
এবারের জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের শুভেচ্ছায় ভাসছেন ঢালিউড তারকা আরিফিন শুভ। আজ সকালেই নিজের ফেসবুক পেজ থেকে শুভকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় নায়ক শাকিব খান। ভক্ত–শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের কাছ থেকে পাওয়া এমন ভালোবাসা তাঁর জন্য অন্য রকম শক্তি বলে জানালেন আরিফিন শুভ। আজ বুধবার দুপুরে যখন এই ঢালিউড তারকার সঙ্গে কথা হচ্ছিল, তখন তিনি তাঁর মাকে নিয়ে ঢাকার শ্যামলীর একটি হাসপাতালে। মায়ের শরীরে অস্ত্রোপচার–পূর্ববর্তী পরামর্শের জন্য হাসপাতালে যাওয়া।
চলচ্চিত্রে আরিফিন শুভর অভিনয়জীবন ১২ বছরের। চলচ্চিত্র–সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, গেল বছর থেকে অভিনয়জীবনের সুন্দর সময় পার করছেন শুভ। এরই মধ্যে ‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রে বঙ্গবন্ধু চরিত্রটি তাঁর অভিনয়জীবনে অন্য রকম এক মাত্রা যোগ করবে বলে সবার বিশ্বাস। এদিকে গেল বছরের শেষ দিকে মুক্তি পাওয়া ‘মিশন এক্সট্রিম’ চলচ্চিত্রটিও তাঁকে রেখেছে আলোচনায়। সবকিছু মিলিয়ে এই তারকার এবারের জন্মদিন বিশেষ হওয়ার কথা। কিন্তু ঢালিউডের বর্তমান সময়ের জনপ্রিয় এই নায়ক জন্মদিনের সকাল থেকে মাকে নিয়ে ছুটেছেন হাসপাতালে। বিশেষজ্ঞ তিনজন চিকিৎসকের সঙ্গে কথা বলে মায়ের শরীরে অস্ত্রোপাচারের সিদ্ধান্ত নিতে হবে। শনিবার ঢাকার আরেকটি হাসপাতালে আরেকজন বিশেষ চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরই জানা যাবে, আদৌ মায়ের অস্ত্রোপচার করা যাবে কি না।
পাঁচ বছর ধরে আরিফিন শুভর মা অসুস্থ। ২০১৭ সালের ১৪ এপ্রিল মুক্তি পায় আরিফিন শুভ অভিনীত সিনেমা ‘ধ্যাততেরিকি’। সিনেমা মুক্তির এক দিন আগে শুভ যখন সিনেমার প্রচারণায় একটি টেলিভিশনের অফিসে, তখনই খবর আসে, মায়ের অসুখ বেড়েছে। সব ফেলে কারওয়ান বাজার থেকে শুভ ছুটলেন ময়মনসিংহে। রাত দেড়টায় মাকে নিয়ে ঢাকায় ফেরেন। এরপর থেকে মায়ের অসুখ কখনো কমেছে, আবার কখনো বেড়েছে। এই যেমন ‘মিশন এক্সট্রিম’ সিনেমার ফার্স্ট লুক উন্মোচন অনুষ্ঠানের শুরুতে দেখা নেই আরিফিন শুভর। যে সিনেমার জন্য প্রায় ১১ মাস পরিশ্রম করলেন, সেই সিনেমার ফার্স্ট লুকের অনুষ্ঠানে শুভ কেন দেরিতে উপস্থিত, তা নিয়ে যখন আলোচনা, ঠিক তখনই শুভ জানালেন, দুই দিন ধরে তাঁর মা হাসপাতালে, তিনি সেখান থেকেই এলেন। সময় যাচ্ছে, শুভর মায়ের অসুস্থতাও বাড়ছে।
