
এবার লং ড্রাইভে গাড়ির ভেতর খোলামেলা আড্ডায় মেতে উঠবেন তারকারা। এ আড্ডায় উঠে আসবে তারকাদের দীর্ঘ সাফল্যের পেছনের গল্প, তাঁদের প্রথম গাড়ি কেনার অনুভূতি, বর্তমান গাড়ির অভিজ্ঞতা ও ব্যক্তিজীবনের নানা ঘটনা। এভাবেই সাজানো হয়েছে তারকাদের আড্ডা ঘিরে অনুষ্ঠান ‘লং ড্রাইভ’।
এ আয়োজনের সঞ্চালনায় থাকবেন মডেল ও অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। অতিথি হিসেবে দেখা যাবে ইরফান সাজ্জাদ, বিদ্যা সিনহা মিম, তানজিন তিশা, কেয়া পায়েলসহ দেশের জনপ্রিয় তারকাদের। অনুষ্ঠানটির কনসেপ্ট ও পরিচালনায় রয়েছেন সঞ্জয় সমদ্দার।
পরিচালক সঞ্জয় সমদ্দার জানান, ‘লং ড্রাইভ’ কেবল একটি সাধারণ সেলিব্রিটি টক শো নয়; এটি তারকাদের জীবনের এক অন্য রকম জার্নির গল্প। তিনি বলেন, ‘এখানে মজার সব ঘটনা যেমন স্থান পাবে, তেমনি প্রত্যেক তারকার সফলতার পেছনে নানা সংগ্রামের গল্প রয়েছে। সেগুলো উঠে আসবে। যদি তারকার প্রথম গাড়ি কেনার কথাই বলা যায়, এর পেছনে সবার সংগ্রামের গল্পটি আলাদা। ভিন্নভাবে আমরা ঘটনা ও গল্পগুলো সাজানোর চেষ্টা করেছি। যেন কার–কাস্ট শোটি দর্শকেরা উপভোগ করতে পারেন।’
এই প্রযোজক জানান, খুব শিগগির ‘লং ড্রাইভ’ অফিশিয়ালি অন এয়ার হবে ‘কনটেন্ট স্পেস’–এর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। এ ছাড়া দর্শকেরা এই শো উপভোগ করতে পারবেন স্ট্রিমিং পার্টনার ‘দোয়েল ওটিটি’তে। এটি প্রযোজনা করেছে আইডিয়া স্পেস।