শহীদুজ্জামান সেলিম, চঞ্চল চৌধুরী ও ইন্তেখাব দিনার
শহীদুজ্জামান সেলিম, চঞ্চল চৌধুরী ও ইন্তেখাব দিনার

‘খলনায়ক’–এ সেলিম, চঞ্চল ও দিনার

টেলিভিশন নাটকের মধ্য দিয়ে পরিচিতি পেয়েছেন শহীদুজ্জামান সেলিম, চঞ্চল চৌধুরী ও ইন্তেখাব দিনার। তিনজনেরই রয়েছে মঞ্চের অভিজ্ঞতা। পরে নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও নিজেদের জায়গা করে নিয়েছেন তাঁরা। আলাদাভাবে বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করলেও এবারই প্রথম একই সিনেমায় দেখা যাবে এই তিন অভিনয়শিল্পীকে। ছবিটির নাম ‘খলনায়ক’। এরই মধ্যে কলকাতায় ছবিটির প্রথম কিস্তির শুটিং শেষ হয়েছে।

শহীদুজ্জামান সেলিম

‘খলনায়ক' বানাচ্ছেন ছোটপর্দার পরিচিত নির্মাতা ভিকি জাহেদ। নাটক ও ওটিটিতে কাজ করে নিজের আলাদা একটা স্টাইল তৈরি করেছেন তিনি। এই নির্মাতার এটি প্রথম চলচ্চিত্র। তবে সিনেমাটি নিয়ে শুরু থেকেই বেশ গোপনীয়তা বজায় রাখছেন তিনি। এমন কী ছবির কাজ শুরু হওয়ার আগে যেমন কিছু বলতে চাননি, শুটিং চলার সময়ও সিনেমাটি নিয়ে কথা বলতে রাজি হননি। এমনকি তিনি যে চলচ্চিত্র নির্মাণ করছেন, সেটিও সরাসরি স্বীকার করেননি।

চঞ্চল চৌধুরী

পরিচালকের এই নীরবতার মধ্যেই কলকাতায় ‘খলনায়ক’-এর প্রথম কিস্তির শুটিং শেষ হয়েছে বলে নিশ্চিত করেছেন ছবিসংশ্লিষ্ট একাধিক সূত্র। ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন আফরান নিশো ও তমা মির্জা। এটি এই দুই তারকার তৃতীয় চলচ্চিত্র। প্রথম লটের শুটিংয়ে তাঁরাও অংশ নিয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

‘খলনায়ক’-এ কাজ করা শিল্পীদের কয়েকজন জানিয়েছেন, আনন্দ নিয়েই তাঁরা শুটিং করেছেন। গতকাল শনিবার সকালে সিনেমাটি নিয়ে কথা হয় শহীদুজ্জামান সেলিমের সঙ্গে। তিনি জানান, ছবিতে তাঁকে দেখা যাবে শেয়ারবাজারের একজন বড় ব্যবসায়ীর চরিত্রে। একই ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করছেন ইন্তেখাব দিনারও। তবে তাঁদের চরিত্রের বিস্তারিত বা পর্দায় সম্পর্ক নিয়ে কিছুই বলতে চাননি সেলিম।

ইন্তেখাব দিনার

ছবিতে সেলিমের কাজের অভিজ্ঞতা বেশ ভালো। ভিকি জাহেদের সঙ্গে এটিই তাঁর প্রথম কাজ।

সেলিম বলেন, ‘ভিকির সঙ্গে এটা প্রথম কাজ। তবে কাজ করতে গিয়ে মনে হয়েছে, টেকনিক্যালি সে অনেক সমৃদ্ধ। পর্দায় চরিত্রের উপস্থাপনের ব্যাপারেও ভীষণ সিরিয়াস। একটা দারুণ কাজ হতে যাচ্ছে।’

শহীদুজ্জামান সেলিম ও ইন্তেখাব দিনারের সঙ্গে একই সিনেমায় থাকছেন চঞ্চল চৌধুরীও। তবে তাঁর চরিত্র নিয়ে এখনই কিছু জানা যাচ্ছে না। সিনেমাটির গল্প ও চরিত্রের বিষয়ে নির্মাতা ও অভিনয়শিল্পীরা চুপচাপ থাকায় কৌতূহলও তৈরি হয়েছে। ছবিটি কবে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

ভিকি জাহেদ

ভিকি জাহেদ এর আগে ‘পুনর্জন্ম’সহ একাধিক ওয়েব কনটেন্ট বানিয়ে আলোচনায় এসেছেন। ‘খলনায়ক’ নামে অবশ্য এর আগেও ঢালিউডে সিনেমা হয়েছে। ১৯৯৬ সালে মুক্তি পাওয়া সেই ছবির পরিচালক ছিলেন মনতাজুর রহমান আকবর, অভিনয় করেছিলেন মান্না।