২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান পেতে ‘মৃত্যুঞ্জয়ী’ সিনেমার জন্য চিত্রনাট্য জমা দিয়েছিলেন নির্মাতা সাজেদুল আউয়াল। সিনেমার গবেষণা, কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য তৈরি করেছেন তিনি। সিনেমাটি প্রযোজনা ও পরিচালনাও করার কথা ছিল সাজেদুল আউয়ালের। কিন্তু অনুদান পাওয়ার আগেই ২০২১ সালের এপ্রিলে তাঁর মৃত্যু হলে সিনেমাটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।
সিনেমাটি প্রযোজনা করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদন করেন সাজেদুল আউয়ালের স্ত্রী বদরুন নেছা খানম। গত বছরের জুনে বদরুন নেছা খানমকে প্রযোজনার দায়িত্ব দিয়ে ছবিটিকে অনুদান দেয় সরকার। পরিচালনার দায়িত্ব পান সাজেদুল আউয়ালের প্রধান সহকারী পরিচালক উজ্জ্বল কুমার মণ্ডল।
যোজনা প্রোডাকশনসের ব্যানারে প্রযোজিত সিনেমাটি ডিসেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে। আগামী বছরের মার্চে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনার কথা জানালেন প্রযোজক।
এরপর নানা চড়াই–উতরাই পেরিয়ে স্বামীর স্বপ্নের সিনেমার কাজ শেষ করেন বদরুন নেছা খানম। তিনি বলেন, ‘এই চলচ্চিত্রের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রুপালি জগতে আজীবন ধরে রাখতে চেয়েছিলেন সাজেদুল আউয়াল। সেই স্বপ্ন সামনে রেখে দিনরাত কাজ করেছেন তিনি। সিনেমার সব কাজই গুছিয়ে গিয়েছিলেন তিনি। তাঁর চিন্তা তো চেষ্টা করলেও কেউ শতভাগ বাস্তবায়ন করতে পারবে না—কখনই এটা সম্ভব নয়। এরপরও কাজটি সমাপ্ত করে দর্শকের কাছে পৌঁছে দেওয়াটা আমাদের সবার দায়িত্ব ছিল।’
সিনেমার গল্পে দেখা যাবে, ‘বাংলাদেশের চিত্রকলায় মুক্তিযুদ্ধের প্রতিফলন’ শীর্ষক গবেষণার জন্য প্রায় ৫০ বছর পর দেশে আসেন বাংলাদেশি বংশোদ্ভূত হিমাংশু। তাঁর গবেষণায় উঠে আসে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু হত্যা, যুদ্ধের সময় ফেলে যাওয়া হিমাংশুর জন্মভিটা; তার হারিয়ে যাওয়া শৈশব।
প্রযোজক বদরুন নেছা খানম জানান, সিনেমার কাহিনি-কাঠামোতে সূত্র হিসেবে কাজ করেছে বঙ্গবন্ধু ও স্বাধীনতাসংগ্রাম। এসব এক জায়গায় আনা হয়েছে চিত্রকলা, কবিতা ও হিমাংশুর মাঠপর্যায়ে পরিভ্রমণের মধ্য দিয়ে। মুক্তিযুদ্ধের অনেক না–বলা অধ্যায় উঠে আসবে চলচ্চিত্রটিতে।
চলচ্চিত্রটিতে হিমাংশুর ভূমিকায় অভিনয় করেছেন হামিদুর রহমান। আরও আছেন জাহিদ হোসেন শোভন, আমিনুর রহমান, কাজী রাজু, মাসুম বাশার, ফারজানা ছবি, আশরাফুল আশীষ, বীর মুক্তিযোদ্ধা চিত্রশিল্পী স্বপন চৌধুরী।
চলচ্চিত্রটি চিত্রগ্রহণ করেছেন আহমেদ হিমু। সম্পাদনা, শব্দ ও রংবিন্যাসের দায়িত্বে ছিলেন সুজন মাহমুদ। আবহ সংগীত করেছেন এবাদুল হক।