নাট্যকার সেলিম আল দীনের জন্মদিন ছিল ১৮ আগস্ট। এ উপলক্ষে স্বপ্নদল আয়োজন করে দুই দিনব্যাপী ‘নাট্যাচার্য সেলিম আল দীন জন্মোৎসব ২০২৩’। এই আয়োজনের স্লোগান ছিল, ‘“চিত্রাঙ্গদা”র শততম আর “হেলেন কেলার”-এর পঞ্চাশ, বাংলা নাট্যের নবযাত্রায় সেলিম-ধারায় বসবাস’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজিত উৎসবের আজ ছিল শেষ দিন। নাট্যাচার্যকে নিয়ে স্বপ্নদলের নিয়মিত উৎসবের ২৮তম আসর এটি।
শনিবার সন্ধ্যা ছয়টায় ‘হেলেন কেলার’-এর ৪৯তম এবং সন্ধ্যা সাড়ে ৭টায় ৫০তম মঞ্চায়ন হয়। বাংলা নাট্যরীতিতে নির্মিত দেশ-বিদেশে প্রশংসিত মনোড্রামাটি লিখেছেন অপূর্ব কুমার কুন্ডু, নির্দেশনায় ছিলেন জাহিদ রিপন। অভিনয় করেন জুয়েনা শবনম। এ ছাড়া নাট্যাচার্যের জীবন, কর্ম ও দর্শন নিয়ে আলোচনা করেন নাট্যজন মাসুম রেজা।
দৃষ্টি-বাক্-শ্রবণপ্রতিবন্ধী হওয়া সত্ত্বেও প্রবল আত্মবিশ্বাস আর অ্যান স্যুলিভানের প্রেরণায় হেলেন কেলার সব নেতিবাচকতার বিরুদ্ধে ঘুরে দাঁড়ান। সেই কাহিনি নিয়ে আবর্তিত স্বপ্নদলের ‘হেলেন কেলার’ প্রযোজনাটি। এতে উঠে আসে নারী জাগরণ, মানবতাবাদের পক্ষে এবং যুদ্ধ, সহিংসতা, বর্ণবাদ; তথা আণবিক অস্ত্রের বিরুদ্ধে তার স্পষ্ট অবস্থানের কথা। পাশাপাশি উঠে আসে ব্যক্তিজীবনের নানা প্রসঙ্গও।
এর আগে ১৮ আগস্ট সন্ধ্যায় বাংলা নাট্যরীতিতে নির্মিত রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’ প্রযোজনার ৯৯তম এবং সন্ধ্যা সাড়ে ৭টায় ১০০তম মঞ্চায়ন হয়। এদিন উৎসবের উদ্বোধন করেন নাট্যজন অধ্যাপক রশীদ হারুন।
এ ছাড়া শুক্রবার সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পুরোনো কলাভবন থেকে নাট্যাচার্যের সমাধি অভিমুখে স্মরণ-শোভাযাত্রা ও পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়।
সেলিম আল দীন ১৯৪৯ সালের ১৮ আগস্ট ফেনী জেলার সোনাগাজী থানার সেনেরখিল গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা মফিজউদ্দিন আহমেদ ও মা ফিরোজা খাতুনের তৃতীয় সন্তান সেলিম আল দীন। প্রথম লেখাপড়ার শুরু আখাউড়ায় গৃহশিক্ষকের কাছে।
কিছুদিন পর সেনেরখিল প্রাইমারি স্কুলে ভর্তি হন এবং সেখানে চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়েন। তারপর মৌলভীবাজারের বড়লেখার সিংহগ্রাম হাইস্কুল, কুড়িগ্রামের উলিপুরে মহারানী স্বর্ণময়ী প্রাইমারি স্কুল এবং রংপুর ও লালমনিরহাটের স্কুলে পড়েন। পরে নিজ গ্রাম সেনেরখিলের মঙ্গলকান্দি মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে ভর্তি হন এবং এই স্কুল থেকেই মাধ্যমিক পাস করেন ১৯৬৪ সালে।
ফেনী কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন ১৯৬৬ সালে। ১৯৬৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে ভর্তি হন। দ্বিতীয় বর্ষ পর্যন্ত পড়ার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে দেন। টাঙ্গাইলের সাদত কলেজ থেকে স্নাতক শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এমএ ডিগ্রি নেন। এরপর ১৯৯৫ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন তিনি।
একটি বিজ্ঞাপনী সংস্থায় কপিরাইটার হিসেবে চাকরিজীবন শুরু করলেও পরে বাকি জীবন শিক্ষকতাই করেছেন। ১৯৭৪ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন এবং আমৃত্যু এই বিশ্ববিদ্যালয়েই ছিলেন। তিনি এই বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন।
২০০৮ সালের ১৪ জানুয়ারি সেলিম আল দীন ঢাকায় মারা যান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাঁকে সমাহিত করা হয়।