অভিনেতা সজল
অভিনেতা সজল

বিজয়ের মাসে আসছে সজলের ‘সুবর্ণভূমি’

আবু সাইয়ীদের ‘সংযোগ’ ও হৃদি হকের পরিচালনায় ‘১৯৭১ সেই সব দিন’ ছবি দুটির শুটিং পাশাপাশি সময়ে শুরু করলেও এ দুটির পরে শুটিং করে ‘সুবর্ণভূমি’ চলচ্চিত্রের কারণে আবার খবরের শিরোনাম এলেন সজল। প্রথম দুটি চলচ্চিত্র মুক্তির দিনক্ষণ এখনো জানা না গেলেও তৃতীয় ছবিটি মুক্তির দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। ‘সুবর্ণভূমি’ ছবির পরিচালক জানিয়েছেন, আগামী ডিসেম্বরে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চান তিনি। সজলও জানালেন, বিজয়ের মাসে ছবিটি মুক্তির সিদ্ধান্ত মোটামুটি চূড়ান্ত।
নতুন ছবি মুক্তির খবরে সজলও আনন্দিত। মাস তিনেক আগে এই ছবির শুটিং শুরু করেছিলেন সজল। ‘সুবর্ণভূমি’ চলচ্চিত্রে সজল অভিনয় করছেন একজন মুক্তিযোদ্ধার চরিত্রে। নাটক, টেলিছবি ও ওয়েব সিরিজে নিয়মিত তিনি। কালেভদ্রে বিজ্ঞাপনেও দেখা যায়। দুই দশকের বেশি অভিনয়জীবনে সজল হাতে গোনা কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ও করেছেন।

সজল বললেন, ‘মুক্তিযুদ্ধের গল্প বরাবরই আমাকে টানে। নাটক আর টেলিছবিতে এমন গল্পের প্রস্তাব পাওয়ার পর লুফে নিই। নিজেকে ভিন্নভাবে দেখা যায়। চলচ্চিত্রের এই গল্প যখন শোনানো হয়, মুগ্ধ হয়ে শুনি। চরিত্রটিও এমনভাবে বর্ণনা করা হচ্ছিল, মনে মনে আমিও চিন্তা করছিলাম, এ ধরনের একটি গল্পে নিজেকে দেখার। একধরনের চ্যালেঞ্জও আছে। এই চলচ্চিত্রে আছে প্রেমের ব্যাপারও। এর বেশি গল্পটি নিয়ে আর কিছু বলতে চাইছি না। শুটিং করেও আমি মুগ্ধ।’

সজল। ছবি: ফেসবুক

‘সুবর্ণভূমি’ চলচ্চিত্রে সজলের বিপরীতে অভিনয় করছেন স্নিগ্ধা। সজল বললেন, ‘নাটক বা টেলিছবিতে হয়তো সব সময় গল্প বাছাই ঠিকমতো করা যায় না। তারপরও চেষ্টা থাকে। তবে এটা যেহেতু পেশা, তাই অনেক ক্ষেত্রে অনুরোধ উপেক্ষা করা সম্ভব হয়নি। কিন্তু চলচ্চিত্রে অভিনয়ে কোনো আপস করি না। যতক্ষণ গল্প ও চরিত্র পছন্দ হয় না, ইয়েস বলি না। গল্পটি করার পেছনে ভালো লাগাটাই বড় কারণ।’

এই ছবিতে অভিনয় প্রসঙ্গে সজল এ-ও বলেন, ‘৯ মাস যুদ্ধ, কত রক্তের বিনিময়ে, কত শহীদের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা। তাই কোনো কাজের মাধ্যমে যদি মুক্তিযুদ্ধকে, মুক্তিযোদ্ধাদের সম্মান-শ্রদ্ধা-সালাম-ভালোবাসা জানানো যায়, সেই সুযোগ আমি কখনোই হাতছাড়া করতে চাই না। জাহিদ হোসেন ভাই ভীষণ গুণী একজন নির্মাতা। ভীষণ রকম যত্ন নিয়ে তিনি ছবিটি তৈরি করেছেন।’

সজল। ছবি: ফেসবুক

‘সুবর্ণভূমি’ ছবির নির্মাতা জাহিদ হোসেন ‘মাতৃত্ব’ শিরোনামের একটি চলচ্চিত্র পরিচালনার করে বিনোদন অঙ্গনে পরিচিত। একই পরিচালকেরই কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যে এই ছবিতে সজল, স্নিগ্ধা ছাড়াও অভিনয় করছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, ওমর সানী, শাওন আশরাফ প্রমুখ।