আরিফিন শুভ বলেন, ‘শিগগিরই মায়ের সার্জারি করাতে হবে। এর আগে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ দরকার। মায়ের আগের সমস্যা তো আছেই, সেসবের কারণে ইসিজি ও কার্ডিওগ্রাম করানো যাচ্ছে না। দেওয়া যাচ্ছে না ব্লাডও। মা ভীষণ অস্থির হচ্ছেন। এখন আল্লাহর কাছে ভরসা করা ছাড়া কীই–বা করার আছে। শনিবার নিউরোলজিস্টকে দেখাব। মায়ের সার্জারি হলে মানসিকভাবে শান্তি পেতাম।’
মাকে নিয়ে হাসপাতালে দৌড়াচ্ছেন, অন্যদিকে সহকর্মী–শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের ভালোবাসাও টের পাচ্ছেন। শুভ বলেন, ‘এর থেকে জীবনে ভালো লাগার আর কী হতে পারে। আমার জন্য মানুষ প্রার্থনা করছে, দোয়া করছে, আশীর্বাদ করে—এটা আমার মনে শক্তি জোগায়। এই মুহূর্তে মাকে নিয়ে যেই যুদ্ধ করছি, সেটাতেও শক্তি আর সাহস জোগাচ্ছে।’ তবে জন্মদিন ঘিরে ভক্তদের উচ্ছ্বাসের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিয়েছেন শুভ। তাঁদের জন্য শত ব্যস্ততা থাকলেও সেই কৃতজ্ঞাবোধ থেকে ভিডিও বার্তা প্রকাশ করেন ফেসবুকে। এর বাইরে জন্মদিনে বিশেষ কোনো আয়োজন নেই বলেই জানালেন শুভ। এদিকে আরিফিন শুভর জন্মদিনের উপহার হিসেবে ভক্তদের জন্য ‘নূর’ সিনেমার নতুন পোস্টার প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান।
ঢাকাই সিনেমায় ১২ বছরের ক্যারিয়ার শুভর। এই দীর্ঘ যাত্রায় কোনো অপ্রাপ্তি নেই তাঁর। এক সাক্ষাৎকারে শুভ সেই গল্পে বলেছিলেন, ‘২৫৭ টাকা নিয়ে এসেছিলাম ছোট একটা মফস্বল শহর থেকে। ১২ বছর যদি সিনেমার ক্যারিয়ার হয়, তার আগেও তো আমার আরেকটা লম্বা ক্যারিয়ার আছে টেলিভিশনে, মডেলিং, রেডিওতে। আই থিঙ্ক, আমার জীবনে যতটুকু পাওয়ার ছিল, তার চেয়ে অনেক বেশি আমি পেয়েছি। আমার কোনো রিগ্রেট নেই।’
আরিফিন শুভ ২০০৫ সালে মডেলিং দিয়ে শোবিজে ক্যারিয়ার শুরু করেন। এরপর ২০০৭ সালে প্রথম মোস্তফা সরয়ার ফারুকীর ‘হ্যাঁ-না’ নাটকে অভিনয় করেন। আর ২০১০ সালে খিজির হায়াত খান পরিচালিত ‘জাগো’ সিনেমার মাধ্যমে তাঁর বড় পর্দায় অভিষেক হয়।
মুক্তির অপেক্ষায় রয়েছে আরিফিন শুভ অভিনীত ‘বঙ্গবন্ধু’। বাংলাদেশি চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের এই সিনেমা মুক্তির সম্ভাব্য সময় এ বছরের মার্চে, যা আরিফিন শুভর ক্যারিয়ারে যুক্ত করবে নতুন মাইলফলক। শুভর হাতে রয়েছে পুলিশ অ্যাকশন থ্রিলার ‘মিশন এক্সট্রিম-২’। রোজার ঈদে মুক্তির তালিকায় থাকা এই সিনেমার জন্য ৯ মাস পরিশ্রম করে বডি ট্রান্সফরমেশন করেছেন এই নায়ক। সিনেমাটির দ্বিতীয় কিস্তিতে সেই বডি দেখার অপেক্ষায় আছেন ভক্তরা।