ঈদে মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘দম’ দেখে নিজের অভিজ্ঞতা ও অনুভূতি শেয়ার করেছেন অভিনেত্রী অপি করিম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তাঁর মন্তব্যে যেমন রয়েছে সিনেমার প্রশংসা, তেমনি রয়েছে নির্মাতা ও শিল্পীদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা।
অপি করিম লিখেছেন, দীর্ঘ সময় ধরে ‘দম’ নির্মাণ করেছেন পরিচালক রেদওয়ান রনি, তাই প্রত্যাশাও ছিল বেশি। সিনেমাটি শুরু করার আগে রনি বলছিলেন, সিনেমা নাকি বানানো যায় না—সবাই মিলে হয় বিষয়টা। সিনেমাটি দেখার পর তাঁর মনে হয়েছে, কেন পরিচালক আগে থেকেই এমন কথা বলেছিলেন।
অপি করিম বলেন, ছবির লোকেশন, আয়োজন—সবকিছুতেই বোঝা যায়, পুরো টিম কতটা পরিশ্রম করেছে।’ তাঁর ভাষায়, ‘দম আছে “দম”–এর সবার।’
তবে সিনেমা শেষে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে আফরান নিশোর অভিনয়। অপি করিম লিখেছেন, ‘হল থেকে বেরিয়ে খেয়াল করলাম, নিশো মগজে গেঁথে গেছে। আমি টুকটাক যা অভিনয় করেছি এত দিন—সেই সামান্য অভিজ্ঞতা থেকে বুঝতে পারছি, শুটিংয়ের সময় তার কী গেছে! পারে ছেলেটা! ভালোবাসা অফুরান।’
নির্মাতা রনিকে নিয়ে মন্তব্য করতে গিয়ে অপি করিম বলেন, ‘রনিকে নিয়ে বেশি কিছু বললে লোকে বলতে পারে আমি “পক্ষপাতদুষ্ট”। একটা সময় এত কাজ করেছি একসঙ্গে; শুধু এটা বলতে চাই—এবারের জন্য দম বেশি নিয়েছ ঠিক আছে, পরের কাজের জন্য এই দমেই চালিয়ে যাও ভাই। শুভকামনা রইল। দম থাকলে ঠেকায় কে?’
পাশাপাশি প্রযোজক শাহরিয়ার শাকিলের চ্যালেঞ্জিং কাজের ধারাবাহিকতার কথাও উল্লেখ করেন এই অভিনেত্রী। দর্শকদের উদ্দেশে অপি করিমের অনুরোধ, ‘একটা কাজ করতে কতটা শ্রম-মেধা লাগে, অন্তত এটা দেখতে যান। তার সঙ্গে বাড়তি পাওনা কী থাকবে, না দেখলে বুঝবেন কী করে।’
দর্শকের আগ্রহ তুঙ্গে
মুক্তির পর থেকেই ‘দম’-এর প্রায় প্রতিটি প্রদর্শনী হাউসফুল ছিল। এখনো সামাজিক যোগাযোগমাধ্যমেও ছবিটি নিয়ে চলছে ইতিবাচক আলোচনা। বিশেষ করে চঞ্চল চৌধুরী ও পূজা চেরীর সঙ্গে নিশোর অভিনয়, নির্মাণশৈলী ও গল্প—সবকিছু নিয়েই প্রশংসা করছেন দর্শকেরা।
‘দম’ দিয়ে প্রায় এক দশক পর বড় পর্দায় ফিরেছেন রেদওয়ান রনি। প্রথমবারের মতো একই ছবিতে দেখা গেছে আফরান নিশো ও চঞ্চল চৌধুরীর মতো দুই শক্তিশালী অভিনেতাকে, যা সিনেমাটির প্রতি আগ্রহ বাড়িয়েছে আরও। সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত এই ছবির চিত্রনাট্য লিখেছেন রনি নিজে, সঙ্গে ছিলেন রবিউল আলম রবি, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান ও মো. সাইফুল্লাহ।
দেশে সাফল্যের ধারাবাহিকতায় আন্তর্জাতিক বাজারেও যাত্রা শুরু করেছে ‘দম’। অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে প্রদর্শনের মাধ্যমে শুরু হয়েছে এর বিদেশযাত্রা। নির্মাতা রনির ভাষায়, ‘এটি শুধু একটি গল্প নয়, বাংলাদেশের জয়ের গল্প।’ এসভিএফ, আলফা-আই ও চরকির প্রযোজনায় নির্মিত এই সিনেমা ইতিমধ্যে ঈদের অন্যতম আলোচিত ছবিতে পরিণত হয়েছে।