ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় ফেসবুকে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তরুণ অভিনয়শিল্পী সাবরিন আজাদ। কোলাজ
ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় ফেসবুকে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তরুণ অভিনয়শিল্পী সাবরিন আজাদ। কোলাজ

‘এমনিতেই একেক দেশের ভিসা পাওয়া বাংলাদেশের মানুষের জন্য কঠিন হয়ে যাচ্ছে’

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় ফেসবুকে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তরুণ অভিনয়শিল্পী সাবরিন আজাদ। আজ বিকেলে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ‘একজন শিল্পী যখন নিজের দেশের সিনেমার প্রতিনিধিত্ব করতে বিশ্বের সবচেয়ে সম্মানজনক ফিল্ম ফেস্টিভ্যালগুলোর একটিতে অংশ নিতে যান, ঠিক ওই মুহূর্ত থেকে আন্তর্জাতিক অঙ্গনে তিনি শুধু একজন ব্যক্তি নন, তিনি আমাদের দেশের একজন প্রতিনিধি।’

নিজের পোস্টে ‘বনলতা এক্সপ্রেস’ অভিনেত্রী আরও লিখেছেন, ‘তাঁর রাজনৈতিক মতবাদ কী, উনি কোন জাতের-ধর্মের, এসব তখন আর ম্যাটার করে না। উনি বাংলাদেশের সিনেমার প্রতিনিধিত্ব করতে গেছেন, বাংলাদেশের নাম নিয়েই গেছেন, তখন এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশ্বমঞ্চে নিজের দেশের সিনেমা বা ভালো কোনো কিছুর প্রতিনিধিত্ব করা কী জিনিস, সে সম্পর্কে আপনাদের “জ্ঞান” না-ই থাকতে পারে। অন্তত বিদেশের মাটিতে নিজের দেশকে কীভাবে ছোট না করতে হয়, এইটুকু ন্যূনতম জ্ঞান তো থাকা উচিত।’

এই ঘটনা দেশের সম্মানের জন্য ক্ষতিকারক উল্লেখ করে সাবরিন আজাদ নিজের পোস্টের শেষে লিখেছেন, ‘এই ঘটনা ঘটিয়ে আপনারা এটাই আবার দেখালেন দেশের সম্মানের চেয়ে আপনাদের কাছে দল বেশি গুরুত্বপূর্ণ। আপনারা এমনই ছিলেন, এমনই আছেন, সম্ভবত এমনই থাকবেন। এমনিতেই দুই দিন পরপর একেক দেশের ভিসা পাওয়া বাংলাদেশের মানুষের জন্য কঠিন হয়ে যাচ্ছে। আমাদের পাসপোর্টের অবস্থাও যাচ্ছেতাই। তার মধ্যে আপনাদের কল্যাণে বিশ্ব আবারও জানল, নিজেদের রাজনৈতিক মতবিরোধের কারণে বাংলাদেশের মানুষ নিজের দেশের ক্ষতি করতে কতটা মরিয়া যে তারা দেশের পাশাপাশি বিদেশের মাটিতেও নিজেদের দেশের নারীদের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।’