
ঢাকায় খেলা দেখার ইচ্ছা থাকলেও সেটি সম্ভব হচ্ছে না চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের। কলকাতায় ‘মানুষ’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত আছেন। ফাইনাল ম্যাচ কীভাবে, কোথায় দেখবেন সেটাও জানেন না। খেলার চেয়ে শুটিং নিয়েই বেশি মনোযোগী ‘পরাণ’খ্যাত অভিনেত্রী। আজ বিশ্বকাপ ফাইনালে কারা এগিয়ে থাকবে, সেটা নিয়েও তেমন কোনো আগ্রহ দেখালেন না ব্রাজিল সমর্থক মিম। তবে এগিয়ে রাখলেন মেসি ও এমবাপ্পের একজনকে।
মিমের ধারণা ছিল, এবার বিশ্বকাপের ফাইনালে খেলবে পছন্দের দল ব্রাজিল। তবে ব্রাজিল হেরে যাওয়ার পর কিছুটা মন খারাপ হয়েছিল। পরাজয় থাকবেই। তার পর থেকে নিয়মিতই খেলার খোঁজ খবর রাখছিলেন। এই অভিনেত্রীর কাছে প্রশ্ন, ‘আজ কোনো দলের সমর্থন করবেন?’ মিম বলেন, ‘আজ আমি কোনো দলকেই সমর্থন করছি না। যারা কাপ পাবে, তাদের জন্য শুভকামনা। এই দুটি দলই আমার পছন্দের নয়। খেলা দেখব কিন্তু কোনো একটি দলকে সমর্থন দেব না। খেলাটা উপভোগ করব। যেই জিতবে খুশি।’
বিজয়ী দলের সঙ্গে খুশিতে ভাসলেও পরক্ষণেই মিম জানালেন অন্য কথা। মেসি তার ভীষণ পছন্দের। ক্লাবগুলোর খেলা দেখার সুযোগ হলে মেসিদের খেলা প্রায়ই দেখেন। সেই মেসি এবার শেষ বিশ্বকাপ খেলছেন। পছন্দের এই খেলোয়ারকে নিয়ে মিম বলেন, ‘মেসির খেলা আমার অনেক পছন্দের। এবার হয়তো শেষবারের মতো মেসি বিশ্বকাপে খেলবেন শুনছি। মেসি যদি কাপ পান, আমার আনন্দ হবে। মেসির হাতে কাপ দেখলে আমি খুশি হব। সে জন্যই আমি মেসিকে সাপোর্ট করব। কিন্তু এমন নয় যে আমি আর্জেন্টিনার সমর্থক। মেসিকে ভালোবেসে তাঁর হাতে কাপ দেখলে ভালো লাগবে। এমবাপ্পেও ভালো খেলেন। সবার জন্য শুভকামনা।’
১৩ ডিসেম্বর থেকে এই চিত্রনায়িকা কলকাতায় ‘মানুষ’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন। পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা জিতের প্রযোজনা প্রতিষ্ঠান জিৎ ফিল্ম ওয়ার্কস প্রাইভেট লিমিটেড থেকে তৈরি হচ্ছে ‘মানুষ’। সিনেমায় জিতের নায়িকা মিম। চরিত্র নিয়ে মিম জানিয়েছিলেন, ‘ছবিতে আমার চরিত্রের নাম মন্দিরা। একজন পুলিশ অফিসার। আগে ‘পরাণ’-এর অনন্যা, ‘দামাল’-এর হোসনা চরিত্রের যেমন ভিন্নতা আছে, ঠিক একইভাবে এখানে মন্দিরা চরিত্রে ভিন্নতা পাবেন দর্শকেরা।’
এর আগেও জিতের নায়িকা চরিত্রে মিমকে দেখা গিয়েছিল। পরে প্রায় পাঁচ বছরের বিরতি। শুটিংয়ের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইলে মিম বলেন, ‘শুটিং শেষ হওয়ার আগে কিছুই বলা যাবে না। অনেক মজার ঘটনা ঘটছে। সেগুলো প্রমোশনের আগে জানাব।’ ‘মানুষ’ ছবিটি পরিচালনা করছেন বাংলাদেশি পরিচালক সঞ্জয় সমদ্দার। টানা শুটিং চলছে। মিম জানান, ২২ ডিসেম্বর দেশে ফিরবেন।