ঢাকাই ছবির নায়ক আরিফিন শুভ মা–অন্তঃপ্রাণ। প্রয়াত মা খাইরুন নেছাকে প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দেন। সেই সব পোস্টে উঠে আসে মাকে নিয়ে নানা স্মৃতি, মাকে হারিয়ে ফেলার আকুতি। এবারের ঈদে মুক্তি পেয়েছেন সাইফ চন্দন পরিচালিত, শুভ অভিনীত সিনেমা ‘মালিক’। সিনেমাটির প্রচারে গতকাল হলে গিয়েছিলেন ছবির দুই তারকা শুভ ও বিদ্যা সিনহা মিম। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নানা বিষয়ে কথা বলেন শুভ। কথায় কথায় তিনি জানান, মায়ের শাড়ি থেকে তৈরি পাঞ্জাবি পরে এসেছেন তিনি।
শুভ বলেন, ‘আপনারা জানেন বোধহয়, আমি মার জন্য পাগল। এই মুহূর্তে আমি যে পাঞ্জাবি পরে আছি, এটাও কিন্তু আমার মায়ের শাড়ি দিয়ে বানানো। কারণ, আমি ঈদের সময় উনার সমস্ত শাড়ি দিয়ে পাঞ্জাবি বানিয়েছি; একেকবার একেকটা পরি। আর কোনো কিছুই পরি না ঈদে আমি।’ এ সময় তিনি আরও বলেন, তিনি যেহেতু মা–অন্তঃপ্রাণ, সেটা ভেবেই ‘মালিক’ সিনেমায় পরিচালক সেই ব্যাপারটি রেখেছেন।
এ সময় শুভ আরও বলেন, ‘আমার যতটা অভিজ্ঞতা হয়েছে, বুঝেছি তাতে অনেক আশা করেছি, কিন্তু সেই ছবি হয়তো ততটা দর্শকনন্দিত হয়নি। আবার অনেক টেনশন করেছি, কিন্তু ওই ছবি দর্শকনন্দিত হয়েছে। সিনেমা বিষয় আসলে অনিশ্চিত, এটা বলা যায় না। এটাই সিনেমার সৌন্দর্য।’
আরিফিন শুভ ও মিমকে সর্বশেষ দেখা গেছিল ‘সাপলুডু’ ছবিতে। এরপর তাঁরা দুজন নিজেদের মতো ছবির কাজে ব্যস্ত ছিলেন। বিরতির পর তাঁদের ফিরলেন ‘মালিক’ ছবির মাধ্যমে।
সিনেমার ট্রেলারে মিম ও শুভ দুজনকেই দেখা গেছে অ্যাকশনের মেজাজে।