আইইউ
আইইউ

বিতর্ক পিছু ছাড়ছে না এই তারকার

সময়টা মোটেও ভালো যাচ্ছে না দক্ষিণ কোরিয়ার সংগীতশিল্পী ও অভিনয়শিল্পী আইইউর। একের পর এক বিতর্ক ও সমালোচনার মুখে পড়েছেন তিনি।

কে ড্রামা নিয়ে বিতর্ক, রাজনৈতিক ইস্যুতে অনলাইন আক্রমণ—এর মধ্যে চার বছরের প্রেমের সম্পর্কেরও ইতি টানলেন তিনি।

প্রেম ভাঙার খবর প্রকাশের পর আইইউকে নিয়ে তৈরি হওয়া বিতর্কগুলোও সামনে আসছে।

এ বছর এমবিসির কে ড্রামা ‘পারফেক্ট ক্রাউন’ ব্যাপক বিতর্কের জন্ম দেয়। মে মাসে শেষ হওয়া ড্রামাটি দর্শকের মধ্যে সাড়া ফেলেছে। তবে শেষ পর্বের আগে নাটকটি ঐতিহাসিক তথ্য বিকৃতির অভিযোগে সমালোচনার মুখে পড়ে।

আইইউ

সমালোচকদের অভিযোগ, অভিষেক অনুষ্ঠানের একটি দৃশ্যে সরকারি কর্মকর্তাদের মুখে ‘চনসে’ শব্দটি ব্যবহার করা হয়েছে। ইতিহাসে এ শব্দটি সম্রাটকে অধীন রাষ্ট্রের পক্ষ থেকে সম্বোধনের ক্ষেত্রে ব্যবহৃত হতো। এ ছাড়া সহশিল্পী বিয়ন উ-সকের পরা রাজকীয় মাথার অলংকারের ঐতিহাসিক সত্যতা নিয়েও প্রশ্ন ওঠে।

বিতর্ক বাড়তে থাকলে প্রকাশ্যে ক্ষমা চান আইইউ। এক বিবৃতিতে তিনি বলেন, প্রধান অভিনেত্রী হিসেবে যে দায়িত্ববোধ দেখানো উচিত ছিল, তা দেখাতে না পারায় তিনি গভীরভাবে দুঃখিত। চরিত্রটি আরও গভীরভাবে বিবেচনা না করেই গ্রহণ করেছিলেন বলে অনুতপ্ত বলেও জানান। তাঁর ভাষায়, ‘আমার কোনো অজুহাত নেই।’
পরে একই বিতর্কে ক্ষমা চান সহশিল্পী বিয়ন উ-সক, চিত্রনাট্যকার ইউ জি-ওন এবং পরিচালক পার্ক জুন-হাও।

এরপর গত মাসে রাজনৈতিক একটি ইস্যুতেও অনলাইন আক্রমণের শিকার হন আইইউ।

এর মধ্যে লি জং-সকের সঙ্গে প্রেম ভাঙার খবর প্রকাশ পাওয়ার পর আইইউর ব্যক্তিগত জীবনও নতুন করে আলোচনায় এসেছে।

এক্সপোর্টনিউজ অবলম্বনে