দীর্ঘদিন পর চেনা রূপে পরীমনি, মাতলেন আড্ডায়

‘চরকি কার্নিভ্যাল’-এ শরীফুল রাজ ও পরীমনি
ছবি : ফেসবুক

অন্তঃসত্ত্বা হওয়ার ঘোষণা দেওয়ার কয়েক মাস পর থেকেই কোনো অনুষ্ঠানে দেখা যায়নি পরীমনিকে। অনুষ্ঠানে ঢাকাই ছবির এই নায়িকার উপস্থিতি বরাবরই ভিন্ন মাত্রা যোগ করে। পোশাক, সাজসজ্জা, প্রাণবন্ত উপস্থিতি মিলিয়ে যেন নিজের দিকে সব আলো কেড়ে নেন পরীমনি। অবশেষে বিরতির পর চেনা রূপে পরীমনিকে পাওয়া গেল শনিবার সন্ধ্যায়। এ বছরের ১৩ জুলাই আনুষ্ঠানিক যাত্রার এক বছর পূর্ণ করে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি। এই আনন্দ ভাগাভাগি করতে গতকাল শনিবার সন্ধ্যায় ‘চরকি কার্নিভ্যাল’ শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করেছে চরকি পরিবার। ঢাকার মাদানি অ্যাভিনিউর ইউনাইটেড সিটিতে সন্ধ্যায় বসেছিল এই আয়োজনের প্রথম আসর। সেখানেই চরকিতে প্রচারিত ওয়েব সিরিজ, ওয়েব ফিল্মের বিভিন্ন বিভাগের শ্রেষ্ঠদের পুরস্কৃত করা হয়। চরকি অ্যাওয়ার্ড উপলক্ষে তারকাদের মেলা বসেছিল। সেখানেই স্বামী চিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে হাজির হয়েছিলেন পরীমনি। চেনা সেই বটম গ্রিন গাউনেই অনুষ্ঠানে এসেছিলেন তিনি। প্রায় এক বছর পর কোনো অনুষ্ঠানে পাওয়া গেল তাঁকে।

শনিবার সন্ধ্যায় ‘চরকি কার্নিভ্যাল’ এ রাজ–পরী

পরীমনি জানান, চরকির পক্ষ থেকে সন্তানসহ তিনজনকেই দাওয়াত কার্ড পাঠানো হয়েছিল। এদিনের আয়োজন প্রসঙ্গে রোববার তিনি প্রথম আলোকে বলেন, ‘অনেক দিন কোনো অনুষ্ঠানে যাওয়া হয় না। চিন্তা করলাম, চরকি তো আমার পরিবারের মতো। শ্বশুরবাড়িও বলতে পারেন, বাবার বাড়ি বলতে পারেন। কারণ, আমাদের বিয়ের উকিল বাবা চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি। তাই কোনো কিছু না ভেবে চলে গেলাম অনুষ্ঠানে। তা ছাড়া অনুষ্ঠানস্থল বাসা থেকে মাত্র ৫ থেকে ৬ মিনিটের রাস্তা। বেশি দূরে হলে হয়তো বাবুকে রেখে যাওয়া হতো না।’

সন্তানের সঙ্গে পরীমনি

অনেক দিন পর তাঁকে অনুষ্ঠানে দেখতে যে অনেকে মুখিয়ে ছিলেন, সেটা ভালোই জানেন পরীমনি। তাঁর ভাষায়, ‘মা হওয়ার পর সবাই আমাকে নাদুসনুদুস মা হিসেবে দেখবে। সেটাও একটা মজার ব্যাপার। তবে যা–ই বলেন, নায়িকারা মা হওয়ার কয়েক মাসের মাথায় এভাবে এত বড় অনুষ্ঠানে সবার সামনে আসাটাও কিন্তু সাহসের ব্যাপার।’

‘চরকি কার্নিভ্যাল’ এ রাজ–পরী

পরীমনি প্রথমে ভেবেছিলেন সন্তানকেও সঙ্গে নেবেন অনুষ্ঠানে। পরে সিদ্ধান্ত পাল্টে রাজ ও তিনিই চলে আসেন। তিনি বলেন, ‘বাচ্চাকে নিয়ে তো অনেকের আগ্রহ আছে। ছবিতে দেখলেও সামনাসামনি অনেকে দেখেননি। অনুষ্ঠানে অনেক মানুষজন আসবে। ছোট বাচ্চা আগামীকাল (১০ অক্টোবর) ওর বয়স দুই মাস পূর্ণ হবে। ওখানে নিয়ে গেলে সবাই ধরতে চাইবেন, কোলে নিতে চাইবেন, আদর করতে চাইবেন। আমি তো নিষেধও করতে পারব না। সব মিলে একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়ে আর বাবুকে নিয়ে যাইনি।’

অনুষ্ঠানে ঘণ্টা দেড়েক ছিলেন পরী ও রাজ। এদিনের অনুষ্ঠান দারুণ উপভোগ করেছেন বলে জানান পরী, ‘অনেক দিন পর এমন একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম। চেনা মানুষদের সঙ্গে দেখা হয়েছে। ভালো সময় কেটেছে আড্ডা দিয়ে। অনেক দিন পর অনুষ্ঠানে আমাকে দেখে চেনা মানুষদেরও কেউ অবাক হয়েছেন। মজা করে বলেছেন, আরে এটি পরীমনি না? হ, তাই তো দেখছি, এ তো পরীমনি। আবার অনেকেই জিজ্ঞাসা করেছেন, কবে কাজে ফিরছি? এ ছাড়া বাচ্চার খবর নেওয়ার ব্যাপারটা তো ছিলই।’

রাজ ও পরীমনি

সামাজিক যোগাযোগমাধ্যম তো বটেই, চরকি কার্নিভ্যালেও অনেকেই পরীমনির কাছে জানতে চেয়েছিলেন, কাজে ফিরবেন কবে? এমন প্রশ্নে পরীমনির সাফ জবাব, ‘ফেরার একটা প্রস্তুতি থাকে, সন্তানের বয়স তো মাত্র দুই মাস। আপাতত ভাবছি না। প্রস্তুতি নিয়ে, একেবারেই উপযুক্ত হয়েই ফিরব। সেটা সময়মতো জানতে পারবেন।’