সাদিয়া আয়মানকে ১০–এ ১০ দিলেন পলাশ

সাদিয়া আয়মান, পলাশ ও অন্যরা। ছবি: ফেসবুক থেকে

অভিনেত্রী সাদিয়া আয়মানকে ভালো অভিনয়ের জন্য ১০–এ ১০ দিলেন অভিনেতা জিয়াউল হক পলাশ। তাঁরা একসঙ্গে প্রথমবার বঙ্গের জন্য ওয়েব ফিল্মে নাম লিখিয়েছেন। গতকাল সেই সিনেমা ‘লাভ সিটার’–এর প্রিমিয়ারে অংশ নিয়ে পলাশ অভিজ্ঞতা ভাগাভাগি করে সাংবাদিকদের এ কথা বলেন।

সহশিল্পী প্রসঙ্গে ‘কাবিলা’ চরিত্র দিয়ে পরিচিতি পাওয়া পলাশ বলেন, ‘আমি সহশিল্পী হিসেবে তাকেই গুরুত্ব দিই, যার সঙ্গে অভিনয় করলে মনেই হয় না আমি অভিনয় করছি। আমার কাছে মনে হয়েছে, তেমনই একজন অভিনয়শিল্পী সাদিয়া আয়মান। প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত—এমনকি ডাবিংয়ের সময়েও সাদিয়া চরিত্রের মধ্যেই ছিল। শুরু থেকেই সে গল্পের সঙ্গে মানিয়ে নিয়েছে। সহশিল্পী হিসেবে আমি বলব, সাদিয়া ১০–এ ১০ পাবে।’

জিয়াউল হক পলাশ। ছবি: ফেসবুক থেকে

এ সময় পলাশের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন সাদিয়া আয়মান। পলাশের অভিনয় নিয়ে সাদিয়া জানান, বিড়াল নিয়ে গল্প হলেও শুরুতে পলাশ বিড়াল নিয়ে কিছুটা ভয়ের মধ্যে ছিলেন। পরে সেই ভয় কেটেছে। পুরো গল্পে মনেই হয়নি পলাশ বিড়াল ভয় পান, বলেন সাদিয়া।

সাদিয়া আয়মান। ছবি: ফেসবুক থেকে

সাদিয়া আয়মান প্রিমিয়ার শেষে সিনেমাটি সম্পর্কে বলেন, ‘আমার কাছে কাজটি অনেক স্পেশাল। প্রথম অনেক কিছুই আছে এই ফিল্মে। আমার সহশিল্পী ও বঙ্গের সঙ্গে প্রথম কাজ। আমি নিজেও একজন পেট (বিড়াল) লাভার। আমার পোষা তিনটা বিড়াল আছে। আমি ওদের সঙ্গে খুবই কানেকটেড। এ কারণে অভিনয়ের সময় অনেক কিছুই আমাকে সহায়তা করেছে। অনুভূতিগুলো আমার জানা। শুটিংয়েও দারুণ সময় কেটেছে। এটা দর্শকদের ভালো লাগবে।’

পরিচালক অমিতাভ রেজা চৌধুরী। ছবি: ফেসবুক

সাদিয়া আয়মান ও পলাশের প্রেমের গল্প নিয়েই এগিয়ে যাবে সিনেমাটি। ‘লাভ সিটার’ যৌথভাবে পরিচালনা করেছেন অমিতাভ রেজা চৌধুরী ও তাঁর স্ত্রী মুশফিকা মাসুদ। ওয়েব ফিল্মটি নিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে অমিতাভ রেজা বলেন, ‘গল্পটি আমার কাছে খুব ব্যক্তিগত। বড় শহরে মানুষে ভরা জীবনের মধ্যেও একধরনের নিঃসঙ্গতা থাকে, যা অনেক সময় আমরা নিজেরাও বুঝতে পারি না। ‘লাভ সিটার’ সেই নিঃসঙ্গতার ভেতরে জন্ম নেওয়া এক অদ্ভুত সম্পর্কের গল্প। আমরা দেখতে চেয়েছি, ভালোবাসা সব সময় বড় কোনো নাটকীয় ঘটনা নয়; অনেক সময় তা খুব নীরব, খুব সাধারণ, কিন্তু গভীরভাবে মানবিক।’