সুযোগেই শাবনূরের ভাইয়ের বাসায় তাঁদের আমন্ত্রণ জানানো হয়
সুযোগেই শাবনূরের ভাইয়ের বাসায় তাঁদের আমন্ত্রণ জানানো হয়

সিডনিতে শাবনূর-তাসকিনের বারবিকিউ আড্ডা জমে রাতভর

হঠাৎই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ছবি। ছবিতে দেখা যাচ্ছে, ঢাকাই চলচ্চিত্রের নন্দিত নায়িকা শাবনূরের সঙ্গে সেলফি তুলেছেন জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার তাসকিন আহমেদ। দুই ভিন্ন অঙ্গনের দুই পরিচিত মুখকে এক ফ্রেমে দেখে স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়েছে—তাসকিনের সঙ্গে শাবনূরের দেখা হলো কোথায়, কীভাবে?

পেছনের গল্প জানতে যোগাযোগ করা হয় শাবনূরের সঙ্গে। জানা গেল, অস্ট্রেলিয়ার সিডনিতে শাবনূরের ভাইয়ের বাসায় আয়োজিত এক ঘরোয়া বারবিকিউ আড্ডায় পরিবারসহ যোগ দিয়েছিলেন তাসকিন। অস্ট্রেলিয়া সফরে থাকা এই ক্রিকেটার গত শুক্রবার স্ত্রী, সন্তান ও স্বজনদের নিয়ে সেখানে যান। শাবনূরের সঙ্গে ছিলেন তাঁর ভাই তমাল, বোন ঝুমুরসহ পরিবারের অন্য সদস্যরা। খাওয়াদাওয়া, গল্প আর হাসি-আনন্দে জমে ওঠা সেই আড্ডা গড়ায় ভোর চারটা পর্যন্ত।

প্রথম আলোকে শাবনূর জানালেন, তাসকিনের সঙ্গে তাঁদের পরিবারের পরিচয় নতুন নয়। বহু বছর ধরেই দুই পরিবারের মধ্যে চেনাজানা ও যোগাযোগ রয়েছে। বিশেষ করে তাসকিন ও শাবনূরের ভাই পূর্বপরিচিত। এবার সিডনিতে এসে স্ত্রী-সন্তান ও পরিবারের সদস্যদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তাসকিন। সেই সুযোগেই শাবনূরের ভাইয়ের বাসায় তাঁদের আমন্ত্রণ জানানো হয়।

শাবনূরের সঙ্গে সেলফি তুলেছেন জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার তাসকিন আহমেদ

আয়োজনটি ছিল একেবারেই পারিবারিক, ছিল না কোনো আনুষ্ঠানিকতা। দুই পরিবারের বড়দের পাশাপাশি সন্তানেরাও আনন্দে সময় কাটিয়েছে। শাবনূর বলেন, ‘আমার ভাইয়ের বাসায় তাসকিনের পুরো পরিবারের দাওয়াত ছিল। আমাদের সবারও দাওয়াত ছিল। সেখানেই দারুণ আড্ডা হয়। ভোর চারটা পর্যন্ত আমরা সবাই মিলে খাওয়াদাওয়া করেছি, অনেক আড্ডা হয়েছে। আমাদের সন্তানেরাও খুব মজা করেছে।’
সেই আড্ডারই একটি মুহূর্ত ধরা পড়ে তাসকিনের তোলা সেলফিতে।

