শরিফুল রাজ ও পরীমনি
শরিফুল রাজ ও পরীমনি

রাজের সঙ্গে বিচ্ছেদে তৃতীয় পক্ষের হাত? কী বলছেন পরীমনি

ভালোবেসে বিয়ে করেছিলেন পরীমনি ও শরীফুল রাজ। তবে সেই সংসার বেশি দিন টেকেনি। পরীমনি ও শরীফুল রাজের দাম্পত্য জীবনের ইতি টানার পর প্রায় তিন বছর পার হয়ে গেল। তবে সময় যতই গড়িয়েছে, তাঁদের বিচ্ছেদ ঘিরে প্রশ্ন কমেনি। তৃতীয় পক্ষের গুঞ্জন নিয়ে দীর্ঘদিনের সেই কৌতূহলের জবাব দিলেন অভিনেত্রী পরীমনি।

কিছুদিন আগে একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠানে অংশ নিয়ে রাজের সঙ্গে বিচ্ছেদ, সংসার ভাঙন এবং ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী। সেখানে তৃতীয় পক্ষের প্রসঙ্গে স্পষ্ট অবস্থান জানিয়ে পরীমনি বলেন, ‘তৃতীয় পক্ষের কোনো বিষয় নয়। কেবল বোঝাপড়ার পার্থক্যের কারণেই বিচ্ছেদ হয়েছে। সংসার টিকিয়ে রাখতে চেষ্টা যে করতে হয়, এটা তো সে জানেই না। কিংবা কারও চেষ্টাকে সমর্থন জানাতে হয়, সেটাও জানে না।’

শরিফুল রাজ ও পরীমনি

বিনোদন অঙ্গনে ছড়িয়ে পড়া একটি ভুল ধারণার কথাও তুলে ধরেন পরীমনি। তাঁর ভাষ্য, ‘আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে একটা কথা ছড়িয়েছে—আমার জন্য সে নাকি বাচ্চার খোঁজ নিতে পারছে না। এটা খুবই ভুল কথা।’ এ প্রসঙ্গে রাজের প্রতি নিজের প্রত্যাশার কথাও স্পষ্ট করেন তিনি। পরীমনি বলেন, ‘আমি চাই, রাজ নিজের ওপর বিশ্বাস রাখুক। কাউকে না বলেই বুঝুক যে তার একটি সন্তান আছে এবং সেই দায়িত্ব নিজে থেকেই উপলব্ধি করুক।’

শরিফুল রাজ ও সন্তানের সঙ্গে পরীমনি

২০২২ সালের জানুয়ারিতে পরীমনি অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন শরীফুল রাজ। একই সঙ্গে জানান, তাঁদের বিয়ের কথাও। পরীমনিও তখন নিশ্চিত করেন যে তিনি মা হতে চলেছেন এবং সন্তানের বাবা শরীফুল রাজ। তাঁদের ভাষ্য অনুযায়ী, ২০২১ সালের ১৭ অক্টোবর পারিবারিক আয়োজনে তাঁদের বিয়ে হয়। পরের বছর ১০ আগস্ট জন্ম নেয় তাঁদের পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।

পরীমনি

তবে সন্তান জন্মের পরও দাম্পত্য জীবনে টানাপোড়েন কাটেনি। বিভিন্ন সময় মান-অভিমান ও মনোমালিন্যের পর তাঁরা আবার একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিলেও পরিস্থিতি স্থায়ী হয়নি। বিশেষ করে রাজের ফেসবুক আইডি থেকে কয়েকজন চিত্রনায়িকার ব্যক্তিগত মুহূর্তের ভিডিও প্রকাশ পেলে তা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। ওই ঘটনার পর সংসারে নতুন করে অশান্তি দেখা দেয় এবং রাজ বাসা ছাড়েন। পরে দুজনই আলাদা হয়ে সংবাদমাধ্যমে এসে একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেন। সব মিলিয়ে ২০২৩ সালের শেষের দিকে আনুষ্ঠানিকভাবে তাঁদের বিচ্ছেদ কার্যকর হয়।

শরিফুল রাজ

বিচ্ছেদের পরও দুজনই নিজেদের মতো করে আছেন। অভিনয় করছেন। পরীমনিকে সর্বশেষ দেখা গেছে ‘ফেলুবক্সী’ সিনেমায়। সম্প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিত ‘শাস্তি’ সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এই ছবিতে তিনি অভিনয় করবেন চঞ্চল চৌধুরীর বিপরীতে। মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর অভিনীত ‘ডোডোর গল্প’। নিরবের সঙ্গে ‘গোলাপ’ ছবির শুটিং শুরুর কথা থাকলেও পরিচালক কোনো তথ্য দিতে পারেননি। অন্যদিকে শরীফুল রাজকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে ঈদে মুক্তি পাওয়া ‘ইনসাফ’ সিনেমায়। সামনে তাঁর অভিনীত ‘বনলতা এক্সপ্রেস’, ‘জীবন অপেরা’ এবং নাম ঠিক না হওয়া আরও একটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে, যেখানে তাঁর সহশিল্পী হিসেবে থাকছেন তমা মির্জা, সাবিলা নূর ও বিদ্যা সিনহা মিম।