
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্যের শিকার হলেন চলচ্চিত্র তারকা শাকিব খানও। তিনি দুটি রাজনৈতিক দলের পক্ষে প্রচারে অংশ নিয়েছেন বলে দুটি ভিডিও ছড়িয়ে পড়লেও যাচাইয়ে দেখা গেছে, ভিডিও দুটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি।
একটি ভিডিওতে দাবি করা হয়, শাকিব খান বিএনপির নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন। এর শিরোনাম—‘নির্বাচন প্রচারণায় শাকিব খান’। ভিডিওতে শাকিব খানের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে দেখা যায়।
ভিডিওটি দেখার পর অনুসন্ধান চালিয়ে কোনো সংবাদমাধ্যমে এমন কোনো খবর পাওয়া যায়নি। নির্ভরযোগ্য কোনো সূত্রেও বিএনপির নির্বাচনী প্রচারণায় শাকিব খানের অংশ নেওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।
ভিডিওটি পর্যবেক্ষণে মুখাবয়বের গঠন, ঠোঁটের নড়াচড়া, আলোর প্রতিফলন ও পারিপার্শ্বিক পরিবেশে একাধিক অস্বাভাবিকতা দেখা যায়, যা সাধারণত এআই দিয়ে তৈরি কনটেন্টে দেখা যায়।
আরও নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তা–নির্ভর কনটেন্ট শনাক্তকারী টুল ‘হাইভ মডারেশন’-এ বিশ্লেষণ করা হলে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ।
আরেকটি ভিডিওতে দাবি করা হয়, শাকিব খান জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন। এই ভিডিওতে জামায়াতের আমির শফিকুর রহমানের সঙ্গে শাকিব খানেক দেখা যায়। যদিও শাকিব খানের জামায়াতের প্রচারণায় অংশ নেওয়ার কোনো খবর কোনো সংবাদমাধ্যমে পাওয়া যায়নি।
এই ভিডিও পর্যবেক্ষণেও মুখাবয়ব ও পরিবেশগত অসামঞ্জস্য লক্ষ করা যায়। ‘হাইভ মডারেশন’ টুলে বিশ্লেষণ করলে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ।
এ ছাড়া ‘জামায়াতে ইসলামীর প্রচারণায় শাকিব খান’ শিরোনামের একটি ফটোকার্ড ছড়িয়েছে ফেসবুকে। ফটোকার্ডে ‘দ্য ডেইলি ইনকিলাব’–এর লোগো ব্যবহার করা হয়। অনুসন্ধানে ৯ ফেব্রুয়ারি ইনকিলাবের ফেসবুক পেজ ‘দ্য ডেইলি ইনকিলাবে’ ‘জামায়াতে ইসলামীর প্রচারণায় শাকিব খান, রহস্য কী’ শিরোনামের একটি ভিন্ন ফটোকার্ড পাওয়া যায়।
পর্যালোচনা করে দুটি ফটোকার্ডের নকশায় সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। তবে এই ইনকিলাবের পেজে ‘জামায়াতে ইসলামীর প্রচারণায় শাকিব খান, রহস্য কী’ শীর্ষক বাক্য রয়েছে, আর এর কমেন্টে থাকা লিংকে যে সংবাদটি রয়েছে, তাতে বলা হয়েছে, শাকিব খানের ভিডিওটি এআই দিয়ে তৈরি। অন্যদিকে অন্য ফটোকার্ডটিতে সিদ্ধান্ত সূচক বক্তব্য দিয়ে লেখা হয়েছে—‘জামায়াতে ইসলামীর প্রচারণায় শাকিব খান’। বিশ্লেষণে নিশ্চিত হওয়া যায়, ‘দ্য ডেইলি ইনকিলাব’–এর নামে ছড়ানো ফটোকার্ডটি সম্পাদিত।