শুক্রবার সন্ধ্যায় ডাবিং চলাকালে চিত্রনায়ক জয় চৌধুরীর গাড়িচালক পরিচয় দিয়ে আসা এক ব্যক্তি কৌশলে তাঁর ফোন নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ উঠেছে
শুক্রবার সন্ধ্যায় ডাবিং চলাকালে চিত্রনায়ক জয় চৌধুরীর গাড়িচালক পরিচয় দিয়ে আসা এক ব্যক্তি কৌশলে তাঁর ফোন নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ উঠেছে

এফডিসি থেকে নায়িকার ফোন চুরি, চায়ের কাপ এগিয়ে দিলেন কে

চিত্রনায়িকা তানহা তাসনিয়া ইসলামের ব্যবহৃত আইফোন চুরির ঘটনা ঘিরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) আলোচনা শুরু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় ডাবিং চলাকালে চিত্রনায়ক জয় চৌধুরীর গাড়িচালক পরিচয় দিয়ে আসা এক ব্যক্তি কৌশলে তাঁর ফোন নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ উঠেছে। পরে জানা যায়, ওই ব্যক্তি ছিলেন ভুয়া পরিচয়ধারী।

আজ শনিবার দুপুরে বিষয়টি নিয়ে কথা বলেন তানহা তাসনিয়া। তিনি জানান, পরিচালক গাজী মাহবুব পরিচালিত প্রামাণ্যচিত্র ‘অস্তিত্বের লড়াই’–এর ডাবিং চলছিল এফডিসির সাউন্ড কমপ্লেক্সে। একই ডাবিং সেশনে ছিলেন জয় চৌধুরীও। কাজ শেষ করে জয় বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর এক ব্যক্তি এসে নিজেকে তাঁর চালক বলে পরিচয় দেন।

তানহা তাসনিয়া ইসলাম

তানহা তাসনিয়ার ভাষ্য, ‘লোকটা এসে বলল, জয় স্যার শিল্পী সমিতিতে আছেন। যেহেতু সে নিজেকে জয়ের চালক বলেছে, তাই সন্দেহ করিনি। সে ডাবিং রুমেই ছিল। পরে চা আনা হলে ওই লোকটাই আমার হাতে চায়ের কাপ এগিয়ে দেয়। আমি আবার ডাবিংয়ে ব্যস্ত হয়ে যাই। ফোনটা তখন চায়ের কাপের পাশেই রাখা ছিল। ডাবিংরুম তো অন্ধকার থাকে। কিছুক্ষণ পর এসে দেখি ফোন নেই, লোকটাও নেই।’


এরপর জয় চৌধুরীর সঙ্গে যোগাযোগ করলে জানা যায়, ওই ব্যক্তি তাঁর প্রকৃত চালক নন। তখনই বিষয়টি স্পষ্ট হয় যে পরিচয় ব্যবহার করে পরিকল্পিতভাবেই চুরির ঘটনা ঘটানো হয়েছে।

তানহা তাসনিয়া ইসলাম

ঘটনার পর নিজের ফেসবুক পোস্টে তানহা তাসনিয়া জানান, তাঁর কমলা রঙের আইফোন ১৭ প্রো ম্যাক্স ফোনটি সন্ধ্যা সাতটা থেকে সোয়া সাতটার মধ্যে চুরি হয়। ফোনটি টেবিলে রাখা ছিল। পরে খুঁজতে গিয়ে আর সেটি পাওয়া যায়নি। সঙ্গে সঙ্গে এফডিসির বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও অভিযুক্ত ব্যক্তির সন্ধান মেলেনি। পরে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন এই অভিনেত্রী। জিডি নম্বর ১০৭৭ বলে জানিয়েছেন তিনি। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্তও শুরু করেছে।

তানহা তাসনিয়া ইসলাম

তবে তদন্তে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এফডিসির সিসিটিভি ব্যবস্থা। সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, শুক্রবার দুপুর ১২টার পর থেকে সার্ভারে কোনো সিসিটিভি ফুটেজ সংরক্ষিত হয়নি। ফলে সন্ধ্যার পর ডাবিংরুমে অপরিচিত কে ঢুকেছেন বা বের হয়েছেন, তা শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।

তানহা তাসনিয়া ইসলাম

ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন পরিচালক গাজী মাহবুবও। তিনি বলেন, ‘চুরির ঘটনা জানার পর আমরা এফডিসি কর্তৃপক্ষকে জানিয়েছি। এখন তারা কী ব্যবস্থা নেয়, সেটাই দেখার বিষয়।’ চুরির এ ঘটনা এফডিসির নিরাপত্তাব্যবস্থা নিয়েও নতুন করে প্রশ্ন তুলেছে। বিশেষ করে একজন অচেনা ব্যক্তি কীভাবে সহজেই শিল্পীদের ডাবিংরুমে ঢুকে দীর্ঘ সময় অবস্থান করলেন এবং পরে চুরি করে বেরিয়ে গেলেন, তা নিয়ে বিস্ময় প্রকাশ করছেন চলচ্চিত্র–সংশ্লিষ্ট ব্যক্তিরা।