ফিল্ম আর্কাইভে ‘মুখ ও মুখোশ’ এর চিত্রনাট্য, স্থিরচিত্র ও পিয়ানো

বাংলাদেশের প্রথম বাংলা সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’–এর চিত্রনাট্য, স্থিরচিত্র ও পিয়ানো বাংলাদেশ ফিল্ম আর্কাইভে হস্তান্তর করা হয়েছে। আজ বুধবার সকালে ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ ফিল্ম আর্কাইভের কার্যালয়ে ‘মুখ ও মুখোশ’ ছবির অন্যতম প্রযোজক নুরুজ্জামানের মেয়ে ড. জেসমিন জামান বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. নিজামূল কবীরের হাতে এসব তুলে দেন। পাশাপাশি  ছবিটির গান রেকর্ডিংয়ের পিয়ানোও আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

‘মুখ ও মুখোশ’ ছবির চিত্রনাট্য, স্থিরচিত্র ও পিয়ানো হস্তান্তরের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ফিল্ম অফিসার মো. ফখরুল আলম। হস্তান্তরের সময় আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফারুক আহমেদ, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক মো. মোফাকখারুল ইকবাল প্রমুখ।
প্রযোজক নুরুজ্জামানের মেয়ে জেসমিন জামান বলেন, ‘ছবির স্ক্রিপ্টের জন্য ফিল্ম আর্কাইভ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। বাবার মৃত্যুর পর তাঁর অনেক কিছুই আমরা পরম যত্নে রেখেছি। আমরা মনে করি, এগুলো দেশের মানুষের। তাই এগুলো জাদুঘরে রাখা হলে সবাই দেখতে পারবেন, বাবার সম্পর্কে জানতে পারবেন। এরপরই ফিল্ম আর্কাইভে এসব দেওয়ার সিদ্ধান্ত নিই। পিয়ানোটি লন্ডনের জে অ্যান্ড জে হপকিন্সের, যা নির্মিত হয়েছে ১৮৮১ থেকে ১৮৯২ সালের মধ্যে। নুরুজ্জামান একজন সংগীত অনুরাগী ছিলেন এবং পিয়ানোটি নিজেই বাজাতেন।’

‘মুখ ও মুখোশ’ ছবিটি মুক্তি পেয়েছে আজ থেকে ৬৬ বছর আগে। ১৯৫৬ সালের এই দিনে পুরান ঢাকার রূপমহল প্রেক্ষাগৃহে মুক্তি পায় বাংলাদেশের প্রথম বাংলা সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’। অনেকের মতে, এই ছবির অভিনয়শিল্পীদের মধ্যে মাত্র দুজন এখনো বেঁচে আছেন।

আজ বুধবার সকালে ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ ফিল্ম আর্কাইভের কার্যালয়ে ‘মুখ ও মুখোশ’ ছবির অন্যতম প্রযোজক নুরুজ্জামানের মেয়ে ড. জেসমিন জামান বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. নিজামূল কবীরের হাতে এসব তুলে দেন

