ইয়ামিন হক ববি
ইয়ামিন হক ববি

নায়িকার বাসায় কোটি টাকার চুরি! আংশিক সোনা উদ্ধার, তিনজন গ্রেপ্তার

ঈদে মুক্তি পেয়েছে চিত্রনায়িকা ইয়ামিন হক ববির সিনেমা ‘তছনছ’। তবে পর্দার ‘তছনছ’-এর বাইরে বাস্তব জীবনও যেন তছনছ হয়ে গেছে তাঁর। তাঁর পূর্ব মণিপুরের বাসায় চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা তাঁর বাসার জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে স্বর্ণালংকার, টাকা ও মূল্যবান ঘড়ি চুরি করে নিয়ে যায়। আজ বৃহস্পতিবার নিজের ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়েছেন এই অভিনেত্রী। এ ঘটনায় গত ২৭ মে কাফরুল থানায় অভিযোগ করেছেন ববির খালাতো ভাই আবদুল কাদের ভূঁইয়া। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

চিত্রনায়িকা ইয়ামিন হক ববি

ফেসবুক পোস্টে ববি জানান, চোরদের সাধারণ চোর ভাবার সুযোগ নেই। তাঁর ভাষ্য, এটি সংঘবদ্ধ, পরিকল্পিত ও পেশাদার অপরাধীদের কাজ। তারা মানুষের কষ্টার্জিত সম্পদ মুহূর্তের মধ্যে লুট করে নিয়ে যায়।

ববি লিখেছেন, ঈদের আনন্দ তাঁর জীবনে গভীর কষ্ট হয়ে এসেছে। দুর্বৃত্তরা তাঁর বাবার স্মৃতি হিসেবে পাওয়া প্রায় ৩৬ ভরি স্বর্ণালংকার, টাকা ও বেশ কয়েকটি মূল্যবান ঘড়ি চুরি করে নিয়ে গেছে। তিনি আরও লিখেছেন, এসবের সঙ্গে শুধু সম্পদের নয়, অসংখ্য স্মৃতি, আবেগ ও পরিবারের ভালোবাসা জড়িয়ে ছিল।

চুরির ঘটনায় ইতিমধ্যে ফারুক নামের একজন ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছেন ববি। একই সঙ্গে তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন পর্যন্ত প্রায় চার ভরি সোনা উদ্ধার করেছে।

এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অভিনেত্রী বলেন, এখনো তাঁর অধিকাংশ সম্পদ উদ্ধার হয়নি। বাকি স্বর্ণালংকার ও অন্যান্য জিনিস দ্রুত উদ্ধারের জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

চিত্রনায়িকা ইয়ামিন হক ববি।ছবি: ফেসবুক থেকে

পোস্টের শেষে ববি লেখেন, ‘জীবনে অর্থের চেয়ে স্মৃতির মূল্য অনেক বেশি। বাবার দেওয়া সেই স্মৃতিগুলো হারানোর কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়।’

এদিকে পুলিশের কাছে করা অভিযোগে থেকে জানা গেছে, স্বর্ণালংকার, কয়েকটি মূল্যবান ঘড়ি ও টাকাসহ চুরি হওয়া সর্বমোট সম্পদের পরিমাণ ৮৫ লাখ ৭০ হাজার টাকা।