টিভির পর্দায় রইছের সেই ‘আকনিক দৃশ্য’; পর্দার বাইরে বিজয় চৌধুরী
টিভির পর্দায় রইছের সেই ‘আকনিক দৃশ্য’; পর্দার বাইরে বিজয় চৌধুরী

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’ সিনেমার ‘রইছ’

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ‘হাঙর নদী গ্রেনেড’ সিনেমায় ‘রইছ’ চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া অভিনয়শিল্পী বিজয় চৌধুরী।

গতকাল বৃহস্পতিবার রাতে তাঁকে রাজধানীর জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে প্রথম আলোকে জানান তাঁর স্ত্রী সালমা চৌধুরী।

‘হাঙর নদী গ্রেনেড’ সিনেমায় রইছের ভূমিকায় বিজয় চৌধুরী

সালমা চৌধুরী প্রথম আলোকে জানান, গতকাল একটি পারিবারিক দাওয়াতে মানিকগঞ্জের সিংগাইরে গিয়েছিলেন তাঁরা। ফেরার পথে হঠাৎ তাঁর বুকে ব্যথা শুরু হয়। পরে তাঁকে দ্রুত জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা–নিরীক্ষা করে চিকিৎসক জানান, হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন তিনি। পরে শারীরিক অবস্থার উন্নতি হলে তাঁকে আইসিইউ থেকে বেডে নেওয়া হয়।

বিজয় চৌধুরী ও তাঁর স্ত্রী সালমা চৌধুরী

কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে ‘হাঙর নদী গ্রেনেড’ পরিচালনা করেন চাষী নজরুল ইসলাম। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া সিনেমায় অভিনয় করে খ্যাতি পেয়েছেন বিজয় চৌধুরী। ১৯৯৩ সালে পরিচালক রায়হান মুজিবের ‘প্রেমপ্রীতি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তাঁর। মাঝখানে আরও কয়েকটি সিনেমায় দেখা গেছে তাঁকে, তবে দর্শকেরা তাঁকে ‘রইছ’ নামেই চেনেন।

দুই সন্তান ও স্ত্রীর সঙ্গে বিজয় চৌধুরী

বিজয় চৌধুরীর জন্ম ও বেড়ে ওঠা দক্ষিণ বাড্ডায়। ১৯৯১ সালে সাভার অধরচন্দ্র উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক ও ১৯৯৩ সালে ধানমন্ডির আইডিয়াল কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেছেন। পরে একই কলেজ থেকে বিকম সম্পন্ন করেছেন।
১৯৯৬ সালে বিয়ে করেন বিজয় চৌধুরী। তিনি ও তাঁর স্ত্রী সালমা চৌধুরীর সংসারে ছেলে সাবিত চৌধুরী ও মেয়ে ফিওনা আজাদ রয়েছে।