
এর এর আগে ‘তালাশ’ ছবির পোস্টার প্রকাশিত হয়েছে। এবার এল অফিশিয়াল ট্রেলার। বৃহস্পতিবার সন্ধ্যায় টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে এটি।
তিন মিনিটের ট্রেলারটির শুরুতেই সুমন-নায়রাদের ব্যান্ডদলের কনসার্টের খবর। স্টেডিয়ামভর্তি দর্শক। চারদিকে আওয়াজ সুমন সুমন...। পর মুহূর্তেই ব্যক্তিগত গাড়ির সঙ্গে সুমনের মোটরসাইকেল দুর্ঘটনা। এরপর ছোট ছোট দৃশ্যে নায়রা ও সুমনের প্রেম-ভালোবাসার দ্বন্দ্ব, সুমনের মাদক গ্রহণ, গুলিতে সুমনের মৃত্যু—পুরো সময় রহস্যে ঠাসা ট্রেলারটি।
ছবিটির প্রযোজক সূত্রে জানা গেছে, আগামী ১৭ জুন দেশজুড়ে মুক্তি পাবে ছবিটি। এ মাসের শেষের দিক থেকে হল বুকিং শুরু হবে।
ছবিতে নায়রা চরিত্রে অভিনয় করেছেন শবনম ইয়াসমিন বুবলী। বর্তমান ‘প্রেম পুরান’ নামে একটি নতুন ছবির শুটিংয়ে বরগুনা আছেন তিনি। সেখান থেকে বুবলী জানালেন, এটি অনেকটাই একটি মিউজিক্যাল ফিল্ম বলা যায়।
একটি ব্যান্ডদলের সদস্যদের মধ্যে প্রেম–ভালোবাসা, মানসিক দ্বন্দ্বের ছবি এটি। ছবিতে ব্যান্ডদলের গিটারিস্ট ও ভোকাল থাকেন নায়রা। এবারই প্রথম এ ধরনের চরিত্রে তাঁর কাজ। বুবলী বলেন, ‘প্রথম এমন একটি চরিত্রে কাজ করেছি। আমার জন্য কাজটি অতটা সহজ ছিল না। একধরনের চ্যালেঞ্জ নিয়েই কাজটি করেছি।’
বুবলী আরও বলেন, ‘ছবিটিতে আমার চরিত্রের একটি জায়গায় বড় রকমের টুইস্ট আছে। যেটিকে ধারণ করা আমার জন্য অনেক কঠিন ছিল। এখনই বিষয়টি বলতে চাই না।’
বুবলী জানালেন, তাঁর বিপরীতে নবাগত আজাদ আদর খুব ভালো অভিনয় করেছেন।
কেমন প্রত্যাশা নতুন অভিজ্ঞতার এই ছবিটি নিয়ে?—জানতে চাইলে বুবলী বলেন, ‘এখন তো দর্শক হলে ফিরছেন। সব শ্রেণির দর্শকের জন্য এ ছবিটি। তবে আমার কাছে মনে হয় তরুণদের বেশি টানতে পারে এই ছবিটি।’
মুক্তির এক সপ্তাহ আগে থেকে প্রচারে নামবেন বলে জানালেন বুবলী। বলেন, ‘দর্শককে আরও ভালোভাবে হলে ফেরাতে এই মুহূর্তে প্রচারটা খুব জরুরি। যেহেতু এটি আমার জন্য একটু অন্য ধরনের ছবি, এ জন্য ভালোভাবেই প্রচারটি করতে চাই। আশা করছি জুনের শুরুর দিক থেকেই আস্তেধীরে প্রচারটা শুরু করতে পারব। তা ছাড়া এখন থেকে ফেসবুকে তো করছিই।’
‘তালাশ’ পরিচালনা করেছেন সৈকত নাসির। বুবলী ও আজাদ আদর ছাড়াও এতে আরও অভিনয় করেছেন মাসুম বাসার, মিলি বাসার, দীপক সুমন প্রমুখ।