
গতকাল শনিবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে সৈয়দা নিগার বানুর চলচ্চিত্র ‘নোনা পানি’। উৎসবের এশিয়া সিলেক্ট বিভাগে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি।
গতকাল কলকাতার রবীন্দ্রসদন মিলনায়তনে ছবিটি দেখতে দর্শকদের উপচে পড়া ভিড় ছিল। বেলা দুইটায় প্রদর্শনী দেখতে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এবারের কলকাতা উৎসবে বাংলাদেশের একমাত্র সিনেমা হিসেবে অংশ নিচ্ছে ‘নোনা পানি’।
২ ঘণ্টা ৫ মিনিটের চলচ্চিত্রটি তাক লাগিয়ে দিয়েছে কলকাতার সিনেমাপ্রিয় মানুষকে। প্রদর্শনী চলার সময় ও শেষে দর্শকেরা হাততালি দিয়ে অভিনন্দন জানান নির্মাতা ও কলাকুশলীদের।
নির্মাতা সৈয়দা নিগার বানু প্রথম আলোকে বলেন, তিনি ইতিমধ্যে মুক্ত দৈর্ঘ্যের ২২টি চলচ্চিত্র নির্মাণ করেছেন। ছবি: ভাস্কর মুখার্জি
এটিই তাঁর বিদেশের প্রেক্ষাগৃহে প্রথম প্রদর্শিত ছবি। আর কলকাতায় তাঁর এই ছবির প্রথম প্রদর্শন করতে পেরে তিনি গর্বিত ও আনন্দিত।
খুলনা অঞ্চলের মানুষের জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে চলচ্চিত্রটি, যা সম্পূর্ণ চিত্রায়িত হয়েছে খুলনার বিভিন্ন গ্রামে।
নির্মাণপ্রক্রিয়ায় যুক্ত ব্যক্তিদের অধিকাংশই খুলনার স্থানীয়। নির্মাতা নিগার বানুও খুলনারই মেয়ে।
৫ ডিসেম্বর বিকেলে কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করা হয়। চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত।