‘মাসুদ রানা’ ছবিতে অভিনয় করেছেন রাসেল রানা ও পূজা চেরী
‘মাসুদ রানা’ ছবিতে অভিনয় করেছেন রাসেল রানা ও পূজা চেরী

‘মাসুদ রানা’ বাংলাদেশের জেমস বন্ড, বললেন পরিচালক

দীর্ঘ প্রায় পাঁচ বছরের অপেক্ষা, করোনার ধাক্কা, শুটিং স্থগিত হওয়া, সামরিক স্থাপনায় চিত্রায়ণের অনুমতি পেতে জটিলতা—সব বাধা পেরিয়ে অবশেষে বড় পর্দায় আসছে জনপ্রিয় গুপ্তচর চরিত্র ‘মাসুদ রানা’। ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে আলোচিত এই চলচ্চিত্র। মুক্তির আগে ছবিটি নিয়ে আত্মবিশ্বাসী প্রযোজক আবদুল আজিজ। তাঁর ভাষায়, ‘এবারের ঈদের সেরা সিনেমা হচ্ছে “মাসুদ রানা”।’

‘মাসুদ রানা’ ছবিতে অভিনয় করেছেন রাসেল রানা ও পূজা চেরী

মুক্তির আগে গতকাল রোববার চ্যানেল আইয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ছবিটির নির্মাণ ও মুক্তি–পরবর্তী প্রত্যাশা নিয়ে কথা বলেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। সেখানে আবদুল আজিজ বলেন, ‘মাসুদ রানা’র গল্প ও নির্মাণব্যয় এত বড় পরিসরের যে এককভাবে প্রযোজনা করা কঠিন ছিল। সে কারণেই জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যুক্ত হয়েছে ইমপ্রেস টেলিফিল্ম। তাঁর মতে, দীর্ঘ প্রতীক্ষার পর ছবিটি এখন দর্শকের সামনে আসার জন্য পুরোপুরি প্রস্তুত।

‘মাসুদ রানা’ সিনেমার পোস্টার

আবদুল আজিজ বলেন, ‘এই গল্পের বাজেট এত বেশি যে একা সামলানো কঠিন। কয়েক বছর ধরে অপেক্ষার পর অবশেষে ছবিটি মুক্তি পাচ্ছে। এরই মধ্যে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে। সেখান থেকে প্রশংসাও এসেছে। তাই আমি বিশ্বাস করি, এবারের ঈদের সেরা সিনেমা “মাসুদ রানা”।’

‘মাসুদ রানা’ চলচ্চিত্রের যাত্রা শুরু হয় কয়েক বছর আগে। ২০২১ সালে মুক্তির পরিকল্পনা থাকলেও কোভিড, লকডাউন ছাড়াও বিভিন্ন কারিগরি ও প্রশাসনিক জটিলতায় কাজ বারবার পিছিয়ে যায়।

মাসুদ রানা চলচ্চিত্রের প্রধান অভিনয়শিল্পী রাসেল রানা

প্রথম আলোর সঙ্গে আলাপে নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, ছবিটির বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনায় শুটিংয়ের পরিকল্পনা ছিল। অনুমতির কারণে সেই শুটিং পিছিয়েছে কয়েক দফা। ফলে পুরো নির্মাণপ্রক্রিয়ায় সময় লেগে যায়।

‘মাসুদ রানা’ সিনেমার সংবাদ সম্মেলনে প্রযোজনা প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তাদের সঙ্গে অভিনয়শিল্পীরা

ছবিতে মাসুদ রানা হয়েছেন রাসেল রানা, সংবাদ সম্মেলনে সেই সময়ের কথা মনে করলেন তিনি। বললেন, ‘বইয়ের পাতায় “মাসুদ রানা”র জীবনে যেমন পদে পদে মৃত্যুর হাতছানি থাকে, এই সিনেমার ক্ষেত্রেও আমার কাছে ছিল পদে পদে থেমে যাওয়ার আশঙ্কা। কখনো করোনা, কখনো অনুমতির বিষয়—অনেক বাধা এসেছে। দীর্ঘ সময় ধরে নিজেকে এই চরিত্রের জন্য প্রস্তুত রাখতে হয়েছে। অবশেষে ছবিটি মুক্তি পাচ্ছে, এখন দর্শকের প্রতিক্রিয়ার অপেক্ষা।’

রাসেল রানা মূলত চ্যানেল আইয়ের জনপ্রিয় রিয়েলিটি শো ‘কে হবেন মাসুদ রানা’–এর বিজয়ী হিসেবে এই চরিত্রে অভিনয়ের সুযোগ পান। দীর্ঘ সময় ধরে শারীরিক ফিটনেস, অ্যাকশন ট্রেনিং এবং চরিত্রের মানসিক প্রস্তুতির মধ্য দিয়ে যেতে হয়েছে তাঁকে।

নির্মাতা সূত্রে জানা যায়, আন্তর্জাতিক মানের স্পাই থ্রিলারের আবহ তৈরি করতে অ্যাকশন দৃশ্য, অস্ত্র ব্যবহার, গাড়ির ধাওয়া ও বিস্ফোরণের মতো বেশ কিছু দৃশ্যের জন্য আলাদা প্রস্তুতি নেওয়া হয়েছে।

‘মাসুদ রানা’‘ সিনেমায় অভিনয় করেছেন পূজা চেরী

সংবাদ সম্মেলনে চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, ‘আমরা সত্তরের দশকে জেমস বন্ড আর মাসুদ রানা সমান আগ্রহ নিয়ে পড়তাম। নব্বইয়ের দশকের তরুণেরাও কাজী আনোয়ার হোসেনের বই পড়ে বড় হয়েছে। সেই জনপ্রিয় চরিত্রকে এবার বড় পর্দায় দেখা যাবে। স্বাভাবিকভাবেই দর্শকের প্রত্যাশা অনেক বেশি।’

এরই মধ্যে প্রকাশিত ট্রেলার নিয়ে সামাজিকমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে কিছু দৃশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে। এ বিষয়ে আবদুল আজিজ স্পষ্ট করে বলেন, ‘মাসুদ রানা চরিত্রে কোথাও এআই ব্যবহার করা হয়নি। রাসেল রানা নিজেই সব দৃশ্যে অভিনয় করেছেন। তবে কিছু ভিজ্যুয়াল ইফেক্টে এআই প্রযুক্তির সহায়তা নেওয়া হয়েছে। ভিএফএক্সের সঙ্গে এআইয়ের সমন্বয় আছে, কিন্তু কোনো চরিত্র এআই দিয়ে তৈরি করা হয়নি।’

‘মাসুদ রানা’ সিনেমার পরিচালক সৈকত নাসির

ছবির পরিচালক সৈকত নাসির মনে করেন, ‘মাসুদ রানা’ বাংলাদেশের জেমস বন্ড। সেই ভাবনা থেকেই প্রযুক্তিগত মান ও উপস্থাপনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘বাংলাদেশের দর্শক যখন বড় পর্দায় আন্তর্জাতিক মানের স্পাই চরিত্র দেখতে চাইবেন, তখন প্রযুক্তিগতভাবে আমাদেরও প্রস্তুত থাকতে হবে। সেই চেষ্টা আমরা করেছি।’

ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় ‘মাসুদ রানা’ সিনেমায় রাসেল রানার বিপরীতে ‘সোহানা’ চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরী।