দেশের পর এবার আন্তর্জাতিক বাজারেও মুক্তি পাচ্ছে ‘দম’। রেদওয়ান রনি পরিচালিত সিনেমাটি ২৭ মার্চ থেকে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে প্রদর্শিত হবে।
প্রযোজক শাহরিয়ার শাকিল জানিয়েছেন, ২৭ মার্চ সিডনির ব্যাংকসটাউন হলে স্থানীয় সময় রাত ৯টা ১৫ মিনিটে সিনেমাটির প্রথম প্রদর্শনী হবে। পরদিন ২৮ মার্চ বিকেল পাঁচটায় প্রসপেক্ট এবং ২৯ মার্চ সন্ধ্যা ছয়টায় ওয়েরিবি হলে সমাপনী প্রদর্শনী হবে। পর্যায়ক্রমে আরও দেশ, শহরে যাবে ‘দম’।
নির্মাতা রেদওয়ান রনি বলেন, ‘একটি সত্য ঘটনার অদম্য মানসিক শক্তির এই গল্প যেভাবে দেশীয় দর্শকেরা গ্রহণ করেছেন, আশা করি প্রবাসীরাও একইভাবে এর সঙ্গে নিজেদের আবেগ মেলাতে পারবেন। গল্পটি আমরা এমন করে দেখাতে চেয়েছি যেন মনে হয় এটি বাংলাদেশের জয়ের গল্প, বাংলাদেশির জয়ের গল্প। অস্ট্রেলিয়ার পর অন্য দেশগুলোতেও সিনেমাটি মুক্তির পরিকল্পনা চলছে।’
১০ বছর পর বড় পর্দায় রেদওয়ান রনির প্রত্যাবর্তন এবং প্রথমবারের মতো আফরান নিশো ও চঞ্চল চৌধুরীর মতো দুই শক্তিশালী অভিনেতার একসঙ্গে পর্দায় আসা অস্ট্রেলিয়ায় সিনেমাটি ঘিরে দর্শকদের মধ্যে বাড়তি কৌতূহল তৈরি করেছে।
সিডনির সেন্ট ম্যারিজের বাসিন্দা প্রকৌশলী জিয়া উদ্দিন বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির সাফল্য ও অভিনয়শিল্পীদের প্রশংসা শুনে আমরা অনেক আগে থেকেই বড় পর্দায় দেখার অপেক্ষায় ছিলাম। সিডনিতে মুক্তির খবর আমাদের জন্য আনন্দের। প্রথম দিনেই দেখার পরিকল্পনা করছি।’
সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সিডনিতে বেড়াতে আসা বাংলাদেশের ক্লোজআপ ওয়ান ২০০৬-এর শীর্ষ দশের শিল্পী সাবরীনা বাঁধন। তিনি বলেন, ‘“দম’ নিয়ে চারদিকে ইতিবাচক আলোচনা শুনছি। বিদেশের মাটিতে দেশি ভালো সিনেমা মুক্তি পাওয়া সব সময়ই গর্বের। আমি সিনেমাটি দেখার জন্য মুখিয়ে আছি।’
আফরান নিশো, পূজা চেরী ও চঞ্চল চৌধুরী অভিনীত সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন রেদওয়ান রনি, রবিউল আলম রবি, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান ও মো. সাইফুল্লাহ রিয়াদ।