যেভাবে অভিনেত্রীর জন্মদিন রাঙিয়ে দিল বিশেষ একটি ফোনকল

শুটিংয়ের ফাঁকে মৌসুমী হামিদ
ছবি: ফেসবুক

জন্মদিনের এ যেন সেরা উপহার। ১২ অক্টোবর এই অভিনেত্রীর জন্মদিনে একের পর এক কেক কাটা চলছে। ভক্ত, সহকর্মীদের শুভকামনার মধ্যে দিনটা আরও বেশি রাঙিয়ে তোলে একটি বিশেষ একটি ফোনকল। যেখানে সবাই ফোন দিয়ে বলছেন, ‘শুভ জন্মদিন।’ সেখানে বিশেষ ফোনটি দিয়ে ওপাশ থেকে একজন বলেন, ‘আপনাকে একটি সিনেমার চিত্রনাট্য পাঠিয়েছি, দেখেন আপনার পছন্দ হয় কি না?’ শর্ত আজই জানাতে হবে। চিত্রনাট্য পড়ে জন্মদিনে অবাক হয়েছিলেন এই অভিনেত্রী।

মৌসুমী হামিদের চরিত্রের নাম সুজলা

চিত্রনাট্য পড়ে ‘হ্যাঁ’ বলতে হয় মৌসুমী হামিদকে। এভাবেই এই অভিনেত্রী নাম লিখিয়েছেন ‘নয়া মানুষ’ সিনেমায়। চরিত্রের নাম সুজলা। চর অঞ্চলের মানুষের গল্প নিয়েই সিনেমাটি। মৌসুমী বলেন, ‘এই গল্পগুলোতে যে আমাকে ভাবা হয়, সেই জন্য আমি কৃতজ্ঞ। তবে সব ধরনের চরিত্রেই অভিনয় করতে চাই। মজার ব্যাপার হচ্ছে হঠাৎ জন্মদিনে চিত্রনাট্য পেয়েছিলাম। সেটা পড়ার সঙ্গে সঙ্গে মনে হচ্ছিল সুজলা চরিত্রটি আমাকে করতে হবে। একটা ঘোরে মধ্যে ছিলাম। শুধু মনে হচ্ছিল এই গল্প আমাকে করতেই হবে। একই সঙ্গে চিত্রনাট্য পেয়ে জন্মদিনে আমি কিছুটা অবাক হয়েছিলাম। চিত্রনাট্য পড়েই “হ্যাঁ” বলে দিয়েছি।’

মৌসুমী হামিদ ও ‘নয়া মানুষ’ সিনেমার পরিচালক সোহেল রানা বয়াতি

সেদিনই চুক্তিবদ্ধ হন মৌসুমী হামিদ। তাড়াহুড়া করে সিনেমার শুটিংও শুরু হয়। সেভাবে প্রস্তুতিও নিতে পারেননি বলে জানান এই অভিনেত্রী, ‘পুরোপুরি সুজলা হতে নির্ভর করতে হচ্ছে পরিচালকের ওপর। এই সিনেমার প্রস্তাব আমার কাছে হুট করে আসে। যে কারণে প্রস্তুতি নেওয়ার জন্য খুব বেশি সময় পাইনি। আমি সাধারণ সিনেমার শুটিংয়ের আগে বেশ কিছুদিন সময় নিই। চরিত্রটা নিজের মধ্যে লালনপালন করি। তারপর শুটিংয়ে যাই। কিন্তু এবার সেটা হওয়ার সুযোগ হচ্ছে না। এবার পরিচালকই আমার ভরসা।’

নতুন ছবিতে মৌসুমী হামিদ

‘নয়া মানুষ’ সিনেমাটি পরিচালনা করেছেন সোহেল রানা বয়াতি। তিনি বলেন, ‘নদীর যেমন এক কূল ভেঙে অন্য কূল গড়ে, তেমনি ভাসতে ভাসতে মানুষও এক চর থেকে আরেক চরে চলে যায়। নতুন মানুষ চরে এলে কী রকম সংকট বা সমস্যার সৃষ্টি হয়, সেটা নিয়েই গল্প।’ তিনি জানালেন, এর মধ্যেই প্রেম, প্রকৃতি, ভালোবাসা ও জীবনের নানা ঘাতপ্রতিঘাত দেখানো হয়েছে। আ মা ম হাসানুজ্জামানের ‘বেদনার বালুচর’ গল্প অবলম্বনে সিনেমাটির চিত্রনাট্য করেছেন মাসুম রেজা। চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন রওনক হাসান, আশীষ খন্দকার, বদরুদ্দোজা, সরণ সাহা, নিলুফার ওয়াহিদ প্রমুখ।