তারা চেনা হয়েও অচেনা...

তাসনিয়া ফারিণ
তাসনিয়া ফারিণ

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তিনি। গত বছর ওটিটি অভিষেকেই তিনি নজর কাড়েন। মোস্তফা সরয়ার ফারুকীর ওয়েব সিরিজ ‘লেডিস অ্যান্ড জেন্টেলমেন’-এ সাবিলা চরিত্রে অভিনয় করে প্রশংসা পান। এই সিরিজ থেকেই ফারিণ সুযোগ পান পশ্চিমবঙ্গের নির্মাতা অতনু ঘোষের ছবিতে। সম্প্রতি প্রকাশিত হয়েছে ছবির পোস্টার।

‘আরও এক পৃথিবী’ র পোস্টার

গত মে মাসে জানা যায়, বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তাসনিয়া ফারিণের। তবে বাংলাদেশ নয়, পশ্চিমবঙ্গের পরিচালক অতনু ঘোষের ‘আরও এক পৃথিবী’ দিয়ে চলচ্চিত্রে পা রাখবেন ফারিণ। গত ৯ মে থেকে যুক্তরাজ্যের লন্ডন শহরে ছবির শুটিংয়ে অংশ নেন ফারিণ। তখন অভিনেত্রী জানান, ব্যাটে-বলে মিলে যাওয়াতেই ছবিটি করতে রাজি হয়েছেন তিনি।

টানা তিন সপ্তাহ যুক্তরাজ্যে হয়েছে ‘আরও এক পৃথিবী’ সিনেমার শুটিং

গত বুধবার রাতে প্রকাশিত হয়েছে ছবিটির পোস্টার। পরিচালক অতনু ঘোষ ফেসবুকে ছবিটি পোস্ট করে জানিয়েছেন, আগামী ২ ডিসেম্বর পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। ছবিটি সম্পর্কে পরিচালক লিখেছেন, ‘লন্ডনের মাটিতে পৃথিবীর নানা প্রান্তের মানুষ—খোদ ব্রিটিশ, আমেরিকান, আফ্রিকান, অ্যারাবিয়ান, কোরিয়ান, চাইনিজ, রাশিয়ান…আর চারজন ভারতীয়, বাঙালি!  তারা চেনা হয়েও অচেনা! তাদের মনের গভীরে এমন কিছু ডিজায়ার ও সিক্রেট রয়েছে, যার নাগাল পাওয়া ভার! যাহোক, আপাতত প্রাথমিক পরিচয়পর্ব।’

যুক্তরাজ্যেে শুটিংয়ের ফাঁকে ফারিণ

এর আগে ছবিটির শুটিংয়ের অভিজ্ঞতা সম্পর্কে ফারিণ প্রথম আলোকে বলেছিলেন, ‘কাজ করতে এসে মনেই হচ্ছে না যে আমি নতুন টিমের সঙ্গে কাজ করছি। এত সুন্দর পেশাদারভাবে কাজটি হচ্ছে। খুব উপভোগ করে কাজটি করছি আমি।’

তাসনিয়া ফারিণ

এদিকে অতনু ঘোষের পোস্টের নিচে ফারিণকে অভিনন্দন ও ছবিটির জন্য শুভকমানা জানিয়েছেন অনেকেই। তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি অভিনেতা চঞ্চল চৌধুরী, এফ এস নাঈম, পশ্চিমবঙ্গের অভিনেতা ঋত্বিক চক্রবর্তী, গায়ক রূপঙ্কর বাগচি প্রমুখ। তাঁদের মধ্যে চঞ্চল ও নাঈম চলতি বছর মুক্তি পাওয়া জনপ্রিয় সিরিজ ‘কারাগার’-এ অভিনয় করেন। যে সিরিজে ছিলেন ফারিণও।


‘আরও এক পৃথিবী’ ছবিতে ফারিণ ছাড়া আরও আছেন কৌশিক গাঙ্গুলি, অনিন্দিতা বোস ও সাহেব চ্যাটার্জি।