প্রযোজক, পরিচালক ও পরিবেশক আজিজুর রহমান বুলি মারা গেছেন। ঢাকার উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার দিবাগত রাত ৩টা ২০ মিনিটে তাঁর মৃত্যু হয় বলে জানান বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান। আজিজুর রহমান বুলির বয়স হয়েছিল ৭৫ বছর।
সোহানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘একজন গুণী মানুষকে হারালাম আমরা। তাঁর মৃত্যুতে ইন্ডাস্ট্রির অপূরণীয় ক্ষতি হলো। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই।’
কয়েক দশকের ক্যারিয়ারে ৫০টির মতো সিনেমা পরিচালনা ও প্রযোজনা করেছেন বুলি। ১৯৭১ সালে ‘নাচের পুতুল’ সিনেমার মধ্য দিয়ে প্রযোজনায় আসেন আজিজুর রহমান বুলি। নির্মাতা অশোক ঘোষের পরিচালনায় এ সিনেমায় অভিনয় করেন রাজ্জাক, শবনমসহ বেশ কয়েকজন তারকা শিল্পী।
আশির দশকে ‘শেষ উত্তর’ সিনেমা দিয়ে পরিচালনায় নাম লেখান তিনি। এ সিনেমায় অভিনয় করেন বুলবুল, শাবানা ও ইলিয়াস কাঞ্চন। পরিচালিত ছবিগুলোর মধ্যে রয়েছে—‘লাভ ইন সিঙ্গাপুর’, ‘নেপালি মেয়ে’, ‘দেশ বিদেশ’।
আজিজুর রহমান বুলির সিনেমায় রাজ্জাক, শাবানা, ইলিয়াস কাঞ্চন ছাড়াও সোহেল রানা, জসীম, নূতন, ববিতা, অলিভিয়া, অঞ্জনা, সুচরিতার মতো তারকারা অভিনয় করেছেন। দেশের বাইরের শিল্পীদের মধ্যে শতাব্দী রায়, রঞ্জিত মল্লিকসহ আরও অনেকে কাজ করেছেন তাঁর সিনেমায়। তাঁর বেশ কয়েকটি সিনেমা দেশের বাইরে চিত্রায়িত হয়েছে।
তিনি বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক–পরিবেশক সমিতির আহ্বায়কের দায়িত্বপালন করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি চিত্রনায়ক মাহমুদ কলির বড় ভাই। তারুণ্যে চিত্রনায়িকা অঞ্জনার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। বিয়ের কয়েক বছরের মাথায় বিচ্ছেদ ঘটে তাঁদের। তারপর আর বিয়ে করেননি বুলি। তাঁর জন্ম ঢাকায়, ১৯৪৭ সালের ১ জুলাই।