
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাসব্যাপী ‘লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসবে’ আজ মঞ্চায়িত হবে মাইমোড্রামা ‘জাদুর প্রদীপ’। নাটকের দল স্বপ্নদলের প্রযোজনায় নাটকটি মঞ্চায়িত হবে সন্ধ্যা ছয়টায়।
‘আরব্য রজনী’এর অমর কাহিনি ‘আলাদিনের আশ্চর্য প্রদীপ’ অবলম্বনে মাইমোড্রামার কাহিনি-পুনর্বিন্যাসসহ নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। সার্বিক সহযোগিতা করছে বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশন। দলটির সূত্র জানায়, আলাদিনের আশ্চর্য প্রদীপের কাহিনি সারা বিশ্বে পরিচিত হলেও মাইমোড্রামা হিসেবে স্বপ্নদলের ‘জাদুর প্রদীপ’ নাটকে এটিকে নতুনভাবে বিন্যাস করা হয়েছে। অশুভ শক্তির বিরুদ্ধে শুভ এবং কল্যাণকর শক্তির বিজয়ই এ নাটকের মূল সুর।
নাটকটিতে অভিনয় করেছেন স্বপ্নদলের অভিনয়শিল্পীরা। আগামীকাল শনিবার শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলেও নাটকটি মঞ্চায়িত হবে।