‘রূপমহল’ সিনেমা হলে ‘মুখ ও মুখোশ’ ছবিটির উদ্বোধন করেছিলেন পূর্ব পাকিস্তানের তৎকালীন গভর্নর শেরেবাংলা এ কে ফজলুল হক। ছবিটি পরিচালনা করেছিলেন আবদুল জব্বার খান। ১৯৫৩ সালের মার্চ মাসে ড. সাদেক একটি সভা আহ্বান করেছিলেন। তৎকালীন পূর্ব পাকিস্তানে চলচ্চিত্র নির্মাণ নিয়েই ছিল সেই সভা। তখন পর্যন্ত এখানে চলত ভারতীয় বাংলা, হিন্দি, পশ্চিম পাকিস্তান ও হলিউডের ছবি। বাংলাদেশে তখন ছবি নির্মাণ করা হতো না। সেই সভায় গুলিস্তান সিনেমা হলের মালিক অবাঙালি খান বাহাদুর ফজল আহমেদ বলে দিলেন, পূর্ব পাকিস্তানের আর্দ্র আবহাওয়ায় চলচ্চিত্র নির্মাণ করা সম্ভব নয়। এ কথার প্রতিবাদ করলেন আবদুল জব্বার খান। তিনি বললেন, এখানে তো ভারতীয় ছবির শুটিং হয়েছে। তবে কেন পূর্ণাঙ্গ একটি ছবি করা যাবে না? চ্যালেঞ্জ দিলেন তিনি। বললেন, ছবি করে দেখাবেন। করলেন তো চ্যালেঞ্জ! কিন্তু চলচ্চিত্রের ‘চ’ও জানেন না আবদুল জব্বার খান। কী করে নির্মাণ করবেন ছবি? ১৯৫৩ সালে নিজের লেখা ‘ডাকাত’ নাটক নিয়েই তৈরি করলেন চিত্রনাট্য। কলকাতা থেকে পাঁচ হাজার টাকা দিয়ে আনালেন পুরোনো মরচে ধরা এক ‘আইমো’ ক্যামেরা। শব্দধারণের জন্য ছিল একটি সাধারণ ফিলিপস টেপরেকর্ডার।

‘মুখ ও মুখোশ’ সিনেমার অন্যতম অভিনয়শিল্পী পেয়ারী বেগমের একাল ও সেকাল

সে সময় নারী অভিনয়শিল্পী তো পাওয়া যায় না। তাই পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে শিল্পী খোঁজা হলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্সের ছাত্রী জহরত আরা ও ইডেন কলেজের আইএর ছাত্রী পিয়ারী বেগম যোগাযোগ করলেন। কলকাতার শিল্পী পূর্ণিমা সেনগুপ্ত এগিয়ে এলেন। তিনিই হলেন নায়িকা (কুলসুম)। পিয়ারী নাম নিলেন নাজমা, অভিনয় করলেন নায়ক আফজালের বোন রাশিদার চরিত্রে। আফজাল হলেন পরিচালক স্বয়ং। ডাকাত সরদারের ভূমিকায় ছিলেন অট্টহাসির জন্য বিখ্যাত ইনাম আহমেদ। শুটিং হয় বুড়িগঙ্গার ওপারে কালীগঞ্জ, লালমাটিয়ার ধানখেত, তেজগাঁওয়ের জঙ্গল, জিনজিরা ও টঙ্গীর তুরাগ নদের পাড়ে। ১৯৫৫ সালের ৩০ অক্টোবর ছবির শুটিং শেষ হয়। ছবির মুদ্রণ, পরিস্ফুটন ও সম্পাদনার কাজ হয় লাহোরের শাহনুর স্টুডিওতে।

ঢাকার পরিবেশকেরা ছবিটি মুক্তি দিতে রাজি হননি। তখন ‘পাকিস্তান ফিল্ম ট্রাস্ট’ ও ‘পাকিস্তান ফিল্ম সার্ভিস’ ছবিটি পরিবেশনার দায়িত্ব নেয়। ঢাকার রূপমহলে হয় উদ্বোধনী প্রদর্শনী। চারটি প্রিন্টের বাকি তিনটি দেখানো হয় চট্টগ্রামের নিরালা, নারায়ণগঞ্জের ডায়মন্ড ও খুলনার উল্লাসিনী সিনেমা হলে। দর্শক খুবই ইতিবাচকভাবে ছবিটি গ্রহণ করেন। এই ছবির সংগীত পরিচালক ছিলেন সমর দাস; গান করেন মাহবুবা হাসনাত ও আবদুল আলীম। নৃত্য পরিচালনা করেন গওহর জামিল। ‘মুখ ও মুখোশ’-এর পথ ধরেই এগিয়ে চলেছে বাংলাদেশের চলচ্চিত্রশিল্প।
১৯৭৫ সালের ২৮ ডিসেম্বর মারা যান ‘মুখ ও মুখোশ’ ছবির পরিচালক আবদুল জব্বার খান।