না। এসব বিবেচনায় হয়তো প্রযোজক ছবি মুক্তি দিচ্ছেন না। ফ্লপ হলে পরিচালকের কাজ পাওয়ার ওপর প্রভাব পড়তেই পারে, অস্বীকার করছি না। তবে আমি চাই, সময়ের ছবি সময়েই মুক্তি পাক ।’ একসঙ্গে একাধিক ছবির শুটিং করায় ছবির মানের ওপর প্রভাব পড়বে না? তিনি বলেন, কিছু করার নেই। পরিচালককেও তো বাঁচতে হবে।

পরাণ ছবিতে শরিফুল রাজ, ইয়াশ রোহান ও মিম অভিনয় করেছেন

আটকে থাকা ছবির তালিকায় আছে অনন্য মামুনের সাইকো, অমানুষ, রেডিও ও জাহানারা। ঈদের পরপরই মিষ্টির প্যাকেট ও ছাত্রনেতা নামে দুটি ছবির শুটিং শুরু করার কথা জানিয়েছিলেন তিনি। একের পর এক নতুন ছবির শুটিং করছেন, কিন্তু মুক্তি দিচ্ছেন না কেন? মামুন বলেন, ‘দর্শক টানতে পারবে কি না, সেই ভয় আছে। তবে শিগগিরই মুক্তির প্রক্রিয়া শুরু করব। তা ছাড়া এগুলো তো পিরিয়ডিক্যাল ছবি না। ঢাকার চলচ্চিত্র মেকিংয়ের বিরাট কোনো পরিবর্তনও আসেনি। দেরি করে মুক্তি দিলেও সমস্যা নেই।’ পরিচালক সাইফ চন্দনের মতে ব্যবসায়িক জায়গা নিশ্চিত না করে ছবি মুক্তি দেওয়া ঠিক হবে না। তাঁর ওস্তাদ, পোস্টার ও কয়লা মুক্তির জন্য প্রস্তুত। শুটিং করছেন লোকাল নামে একটি ছবির। শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন তুফান–এর। চন্দন বলেন, ছবি ফ্লপ গেলে সব দায় পরিচালকের ওপর যায়। তাতে একজন পরিচালকের ক্ষতি হয়ে যাবে। কিন্তু কেউ হয়তো বুঝতে চাইবেন না। বর্তমানে ঢাকার চলচ্চিত্রের পরিবেশের বেহাল অবস্থা । নতুন কাজে হাত দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ঢাকায় এভাবেই কাজ হয়। নয়তো বেশির ভাগ পরিচালকই না খেয়ে মরবে। বলিউডের বেশির ভাগ সিনেমায় গল্প, চিত্রনাট্য নিয়ে দীর্ঘ সময় গবেষণা হয়। তারপর আরও প্রায় এক বছর ধরে চলে শুটিং। একসঙ্গে অনেক কাজে মনোযোগ দেন না তাঁরা। পারিশ্রমিক এক ছবিতেই পুষিয়ে নিতে পারেন তাঁরা। কারণ, ওখানকার পরিচালকের এত পারিশ্রমিক, ভাবা যায় না।

এ ছাড়া মনতাজুর রহমান আকবরের ঘর ভাঙা সংসার, অমানুষ হলো মানুষ, জিম্মি, যেমন জামাই তেমন বউ, আয়না ও কাজের ছেলে ছবিগুলোর মুক্তি আটকে আছে।