লন্ডন থেকে ডাক পেল ‘রেহানা’

‘রেহানা মরিয়ম নূর’ ছবির দৃশ্যে বাঁধন।
ছবি : সংগৃহীত

নতুন সুখবর নিয়ে এল আবদুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা’। যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট অফ লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালের ‘ডিবেট সেকশনে’ ছবিটি দেখানো হবে। কান চলচ্চিত্র উৎসবের পর মেলবোর্ন ও বুসান চলচ্চিত্র উৎসব থেকেও সিনেমাটি আমন্ত্রণ পেয়েছিল।

বিএফআই সারা বিশ্ব থেকে সিনেমা বাছাই করে প্রদর্শন করে। ৬৫ তম উৎসবে সর্বমোট ১৫৯টি সিনেমা নির্বাচিত করা হয়েছে। এর মধ্যে ২১টি সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে।

‘রেহানা মরিয়ম নূর’ ছবির দৃশ্যে বাঁধন ও জায়মা।

উৎসবের অফিশিয়াল প্রতিযোগিতা বিভাগ, স্পেশাল প্রেজেন্টেশনসহ কয়েকটি শাখার মধ্যে একটি ডিবেট সেকশন। এই শাখায় সিনেমাটি প্রতিযোগিতা করবে না। সিনেমাটির বাংলাদেশের প্রযোজক এহসানুল হক বাবু বলেন, ‘এই শাখার সিনেমা প্রদর্শনের পর সমালোচকেরা সিনেমাটি নিয়ে আলোচনা করেন। এটা অনেক সম্মানের। আমরা খুশি সিনেমাটি বিএফআইতে দেখানো হচ্ছে। তবে সিনেমাটি অনলাইনে কেউ দেখতে পারবেন না। সরাসরি উৎসবে গিয়ে দেখতে হবে।’

‘রেহানা’ সিনেমার পোস্টার

করোনা পরিস্থিতি ওপর বিবেচনা করে শিগগির সিনেমাটির মুক্তির তারিখ চূড়ান্ত হবে বলে জানা গেছে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে সিনেমাটির থিয়েটার ও ওটিটি-স্বত্ব বিক্রি করা হয়েছে। ফিল্ম বুটিকসের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে সিনেমা বিক্রির কথাবার্তা চলছে।

বাংলাদেশের প্রথম সিনেমা হিসেবে ৭৪ তম কান চলচ্চিত্র উৎসবের ‘আঁ সার্তেঁ রিগা’ বিভাগে প্রতিযোগিতায় অংশ নেয় রেহানা

বাংলাদেশের প্রথম সিনেমা হিসেবে ৭৪ তম কান চলচ্চিত্র উৎসবের ‘আঁ সার্তেঁ রিগা’ বিভাগে প্রতিযোগিতায় অংশ নেয় রেহানা। সিনেমাটিতে আজমেরী হক বাঁধন ছাড়াও অভিনয় করেছেন সাবেরী আলম, কাজী শামী হোসেইন, আফিয়া জাহিন জাইমা, আফিয়া তাবাসসুম বর্ণ প্রমুখ। একটি বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করে ছবির গল্প। কলেজ সংঘটিত অপ্রত্যাশিত একটি ঘটনা দেখে ফেলে রেহানা। এরপর থেকে সে তার এক ছাত্রীর পক্ষ হয়ে সহকর্মী অপর শিক্ষকের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে।

ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট অফ লন্ডন ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হবে ৬ অক্টোবর, চলবে ১৭ তারিখ পর্যন্ত।