
২০২৪ সালে ৪৬তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পায় আসিফ ইসলামের প্রথম সিনেমা নির্বাণ। পরের বছরই এই তরুণ নির্মাণ করেন কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস। গত রোববার প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেলার। আগস্টে সিনেমাটি মুক্তি দিতে চান আসিফ। জানালেন, শিগগির সিনেমাটি নিয়ে প্রচার শুরু করবেন।
প্রথম সিনেমা রেখে আগে কেন দ্বিতীয়টি মুক্তি দিচ্ছেন—এমন প্রশ্নে পরিচালক জানালেন, ‘দুটি সিনেমাই দর্শকদের দেখাতে চাই। কিন্তু নির্বাণ একদমই এক্সপেরিমেন্টাল (নিরীক্ষাধর্মী) সিনেমা। এই ধরনের সিনেমার সঙ্গে আমাদের দর্শকদের যোগাযোগ কম। অন্যদিকে আমার দ্বিতীয় সিনেমা প্রিন্সেস–এ দেশের যাত্রাশিল্পের দুরবস্থা তুলে ধরা হয়েছে। যেখানে দর্শকের চাহিদায় যাত্রার একজন ‘প্রিন্সেস’ মঞ্চের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা।
তিনি আরও বলেন, ‘এই সিনেমাটির সঙ্গে দর্শক সহজেই কমিউনিকেট (যোগাযোগ) করতে পারবে। এর গল্পের সঙ্গে দর্শকদের বহু আগে থেকে পরিচয় রয়েছে। যে কারণে প্রথম সিনেমার তুলনায় দ্বিতীয় সিনেমাটি দর্শক সহজে গ্রহণ করবেন। এসব কারণেই এই উদ্যোগ।’
আসিফ জানান, অন্যদিকে নির্বাণ সিনেমায় এক কারখানার তিন কর্মীর যাপিত জীবনকে তুলে ধরা হয়েছে। একটি ফ্যাক্টরির কর্মীদের আসা-যাওয়ার মাঝে অনেক গল্প থাকে, সেগুলো তুলে ধরা হয়েছে। সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াম অর্চি। সিনেমাটি সাদা–কালো ও নির্বাক। চরিত্রগুলোর কোনো সংলাপ রাখেননি। সীমিত লোকেশনে শুট করা। ‘সিনেমাটি হলে মুক্তির পরিকল্পনা ছিল না। তবে প্রিন্সেস মুক্তির পর হল কর্তৃপক্ষকে সিনেমাটি দেখাব। তারা পছন্দ করলে মুক্তি দেব। প্রতিটা সিনেমারই স্বল্পসংখ্যক হলেও দর্শক রয়েছে,’ বলেন আসিফ।