অনুশীলন নাট্যদলের নাটক 'নায়ক ও খলনায়ক'
অনুশীলন নাট্যদলের নাটক 'নায়ক ও খলনায়ক'

‘নায়ক ও খলনায়ক’ যাচ্ছে কলকাতায়

কলকাতার খড়দহ আর্টিস্ট গ্রুপের আমন্ত্রণে ভারত-বাংলাদেশ মৈত্রী নাট্যোৎসবে যাচ্ছে রাজশাহীর অনুশীলন নাট্যদলের নাটক ‘নায়ক ও খলনায়ক’। ১৮ জুন খড়দহ রবীন্দ্রভবন মঞ্চে উঠবে এই নাটক। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ঘিরে এই নাটকের কাহিনি আবর্তিত হয়েছে। এ জন্যই উদ্বোধনী মঞ্চেই থাকছে ‘নায়ক ও খলনায়ক’। এটি সংগঠনটির ৬৪তম প্রযোজনা। নাটকটি রচনা, এর আলোকসজ্জা, পোশাক ও নির্দেশনা দিয়েছেন নাট্যকার মলয় ভৌমিক। সংগীত করেছেন শৌভিক রায়। নৃত্য পরিচালনা করেছেন ল্যাডলী মোহন মৈত্রেয়। মঞ্চসজ্জা করেছেন মনির উদ্দিন আহাম্মেদ ও কনক কুমার পাঠক।

মুঠোফোনে যোগাযোগ করা হলে আয়োজক সংগঠন খড়দহ আর্টিস্ট গ্রুপের সেক্রেটারি প্রসেনজিৎ ঘটক প্রথম আলোকে বলেন, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সম্পর্ক অবিচ্ছেদ্য। দুই দেশের ভাষা এক, শিক্ষা ও সংস্কৃতি এক। তাই মুজিব জন্মশতবর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে তাঁরা এই উৎসবের আয়োজন করেছেন।

‘নায়ক ও খলনায়ক’ নাটকটি বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর ও মুজিব জন্মশতবর্ষের পটভূমিতে রচিত। তাই উদ্বোধনী পর্বেই নাটকটি রাখা হয়েছে। তিনি বলেন, পশ্চিমবঙ্গের কৃষিমন্ত্রী শোভন চ্যাটার্জি উৎসবের উদ্বোধন করবেন। ভারতীয় সময় সন্ধ্যা ছয়টায় উৎসবের উদ্বোধন। অনুষ্ঠানের শুরুতে দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হবে। উদ্বোধনী পর্ব শেষেই শুরু হবে নাটক ‘নায়ক ও খলনায়ক’।