‘রকস্টার’–এ সাবিলা ও শাকিব। ভিডিও থেকে
‘রকস্টার’–এ সাবিলা ও শাকিব। ভিডিও থেকে

সত্য ও ভালো সিনেমার জয় সব সময় হবেই: ‘রকস্টার’ নির্মাতা রুশো

প্রেক্ষাগৃহে এখন চলছে আজমান রুশোর সিনেমা ‘রকস্টার’। ছবিতে জুটি হয়েছেন শাকিব খান ও সাবিলা নূর। ঈদের দিন থেকে সিনেমার প্রচারে প্রেক্ষাগৃহে এসেছিলেন সিনেমার নির্মাতা আজমান রুশো ও দুই অভিনেত্রী সাবিলা নূর ও তানজিয়া মিথিলা।
‘রকস্টার’ আজমান রুশোর প্রথম সিনেমা। মুক্তির পর সিনেমাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের মন্তব্য আসছে। প্রেক্ষাগৃহে ছবির প্রচারে গিয়ে এসব নিয়ে নিজের বিরক্তির কথা জানিয়েছিলেন নির্মাতা। তিনি বলেছিলেন, একটা ছবি কারও ভালো লাগতে পারে বা খারাপ লাগতে পারে। কিন্তু দর্শক আগে দেখে নিজেদের প্রতিক্রিয়া জানান। আগে থেকেই যেন কোনো ধারণা আরোপিত করে না দেওয়া হয়।

এ প্রসঙ্গে আজ সোমবার সকালে নির্মাতার সঙ্গে কথা বলে প্রথম আলো। সিনেমা বানানো কঠিন, নাকি মুক্তির পর এসব পরিস্থিতি সামাল দেওয়া কঠিন? এমন প্রশ্নের উত্তরে আজমান রুশো বলেন, ‘সিনেমাটি মাত্র মুক্তি পেয়েছে, এরপরই যেসব মিথ্যাচার হচ্ছে, এটা বিরক্তির।’ গত কয়েক বছরে শাকিব খানকে দেখা গেছে অ্যাকশন চরিত্রে। সেখান থেকে ‘রকস্টার’-এ তিনি হয়েছেন সংগীতশিল্পী। প্রথম সিনেমায় এমন গল্প বেছে নেওয়ার আগে কিছুটা ঝুঁকি ছিল বলেও তিনি জানান। তবে গল্পটি নিজের খুব পছন্দের হওয়ায় আর দ্বিধা করেননি।

কথায় কথায় আজমান রুশো দর্শকদের উদ্দেশে বলেন, ‘কিছু মানুষ মিথ্যাচার করছে কিন্তু সত্য ও ভালো সিনেমার জয় সব সময় হবেই।’

ছবির প্রচারের গতকাল প্রেক্ষাগৃহে যান ‘রকস্টার’ নির্মাতা আজমান রুশো, অভিনেত্রী তানজিয়া মিথিলা ও সাবিলা নূর। ভিডিও থেকে

এর আগে গতকাল রোববার দেওয়া সাক্ষাৎকারে আজমান রুশো বলেন, ‘সিনেমাটি মাত্র মুক্তি পেয়েছে, একটু সময় দিন। এটি কারও ভালো লাগবে, কারও খারাপ লাগবে, যেটা কমপ্লিটলি ফাইন। দর্শককেই সিদ্ধান্ত নিতে দিন। আমরা কারও ওপর চাপিয়ে দিই না দেখেই, কিন্তু দেখে বলুক। আপনারা হয়তো অনেক নেতিবাচক মন্তব্য দেখছেন, কিন্তু এটা কি দেখছেন প্রতিটি শো হাউসফুল যাচ্ছে। তাহলে কারা দেখছেন?’
‘রকস্টার’ দর্শকদের ভাবাবে উল্লেখ রুশো আরও বলেন, ‘এটা এখন দেখেছি ভুলে যাব, বিষয়টা তা নয়। সিনেমাটি, এর গানগুলো আপনাকে ভাবাবে। এই সিনেমা আমরা এভাবেই বানাতে চেয়েছি যেন দর্শকদের সঙ্গে দেখে যায়। আমাদের গানগুলোরও একটা দর্শনগত ব্যাপার যাচ্ছে, যা একবার শুনলে হয়তো বোঝা যাবে না। এটা তো অ্যাকশন সিনেমা না যে দেখলাম ভুলে যাবে। এটা দর্শকদের ভাবাবে। প্রথম দিন থেকে দ্বিতীয় দিন, এর থেকে তৃতীয় দিন আরও ভালো করছে। “রকস্টার”-এর প্রতিটি শো হাউসফুল যাচ্ছে।’

সিনেমায় শাকিব খানকে দেখা গেছে এক সংগীতশিল্পীর চরিত্রে। আজমান রুশোর গল্পে নির্মিত ছবিতে একজন সংগীতশিল্পীর জীবনসংগ্রাম, উত্থান-পতন ও বাস্তব অভিজ্ঞতার নানা দিক তুলে ধরা হয়েছে। আজমান রুশো জানান, নির্মাণে আসার আগে তিনি নিজেও সংগীতের সঙ্গে যুক্ত ছিলেন। নিজের জীবন ও বাস্তব জীবনের রকস্টারদের নানা অভিজ্ঞতার মিশেলে তিনি এই গল্প তৈরি করেছেন। সিনেমাটিতে শাকিবের সঙ্গে আরও আছেন সাবিলা নূর, তানজিয়া মিথিলা ও সুনিধি নায়েক।
সিনেমাটির বেশির ভাগ গানের কথা লিখেছেন ও সুর করেছেন আহমেদ হাসান সানি। গানগুলোয় কণ্ঠও দিয়েছেন তিনি। সংগীত পরিচালনায় আছেন জাহিদ নীরব। অঞ্জন চৌধুরী নিবেদিত সান মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন নুসরাত মাটি। সংলাপ লিখেছেন আয়মান আসিব ও সামিউল ভূঁইয়া। সিনেমাটির এক্সক্লুসিভ স্ট্রিমিং পার্টনার চরকি। এর সব গান মুক্তি পাচ্ছে এসভিএফ মিউজিক, চরকি, বিলিং মিউজিকের অফিশিয়াল চ্যানেলে।