‘নাটকে জাহিদ ভাই, সিনেমায় রিয়াজ ভাইয়ের সঙ্গে প্রথম কাজ, আমি লাকি’

জাকিয়া বারী মম
ছবি: নাসিরউদ্দীন নাসিম

২০০৭ সালে তৌকীর আহমেদের ‘দারুচিনি দ্বীপ’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছিলেন রিয়াজ ও মম। এ দীর্ঘ সময়ে একসঙ্গে বেশ কিছু নাটকে অভিনয় করলেও সিনেমা করা হয়নি তাঁদের। প্রায় ১৫ বছর পর একসঙ্গে বড় পর্দায় অভিনয় করতে যাচ্ছেন তাঁরা। ছবির নাম ‘রেডিও’। ২৫ ফেব্রুয়ারি শুটিং শুরুর কথা। খবরটি নিশ্চিত করেছেন ছবির পরিচালক অনন্য মামুন। তিনি বলেন, ‘দুজনের সঙ্গেই কথাবার্তা চূড়ান্ত হয়েছে। আজ রোববার দুজনের সঙ্গে চুক্তি করব।’

চিত্রনায়ক রিয়াজ

সিনেমায় রিয়াজকে দেখা যাবে একজন শিক্ষকের চরিত্রে। কাজটি প্রসঙ্গে রিয়াজ বলেন, ‘পরিচালকের সঙ্গে কথাবার্তা হয়েছে। তবে চুক্তি হয়নি এখনো। আজ চুক্তির কথা আছে। এরপর বাকিটা বলা যাবে।’ মম বলেন, ‘ছবির গল্প ভালো। কাজটি করতে চাই। অনেক দিন পর রিয়াজ ভাইয়ের সঙ্গে কাজ হবে। নাটকে বেশ কয়েকটি কাজ হয়েছে তাঁর সঙ্গে। কিন্তু দারুচিনি দ্বীপ ছবির পর আর তাঁর সঙ্গে কাজ হয়নি আমার। নাটকে জাহিদ ভাইয়ের সঙ্গে, সিনেমায় রিয়াজ ভাইয়ের সঙ্গে প্রথম কাজ, আমি লাকি।’

অনন্য মামুন

ছবির নাম ‘রেডিও’ কেন, জানতে চাইলে অনন্য মামুন জানান, ১৯৭১ সালের ২ থেকে ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণ পর্যন্ত ছবির গল্প। সেখানে রেডিওর একটি ভূমিকা আছে। রেডিওর মাধ্যমে সেই ভাষণ বাংলাদেশের আনাচকানাচে ছড়িয়ে পড়েছিল। স্বাধীনতাযুদ্ধে মানুষকে উদ্বুদ্ধ করেছিল রেডিও।

একজন মুক্তিযোদ্ধার কাছ থেকে সিনেমার জন্য রেডিওটি সংগ্রহ করেছেন পরিচালক

ছবিতে সে সময়ের একটি রেডিও ব্যবহার করা হচ্ছে। রেডিওটি একজন মুক্তিযোদ্ধার কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। রেডিওটি সংগ্রহ করতে গিয়ে অভিজ্ঞতার কথাও জানালেন এই পরিচালক। তিনি বলেন, ‘রেডিওটি একজন মুক্তিযোদ্ধার কাছ থেকে সংগ্রহ করেছি। যুদ্ধের সময় থেকে তিনি সযত্নে আগলে রেখেছেন রেডিওটি। আমার হাতে সেটি তুলে দেওয়ার সময় কেঁদেছিলেন তিনি। আমি নিজেও অনেকটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম ওই সময়।’

জানা গেছে, ২৫ ফেব্রুয়ারি মানিকগঞ্জের লোকেশনে ছবিটির শুটিং শুরু হবে। প্রথম ধাপে টানা আট দিন চলবে এই শুটিং।