হামলার ঘটনার প্রতিবাদে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট
হামলার ঘটনার প্রতিবাদে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট

চলচ্চিত্র নির্মাতাদের ওপর হামলার ঘটনায় নিন্দা

নির্মাতা ও সংস্কৃতিকর্মীর ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে বেশ কয়েকটি চলচ্চিত্রবিষয়ক সংগঠন।

গত সোমবার রাজধানীর সার্কিট হাউস রোডে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে (ডিএফপি) সাত নির্মাতা ও সংস্কৃতিকর্মীর ওপর হামলার ঘটনা ঘটেছে।

এক বিবৃতিতে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে দৃশ্যমাধ্যম সমাজ। বিবৃতিতে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করাসহ পাঁচটি দাবি তুলে ধরা হয়।

হামলায় নির্মাতা ও সংস্কৃতিকর্মী আবদুর রহমান, গোলাপ শাহ, মোশফিকুর রহমান, রিয়াদুল হাসান, মাহবুব হোসেন, মিনহাজুর রহমান ও নাসিফ আমিন আহত হয়েছেন।

জুলাই গণ–অভ্যুত্থান নিয়ে অন্তর্বর্তী সরকারের আমলে প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন কয়েকজন নির্মাতা। নির্মাতাদের অভিযোগ, প্রামাণ্যচিত্রের বাজেট থেকে নির্মাতাদের কাছ থেকে ‘পার্সেন্টেজ’ চেয়েছেন ডিএফপির চিত্রগ্রাহক মশিউর রহমান।

নির্মাতারা প্রতিবাদ করলে জাতীয়তাবাদী ছাত্রদলের কিছু নেতা–কর্মীকে ডেকে এনে তাঁদের ওপর হামলা করান।

পরে অভিযুক্ত মশিউর রহমানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। হামলার ঘটনায় মশিউর ও কয়েকজন ছাত্রদল নেতার বিরুদ্ধে রমনা মডেল থানায় অভিযোগ করেন মোশফিকুর রহমান।

হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে কালচার অ্যান্ড ফিল্ম কালেক্টিভ। সিসিটিভি ক্যামেরার ফুটেজের সহায়তায় সন্ত্রাসীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করাসহ ছয়টি দাবি তুলে ধরেছে কালচার অ্যান্ড ফিল্ম কালেক্টিভ।

হামলার ঘটনার প্রতিবাদে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট। এতে বলা হয়, এই ঘটনা শুধু একটি বিচ্ছিন্ন সহিংসতা নয়, এটি সাংস্কৃতিক অঙ্গনের ওপর সরাসরি আঘাত, যেখানে সৃজনশীল মানুষদের কাজের পরিবেশকে অনিরাপদ করে তোলা হচ্ছে।

হামলার ঘটনায় নিন্দা প্রকাশ ও বিচারের দাবিতে বিবৃতি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ।