চিত্রনায়িকা নিঝুম রুবিনা
চিত্রনায়িকা নিঝুম রুবিনা

ঘুম থেকে উঠে নায়িকা শুনলেন গ্রেপ্তারি পরোয়ানার খবর, এরপর...

পরিবার নিয়ে কাতারে থাকেন চিত্রনায়িকা নিঝুম রুবিনা। সেখানে নতুন করে ব্যবসা শুরু করেছেন, সন্তানকে ভর্তি করিয়েছেন স্কুলে। সবকিছু স্বাভাবিকভাবে চলছিল। কিন্তু গতকাল বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকেই চমকে ওঠেন তিনি—নিজের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর!

খোঁজ নিয়ে জানা যায়, প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে সুরভী বেগম নামের এক নারী গত ২৯ জানুয়ারি চিত্রনায়িকা নিঝুম রুবিনা ও তাঁর স্বামী মামুনুর রশীদ রাহুলের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলায় নিঝুম রুবিনা ও তাঁর স্বামী মামুনুর রশীদ রাহুল ছাড়াও আরও দুজনকে আসামি করা হয়েছে। আদালত ১৯ ফেব্রুয়ারির মধ্যে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারি করেছিলেন। নির্ধারিত দিনে হাজির না হওয়ায় শুনানি শেষে আদালত তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম।

চিত্রনায়িকা নিঝুম রুবিনা

শুক্রবার দুপুরে প্রথম আলোর সঙ্গে কথা হলে নিঝুম রুবিনা অভিযোগ পুরোপুরি অস্বীকার করেন। তাঁর দাবি, বাদীকে তিনি ব্যক্তিগতভাবে চেনেন না এবং মামলা হওয়ার আগে বিষয়টি সম্পর্কেও কিছু জানতেন না। নায়িকার ভাষ্য, ‘ফেসবুকে ঢুকে মামলা সম্পর্কে জানতে পারলাম। যেখানে আমি কোনোভাবেই জড়িত নই, সেখানে এভাবে মামলা দিয়ে আমার মানহানি করা হচ্ছে।’

নিঝুম রুবিনা

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২০ সালের ১ অক্টোবর সাড়ে ১২ লাখ টাকা ধার নেওয়া হয়, যা দুই মাসের মধ্যে পরিশোধের শর্তে লিখিত চুক্তি হয়েছিল। নির্ধারিত সময়ের পরও টাকা ফেরত না পাওয়ায় মামলা করা হয়েছে বলে দাবি বাদীপক্ষের। তবে নিঝুম রুবিনার দাবি ভিন্ন। তাঁর বক্তব্য, লেনদেনটি ছিল তাঁর স্বামীর মাধ্যমে এবং ব্যবসায়িক প্রয়োজনে সুদে নেওয়া অর্থ। প্রতি মাসে ৪০ হাজার টাকা করে কিস্তি দেওয়া হচ্ছিল। গত বছরের অক্টোবরে বিষয়টি জানতে পারেন তিনি। এরপর সংশ্লিষ্ট নারী তাঁদের বাসায় এসে উত্তেজনা সৃষ্টি করলে তিনি থানায় অভিযোগ করার পরামর্শ দেন।

নিঝুম রুবিনা

নায়িকা আরও জানান, রামপুরা থানায় অভিযোগের পর পুলিশের মধ্যস্থতায় একটি সমঝোতা হয়েছিল। সেই অনুযায়ী, নগদ দুই লাখ টাকা পরিশোধ করা হয় এবং বাকি ৯ লাখ টাকা দুই (গত বছরের ডিসেম্বর ও এ বছরের মার্চে) ধাপে দেওয়ার কথা হয়। ডিসেম্বর মাসে সাড়ে চার লাখ টাকার চেক প্রস্তুত থাকলেও বাদী তা গ্রহণ করেননি বলে দাবি তাঁর। ‘হঠাৎ করেই পুরো ৯ লাখ টাকা একসঙ্গে দাবি করা হয়, যা অযৌক্তিক,’ বলেন তিনি।

এ ঘটনায় নিজের মানহানি হয়েছে উল্লেখ করে নিঝুম রুবিনা জানিয়েছেন, তিনি পাল্টা মানহানির মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। তাঁর আইনজীবীর সঙ্গে ইতিমধ্যে কথা হয়েছে, আগামী রোববার মামলা করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান নায়িকা।