
আবার শুরু হলো সরকারি অনুদান পাওয়া সিনেমা ‘জামদানি’র শুটিং। জামদানির সঙ্গে যুক্ত মানুষের গল্প নিয়ে ছবিটি। সিনেমাটির শুটিং শুরু হয়েছিল নারায়ণগঞ্জের একটি জামদানিপল্লিতে। প্রথম লট শেষে আবারও শুরু হয়েছে ছবির শুটিং। তবে এবার নারয়াণগঞ্জে নয়, গাজীপুরে। নারায়ণগঞ্জের জামদানিপল্লি গাজীপুরে স্থানান্তরিত হয়নি, হোতাপাড়ার খতিব খামারবাড়ি শুটিং হাউসে সেট ফেলে তৈরি করা হয়েছে জামদানিপল্লি।
‘জামদানি’ সিনেমাটির পরিচালক অনিরুদ্ধ রাসেল। শুটিং ইউনিট থেকে তিনি বলেন, ‘শুটিং লোকেশন দেখে বোঝার উপায় নেই এটা সেট তৈরি করে বানানো। আমরা নারায়ণগঞ্জ থেকে তাঁত, তাঁতশ্রমিকসহ জামদানি তৈরির সব উপকরণ নিয়েই লোকেশন বানিয়েছি। শুটিংয়ের প্রয়োজনে চারটি ঘর, তার পাশে একাধিক তাঁতঘর বানাতে হয়েছে। নারায়ণগঞ্জের তাঁতপল্লির পরিবেশটা তৈরি করেছি।’ কেন হঠাৎ করেই লোকেশন বদল করতে হলো, এমন প্রশ্নে এই পরিচালক বলেন, ‘প্রথম দিকে জামদানিপল্লিতে শুটিং ভালোই চলছিল কিন্তু সেখানে তাঁতঘরে জায়গা খুবই কম। আমাদের চলাচল করার মতো জায়গা থাকলেও সেখানে ক্যামেরা বসিয়ে শুটিং করা কঠিন ছিল। শুটিংয়ের প্রয়োজনে আমাদের ক্যামেরার মুভ করতে হয়। তা ছাড়া সেখানে অনেক লোকসমাগম হয়। কাজে ছাড় না দিতেই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।’
গতকাল শনিবার থেকে শুরু হয়েছে ছবিটির দ্বিতীয় লটের শুটিং। চলবে আগামী শুক্রবার পর্যন্ত। জামদানিপল্লির প্রান্তিক তাঁতির চরিত্রে অভিনয় করছেন ফজলুর রহমান বাবু। তাঁকে দেখা যাবে শোষণের শিকার তাঁতির চরিত্রে। তিনি বলেন, ‘আগে সিনেমাটির কিছু দৃশ্যে নারায়ণগঞ্জে শুটিং করেছি। কিন্তু আমাদের আয়োজনটি অনেক বড় পরিসরের। রিয়েল লোকেশনের মতো করেই এখানে শুটিং সেট বানানো হয়েছে। প্রথম দিকে মনে হয়েছিল সেটে কোনো ছাড় দিয়ে কাজ করতে হবে কি না। পরে আয়োজন দেখে ভালো লাগছে। আমাদের শুটিংও ভালো হচ্ছে।’
সিনেমাটিতে দেশের ঐতিহ্যবাহী জামদানিশিল্পকে তুলে ধরা হবে বলে জানালেন অনিরুদ্ধ রাসেল। জানালেন, সিনেমাটির বিষয়বস্তু নিয়ে তিন বছর গবেষণা করেছেন তাঁরা। এই সময়ে খুব কাছ থেকে তাঁরা জামদানির সঙ্গে যুক্ত মানুষের জীবনযাপন দেখেছেন। গত বছর অক্টোবরে সিনেমাটির শুটিং শুরু হয়। দ্বিতীয় লটের শুটিং শেষ করে বিরতি দিয়ে শুরু হবে শেষ লটের শুটিং। ‘জামদানি’তে আছেন রোশান, শিবা আলী খান, শহীদুজ্জামান সেলিম, আলী রাজ, শিল্পী সরকার, চিত্রলেখা গুহ প্রমুখ।