অপু বিশ্বাস ও আব্রাম খান জয়। ছবি: সংগৃহীত
অপু বিশ্বাস ও আব্রাম খান জয়। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবল: অপু বিশ্বাসের সঙ্গে ছেলে আব্রাহামের অমিল যেখানে

মা-ছেলের সম্পর্ক অবিচ্ছেদ্য, এ নিয়ে নতুন করে কিছু বলার নেই। পছন্দ-অপছন্দ, ঘোরাঘুরি, খাওয়াদাওয়া কিংবা অবসরের সময় কাটানো—অনেক কিছুতেই মিল থাকে তাদের। ঢালিউডের জনপ্রিয় তারকা অপু বিশ্বাস ও তাঁর ছেলে আব্রাহাম খান জয়ের ক্ষেত্রেও বিষয়টি ভিন্ন নয়। মায়ের সঙ্গে প্রায় বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় আব্রাহামকে—একসঙ্গে ঘোরাঘুরি, সময় কাটানো এবং নানা আনন্দঘন মুহূর্তের ছবি সামাজিকমাধ্যমে ভাগাভাগি করেন অপু। তবে এত মিলের মধ্যেও একটি জায়গায় মা-ছেলের অবস্থান পুরোপুরি দুই মেরুতে, সেটি ফুটবল বিশ্বকাপের সমর্থনে।

অপু বিশ্বাস

২০২৬ ফিফা বিশ্বকাপের উন্মাদনায় যখন সারা বিশ্বের মতো বাংলাদেশও মেতে উঠেছে, তখন দেশের তারকারাও নিজেদের প্রিয় দল নিয়ে কথা বলছেন। সে তালিকায় রয়েছেন অপু বিশ্বাসও। বিশ্বকাপ প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিনেত্রী জানালেন, তিনি ব্রাজিল দলের কট্টর সমর্থক। অপু বিশ্বাস বললেন, ‘আমি ব্রাজিল দলের কট্টর সমর্থক। আমি মনে করি, যারা নান্দনিক খেলা বোঝে, তারা ব্রাজিল করে। ফুটবল খেলা যে একটা আর্ট, সেটা আমি কেন জানি ব্রাজিলের খেলা দেখলেই মনে হয়। তবে অন্যরা যে খেলা একেবারেই বোঝেন না, তা বলতে চাইছি না।’

অপু বিশ্বাস ও আব্রাহাম খান জয়

তবে মজার বিষয় হলো, মায়ের এই পছন্দের সঙ্গে একমত নয় ছেলে আব্রাহাম। অপু নিজেই জানিয়েছেন, তাঁর ছেলে আর্জেন্টিনা সমর্থন করে। ফলে বিশ্বকাপ এলে একই ছাদের নিচে শুরু হয় দুই ভিন্ন দলের সমর্থন নিয়ে খুনসুটি। তবে মজার ছলে অপু জানালেন, ‘আব্রাহাম ছোট্ট মানুষ, তার পছন্দকে উৎসাহ দিতে আমি আর্জেন্টিনা খেলা দেখি। ওর দলে যেহেতু আমার প্রিয় খেলোয়াড়, তাই ছেলের কারণে প্রিয় খেলোয়াড়ের খেলাটাও দারুণভাবে উপভোগ করা হয়।’

আব্রাহাম খান জয়

ব্রাজিলের প্রতি অপু বিশ্বাসের পছন্দের কারণ প্রসঙ্গে জানালেন, ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারকে খুব পছন্দ করেন তিনি। নেইমারের খেলার ধরন, স্টাইল ও ব্যক্তিত্ব তাঁকে মুগ্ধ করে। অন্যদিকে ব্যক্তিত্বের বিচারে লিওনেল মেসিকেও তাঁর ভালো লাগে। অপু বিশ্বাস বলেন, ‘আমি নেইমারকে খুব পছন্দ করি। বিশেষ করে তার স্টাইল ও খেলাধুলা থেকে শুরু করে সবকিছু। আর ব্যক্তিত্ব হিসেবে মেসিকে অনেক পছন্দ করি।’

অপু বিশ্বাস

বিশ্বকাপকে অপু শুধু একটি খেলা নয়; বরং উৎসব হিসেবেই দেখেন। তাঁর মতে, বিশ্বকাপ এলেই একটা উৎসবের আবহ তৈরি হয়। পরিবার ও বন্ধুবান্ধব সবাই মিলে এ সময়টায় নানা ধরনের খাবারের আয়োজন করেন, রাত জেগে খেলা দেখেন এবং প্রিয় দলের জয় উদ্‌যাপন করেন। অপু বিশ্বাস বলেন, ‘প্রিয় দলের যেদিন খেলা থাকে, সেদিন আনন্দের সীমা থাকে না। বিশ্বকাপের সময়টা আমার কাছে উৎসবের মতো।’
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার উদ্বোধনী দিনে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে রাতে মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে ‘গ্রুপ এ’-এর লড়াইয়ে মুখোমুখি হয় দুই দল। এদিন ২-০ গোলে দক্ষিণ আফ্রিকাকে হারায় মেক্সিকো।