অপি করিম ও নাজিফা তুষি
অপি করিম ও নাজিফা তুষি

তুষিতে মুগ্ধ অপি করিম, ‘প্রেশার কুকার’ নিয়ে যা বললেন

ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে রায়হান রাফির ‘প্রেশার কুকার’ দেখেছেন অভিনয়শিল্পী অপি করিম। ছবিটি দেখার অভিজ্ঞতা তিনি নিজের ফেসবুক পোস্টে শেয়ার করেছেন, যেখানে সিনেমাটির নির্মাণ ও অভিনয় নিয়ে প্রশংসা করেছেন এই অভিনেত্রী।

অপি করিম জানান, ঈদের ব্যস্ততার মধ্যেও তিনি মাত্র একটি সিনেমা দেখার সুযোগ পেয়েছেন আর সেটি হলো ‘প্রেশার কুকার’। তাঁর মতে, অযথা নাচ-গান বা মারামারি ছাড়াও শক্তিশালী গল্প ও নির্মাণ দিয়ে যে দর্শককে ধরে রাখা যায়, এই সিনেমায় সেই চেষ্টার স্পষ্ট প্রতিফলন রয়েছে। তিনি মনে করেন, রায়হান রাফির আগের কাজগুলোর তুলনায় এই সিনেমা ভিন্নধর্মী, যেন নির্মাতার এক নতুন রূপ।

‘প্রেশার কুকার’ ছবির পোস্টার

‘প্রেশার কুকার’ ছবির অভিনয়শিল্পীদের অভিনয় নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন অপি করিম। বিশেষ করে নাজিফা তুষির অভিনয় তাঁকে মুগ্ধ করেছে বলে উল্লেখ করেন তিনি। তাঁর মতে, তুষির অভিনয়ে একটি তীব্রতা রয়েছে, যা গল্পের আবহকে আরও শক্তিশালী করেছে। পাশাপাশি রিজভী রিজু ও ফজলুর রহমান বাবুর অভিনয়ও দর্শকের মনে দাগ কাটার মতো বলে মন্তব্য করেন তিনি।

‘প্রেশার কুকার’ ছবির পোস্টার

শুধু অভিনয় নয়, সিনেমাটির কারিগরি দিকেরও প্রশংসা করেছেন অপি করিম। তাঁর মতে, সিনেমাটোগ্রাফি, সম্পাদনা, সাউন্ড, সেট, কস্টিউম, মেকআপ ও লোকেশন নির্বাচনে শতভাগ যত্নের ছাপ রয়েছে। তবে কিছু সীমাবদ্ধতার কথাও তুলে ধরেছেন এই অভিনেত্রী। তিনি মনে করেন, ছবির কিছু অংশ সংক্ষিপ্ত করা বা কিছু চরিত্র বাদ দেওয়া হলে গল্পটি আরও সংহত হতে পারত।

অপি করিম

সবকিছু বিবেচনায় নিয়ে অপি করিম বলেন, এ ধরনের গল্পনির্ভর ছবি নির্মাণে সাহস প্রয়োজন, যা রায়হান রাফি দেখিয়েছেন। জনপ্রিয়তার জায়গা থেকে বেরিয়ে এসে ঝুঁকিপূর্ণ পথে হেঁটে এমন উদ্যোগ নেওয়াকে তিনি প্রশংসনীয় বলে মনে করেন। ভবিষ্যতে নির্মাতার আরও কাজের অপেক্ষায় থাকার কথাও জানান তিনি।

নাজিফা তুষি

একই সঙ্গে দর্শকদের উদ্দেশে একটি পরামর্শও দিয়েছেন অপি করিম। তিনি বলেন, কোনো সিনেমা দেখার আগে টিজার-ট্রেইলার দেখে এবং কনটেন্ট সম্পর্কে ধারণা নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত, বিশেষ করে শিশুদের সঙ্গে সিনেমা দেখতে গেলে বিষয়টি বিবেচনায় রাখা জরুরি। উল্লেখ্য, ‘প্রেশার কুকার’ ঈদুল ফিতরে মুক্তি পাওয়া পাঁচটি সিনেমার একটি, যা বর্তমানে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে।