৫ম ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতার ফিচার ফিল্ম প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে পিপলু আর খান পরিচালিত ‘জয়া আর শারমিন’ ও নুরুল আলম আতিক পরিচালিত ‘মানুষের বাগান’। এবারের প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের মোট ১৯টি ফিচার ফিল্ম নির্বাচিত হয়েছে। চলচ্চিত্রগুলো সেরা ও দ্বিতীয় সেরা ফিচার ফিল্মের জন্য যথাক্রমে বিমল রায় গোল্ডেন অ্যাওয়ার্ড ও বিমল রায় সিলভার অ্যাওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করবে। অন্যদিকে প্রামাণ্যচিত্র বিভাগে নির্বাচিত হয়েছে মকবুল চৌধুরী পরিচালিত বাংলাদেশ-যুক্তরাজ্যের চলচ্চিত্র ‘মামুন-ইন প্রেইজ অব শ্যাডোজ’। প্রামাণ্যচিত্রের জন্য দেওয়া হবে হরিসাধন দাশগুপ্ত গোল্ডেন ও সিলভার অ্যাওয়ার্ড।
‘জয়া আর শারমিন’ ছবিটির অন্যতম প্রযোজক ও গল্পরাজ্য ফিল্মসের কর্ণধার আবু শাহেদ ইমন বলেন, ‘এই নির্বাচন ছবিটিকে নতুন দর্শকের কাছে পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। কলকাতার নন্দনে বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্রের সঙ্গে বাংলাদেশের ছবি হিসেবে জয়া আর শারমিন প্রদর্শিত হবে।’
৮৬ মিনিটের সিনেমার গল্প ভিন্ন আর্থসামাজিক অবস্থানের দুই নারীকে ঘিরে, যাঁরা কোভিড-১৯ লকডাউনের সময় একই বাড়িতে আটকা পড়েন। জয়া একজন অভিনেত্রী, আর শারমিন তাঁর গৃহকর্মী। বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন অবস্থায় দৈনন্দিন জীবন, ভয় ও অনিশ্চয়তার মধ্য দিয়ে দুজনের মধ্যে এক অপ্রত্যাশিত ঘনিষ্ঠতা গড়ে ওঠে।
তবে বন্দিজীবন দীর্ঘ হওয়ার সঙ্গে সঙ্গে মানসিক চাপ ও সম্পর্কের অন্তর্নিহিত অসমতা সেই বন্ধনকে জটিল করে তোলে। জয়া চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান আর শারমিন চরিত্রে মহসিনা আক্তার। অতিথি চরিত্রে রয়েছেন তানজিম সাইয়ারা তটিনী। পিপলু আর খান ও নুসরাত ইসলাম মাটি যৌথভাবে ছবিটির গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন।
নির্মাণের পাঁচ বছর পর ‘জয়া আর শারমিন’ ২০২৫ সালের ১৬ মে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়; ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে আসে একই বছরের ২৫ সেপ্টেম্বর। ছবিটির জন্য মেরিল–প্রথম আলো পুরস্কার ২০২৫-এর সমালোচক বিভাগে পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্রের সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন পিপলু আর খান। অন্যদিকে, শারমিন চরিত্রে অভিনয়ের জন্য গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড ২০২৫ (সিজন ৩)-এর চলচ্চিত্র বিভাগে ‘বেস্ট ব্রেকথ্রু পারফরম্যান্স’ পুরস্কার পেয়েছেন মহসিনা আক্তার।
অন্যদিকে ২০১৮ সালে ‘মানুষের বাগান’ সিনেমাটির কাজ শুরু হয়। এক বছরের মধ্যে শুটিং শেষ হলেও পরে নানা কারণে সিনেমাটি প্রস্তুত হতে সময় লাগে। চলতি বছর ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৫তম দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে বাংলাদেশের ছবি এটি। কী আছে এই সিনেমায়? সেই ধারণা পাওয়া যায় সিনেমার পোস্টারে, পৃথিবীটা যেন এক বিশাল গোল বাগান। সেই বাগানের চারদিকে দাঁড়িয়ে আছে অসংখ্য মানুষ—কেউ গাছ লাগাচ্ছে, কেউ ছবি আঁকছে, কেউ মাটি খুঁড়ে ভবিষ্যতের স্বপ্ন বুনছে, আবার কেউ ক্লান্ত হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। সেখানে শিশু আছে, তরুণ আছে, বৃদ্ধও আছে। প্রত্যেকে নিজের মতো ব্যস্ত, অথচ অদৃশ্য এক সুতোয় সবাই জড়িয়ে আছে একই পৃথিবীর সঙ্গে।
পরিচালক নুরুল আলম আতিকের মতে, সমাজের বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের পাঁচটি গল্প নিয়ে এগিয়েছে মানুষের বাগান–এর কাহিনি। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, অর্চিতা স্পর্শিয়া, মাহমুদ আলম, প্রসূন আজাদ, দীপান্বিতা মার্টিন, ইকবাল আহমেদ, জ্যোতিকা জ্যোতিসহ অনেকে।
৫ম ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতা আগামী ৮ থেকে ১৩ সেপ্টেম্বর কলকাতার নন্দনে অনুষ্ঠিত হবে। ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়ার ইস্টার্ন রিজিয়ন আয়োজিত উৎসবে আরও থাকবে জার্মান চলচ্চিত্র নির্মাতা আলেকজান্ডার ক্লুগের চলচ্চিত্র নিয়ে বিশেষ পুনর্দর্শনী।