পরে শাবনূর ছবিটি নিজের ফেসবুক পেজে পোস্ট করেন। শুধু ছবি নয়, তাসকিন ও তাঁর পরিবারের সঙ্গে কাটানো সময়ের কথাও অনুসারীদের সঙ্গে ভাগ করে নেন এই অভিনেত্রী।
শাবনূর জানান, সিডনিতে তাঁর ভাইয়ের বাসায় পরিবারসহ প্রিয় ক্রিকেটার তাসকিন আহমেদের সঙ্গে বারবিকিউ আড্ডায় দারুণ কিছু সময় কেটেছে তাঁদের। তাসকিন ও তাঁর পরিবারের সঙ্গে কাটানো সময়কে আনন্দময় উল্লেখ করে দেশের গর্ব এই ক্রিকেটারের উজ্জ্বল ভবিষ্যৎ ও আরও সাফল্য কামনা করেন তিনি।
তাসকিনও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সেই আড্ডার কয়েকটি ছবি প্রকাশ করেছেন। শাবনূর ও তাঁর পরিবারের আতিথেয়তায় মুগ্ধ এই পেসার লিখেছেন, ‘সন্ধ্যাটা ও বারবিকিউর রাতটা ছিল দারুণ সুন্দর। আমাদের এভাবে আতিথেয়তা করার জন্য শাবনূর আপু ও তাঁর পরিবারকে ধন্যবাদ।’ তাসকিনের সেই পোস্টে ভালোবাসার ইমোজি দিয়ে প্রতিক্রিয়াও জানিয়েছেন শাবনূর।
প্রথম আলোর সঙ্গে আলাপে তাসকিনকে নিয়ে নিজের মুগ্ধতার কথাও বললেন শাবনূর। দেশের ক্রিকেটাররা বিদেশের মাটিতে নিজেদের পারফরম্যান্স দিয়ে বাংলাদেশের নাম উজ্জ্বল করছেন—বিষয়টি তাঁকে গর্বিত করে।
শাবনূর বলেন, ‘আমার খুব গর্ব হয়, তাসকিনদের মতো খেলোয়াড়েরা যখন দেশের বাইরে নিজেদের খেলা দিয়ে বাংলাদেশের নাম উজ্জ্বল করে। এটা ভীষণ ভালো লাগার।’
শাবনূর ও তাসকিনের এই ঘরোয়া আড্ডা অবশ্য শেষ পর্যন্ত আর ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশের পর দুই ভিন্ন জগতের জনপ্রিয় দুই তারকাকে একসঙ্গে দেখে উচ্ছ্বাস প্রকাশ করতে থাকেন ভক্তরা। মন্তব্যের ঘরেও জমে ওঠে আলোচনা।

জেসমিন ইসলাম বৃষ্টি নামের একজন লিখেছেন, ‘এক ফ্রেমে দুই জগতের প্রিয় মানুষকে দেখে সত্যি দারুণ লাগছে।’ হৃদয় খান লিখেছেন, ‘দুই জগতের দুই সুপারস্টার।’

খাওয়াদাওয়া, গল্প আর হাসি-আনন্দে জমে ওঠা সেই আড্ডা গড়ায় ভোর চারটা পর্যন্ত

তবে তাসকিনের সঙ্গে শাবনূরের ছবি দেখে অনেকের নজর আটকে গেছে প্রিয় নায়িকার দিকেও। দীর্ঘদিন চলচ্চিত্র থেকে দূরে থাকা শাবনূরকে হাসিখুশি ও ফিট দেখে আবারও তাঁকে পর্দায় দেখার ইচ্ছা প্রকাশ করেছেন অনুরাগীদের কেউ কেউ। মোহাম্মদ হায়াতুন্নবী লিখেছেন, ‘অভিনয়ের জন্য উপযুক্ত ফিটনেস, এবার চলচ্চিত্রে ফিরে আসা উচিত।’
সিনেমা আর ক্রিকেট—দেশের জনপ্রিয় দুই অঙ্গনের দুই তারকার এই ঘরোয়া আড্ডা তাই ভক্তদের জন্য হয়ে উঠেছে বাড়তি আনন্দের উপলক্ষ। আর তাসকিনের সঙ্গে শাবনূরের ছবির সূত্র ধরে তাঁর অনুরাগীদের পুরোনো একটি চাওয়াও নতুন করে সামনে এসেছে—তাঁরা আবার পর্দায় দেখতে চান প্রিয় নায়িকাকে।