‘দম’ সিনেমার পোস্টার। চরকির সৌজন্যে
‘দম’ সিনেমার পোস্টার। চরকির সৌজন্যে

অস্ট্রেলিয়ার পর এবার যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘দম’

দেশের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে রেদওয়ান রনি পরিচালিত ‘দম’। ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিটি এরই মধ্যে অস্ট্রেলিয়াতেও মুক্তি দেওয়া হয়েছে। আজ শনিবার জানা গেল, ছবিটি এবার যুক্তরাষ্ট্রেও মুক্তি পেতে যাচ্ছে। আগামী ১০ এপ্রিল থেকে ছবিটি নিউইয়র্ক এবং লস অ্যাঞ্জেলেসে ছবিটি মুক্তি পাবে। এরপর ১৭ এপ্রিল যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পাবে। খবরটি নিশ্চিত করেছেন ছবিটির প্রযোজক শাহরিয়ার শাকিল এবং আন্তর্জাতিক পরিবেশনা সংস্থা বায়োস্কোপ ফিল্মসের রাজ হামিদ।

ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই দর্শক পছন্দে আছে আফরান নিশো, পূজা চেরী ও চঞ্চল চৌধুরী অভিনীত সিনেমা ‘দম’। ছবিটির প্রায় প্রতিটি শো হাউসফুল যাচ্ছে। দেশের প্রেক্ষাগৃহে দর্শকের চাহিদায় থাকাতেই ছবিটি দেশের বাইরেও একের পর এক হলে মুক্তি পাচ্ছে।

এক বিবৃতিতে প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, আগামী শুক্রবার, ১০ এপ্রিল নিউইয়র্ক এবং লস অ্যাঞ্জেলেসে প্রিমিয়ারসহ মুক্তি পাবে ‘দম’। এই দুটি শহরে পুরো সপ্তাহ চলার পর ১৭ এপ্রিল যুক্তরাষ্ট্র এবং কানাডাজুড়ে মুক্তি পাবে ছবিটি। রাজ হামিদ বলেন, ‘উত্তর আমেরিকার বাংলা সিনেমার দর্শকেরা বাংলা চলচ্চিত্রকে নতুন প্রাণ দিয়েছে। এটি হবে আমাদের ৫৩তম পরিবেশনা। আপনাদের ভালোবাসায় এত দূর আসা।’

‘দম’–এর ফার্স্ট লুকে আফরান নিশো। চরকির সৌজন্যে

নির্মাতা রেদওয়ান রনি বলেন, ‘একটি সত্য ঘটনার অদম্য মানসিক শক্তির এই গল্প যেভাবে দেশীয় দর্শকেরা গ্রহণ করেছেন, আশা করি প্রবাসীরাও একইভাবে এর সঙ্গে নিজেদের আবেগ মেলাতে পারবেন। গল্পটি আমরা এমন করে দেখাতে চেয়েছি, যেন মনে হয় এটি বাংলাদেশের জয়ের গল্প, বাংলাদেশির জয়ের গল্প। অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও কানাডার পর অন্য দেশগুলোতেও সিনেমাটি মুক্তির পরিকল্পনা চলছে।’
‘দম’ মুক্তির মাধ্যমে ১০ বছর পর বড় পর্দায় রেদওয়ান রনির সিনেমা নির্মাণে ফিরলেন।

যুক্তরাষ্ট্রের পরিবেশক প্রতিষ্ঠানের মতে, আফরান নিশো ও চঞ্চল চৌধুরীর মতো দুই শক্তিশালী অভিনেতার একসঙ্গে পর্দায় আসা এবং পূজা চেরীর মতো প্রতিভাবান নায়িকার উপস্থিতি এই সিনেমা ঘিরে দর্শকদের মধ্যে বাড়তি কৌতূহল তৈরি করেছে।
এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকি প্রযোজিত ‘দম’ নিয়ে দর্শকের মধ্যে কৌতূহল ছিল ঘোষণার পর থেকেই। ছবিটির চিত্রনাট্য লিখেছেন রেদওয়ান রনি, রবিউল আলম রবি, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর ও মো. সাইফুল্লাহ রিয়াদ।