২৫ থেকে ৩০ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় নাটকটির সাতটি প্রদর্শনী হবে
২৫ থেকে ৩০ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় নাটকটির সাতটি প্রদর্শনী হবে

নরওয়ের পিয়ের, বাংলার পিয়ারু—কী বদলে গেল গল্পে

বৃদ্ধ বয়সে সমুদ্রযাত্রায় বেরিয়েছে পিয়ারু গাজি। সেই যাত্রায় বারবার ফিরে আসে তার ফেলে আসা জীবন—মায়ের প্রতি অবহেলা, অসমাপ্ত সম্পর্ক আর মুনাফার জন্য মানুষকে পণ্যে পরিণত করার স্মৃতি। নরওয়ের নাট্যকার হেনরিক ইবসেনের ‘পিয়ের গিন্ট’ অবলম্বনে বাংলার লোকজ সংস্কৃতির পটভূমিতে এই গল্প লিখেছেন শাহমান মৈশান। নাটকের নাম ‘পিয়ারু গাজির গল্পের দেশ’। আহমেদুল কবিরের নির্দেশনায় ২৫ থেকে ৩০ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় নাটকটির সাতটি প্রদর্শনী হবে।

ঢাকায় নরওয়ে দূতাবাসের সহযোগিতায় নাট্যোৎসব ও আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ। উৎসবের পরও রেপার্টরি থিয়েটারের মাধ্যমে নাটকটির মঞ্চায়ন চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নির্দেশক।

উদ্বোধন ও প্রদর্শনীর সময়  
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ছয়টায় উৎসবের উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। প্রথম প্রদর্শনী হবে সন্ধ্যা সাতটায়। ৩০ নভেম্বরও নাটকটি মঞ্চস্থ হবে সন্ধ্যা সাতটায়। ২৬, ২৮ ও ২৯ নভেম্বর প্রদর্শনী শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। ২৭ নভেম্বর বিকেল চারটায় একটি এবং সন্ধ্যায় আরেকটি প্রদর্শনী হবে। সেদিনের দ্বিতীয় প্রদর্শনীর সময় আমন্ত্রণপত্রে সন্ধ্যা সাড়ে ছয়টা ও প্রচারপত্রে সন্ধ্যা সাড়ে সাতটা উল্লেখ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। সম্মানিত অতিথি থাকবেন ঢাকায় নরওয়ের রাষ্ট্রদূত হকোন অ্যারাল্ড গুলব্র্যান্ডসেন। বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক মো. আবুল কালাম সরকার ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ হারুন-অর-রশীদ। বিভাগের চেয়ারম্যান শাহমান মৈশানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেবেন আহমেদুল কবির।

শাহমান মৈশান পিয়ারুর গল্প শুরু করেছেন জীবনের শেষ অধ্যায় থেকে

পিয়ারুর গল্প কেন শুরু হলো বৃদ্ধ বয়সে
নিজেকে কখনো রাজা, কখনো বিজয়ী হিসেবে কল্পনা করে পিয়ারু। এভাবে সে বাস্তবের সীমাবদ্ধতা ভুলে থাকতে চায়। বৃদ্ধ বয়সে সমুদ্রযাত্রার সময় এক আগন্তুকের সঙ্গে দেখা হলে নিজের সম্পর্কে এত দিন ধরে বানানো গল্পগুলো নিয়েই প্রশ্নের মুখে পড়ে সে।
ইবসেনের ‘পিয়ের গিন্ট’-এ পিয়েরের যৌবন থেকে কাহিনি এগোয়। শাহমান মৈশান পিয়ারুর গল্প শুরু করেছেন জীবনের শেষ অধ্যায় থেকে। প্রযোজনা পরিচিতিতে নাট্যকার লিখেছেন, ‘ইবসেনের নাটকে সময় একরৈখিক। আমার নাটকে সময় হয়ে উঠেছে বহুরৈখিক।’ অর্থাৎ বৃদ্ধ পিয়ারুর যাত্রার মধ্যেই ফিরে আসে তার তরুণ বয়সের ঘটনা, পুরোনো সম্পর্ক আর ভবিষ্যৎ নিয়ে তার কল্পনা।
ইবসেনকে বেছে নেওয়ার কারণও জানিয়েছেন শাহমান মৈশান। তাঁর মতে, ইবসেনের নাটক ভিন্ন সংস্কৃতিতে নতুন করে বলার সুযোগ দেয়। সেই সুযোগ কাজে লাগিয়ে এ অঞ্চলের নানা ধর্মের ও লোকজ জীবনধারা থেকে তিনি পিয়ারুর চরিত্র গড়েছেন। পিয়ারুর যাত্রার ভেতর দিয়ে দর্শককেও নিজের জীবনের দিকে ফিরে তাকাতে বলেন নাট্যকার। তাঁর ভাষায়, ‘আমি কে? কোথা থেকে এসেছি আমি? আমি যাবই বা কোথায়? এই জীবনে বেঁচে থেকে আমি যা করেছি এর অর্থই বা কী?’

ইবসেনকে বেছে নেওয়ার কারণও জানিয়েছেন শাহমান মৈশান। তাঁর মতে, ইবসেনের নাটক ভিন্ন সংস্কৃতিতে নতুন করে বলার সুযোগ দেয়।

শ্রেণিকক্ষে যে নাটকের শুরু
নাটকটির পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন আহমেদুল কবির। তিনি জানান, ২০২৪ সালের স্নাতকোত্তর শিক্ষার্থীদের নিয়ে প্রথম সেমিস্টারে ইবসেনের ‘আ ডলস হাউজ’, ‘ওয়াইল্ড ডাক’ ও ‘পিয়ের গিন্ট’ পড়ার মধ্য দিয়ে কাজ শুরু হয়। চরিত্রের মনের টানাপোড়েন শরীরের ভঙ্গি ও চলনে কীভাবে ফুটিয়ে তোলা যায়, তা নিয়ে শিক্ষার্থীরা তখন পরীক্ষা-নিরীক্ষা করেন। সেই কাজ থেকে তৈরি হয়েছিল ‘তাবুলা রাসা’ নামে একটি পরিবেশনা। পরে ‘পিয়ের গিন্ট’-এর কয়েকটি বাংলা নাট্যরূপ পর্যালোচনা করেন শিক্ষার্থীরা। নিজেরাও দল বেঁধে অনুবাদ করেন। দ্বিতীয় সেমিস্টারে সেই পাঠ ও অনুবাদ থেকে নতুন নাটক তৈরির কাজ এগোয়। তখন যুক্ত হন ২০২৫ সালের স্নাতকোত্তর শিক্ষার্থীরাও। মহড়ায় তাৎক্ষণিক অভিনয়ের মাধ্যমে চরিত্র নিয়ে পরীক্ষা করা হয়েছে। সেই অভিজ্ঞতা কাজে লেগেছে চরিত্র বণ্টনেও। মহড়ার অভিজ্ঞতায় নাটকের কাঠামোও বদলেছে বলে জানিয়েছেন নির্দেশক।
যুবক পিয়ারুর ভূমিকায় অভিনয় করছেন শাকির আলীম, মধ্যবয়সী পিয়ারুর ভূমিকায় মো. রাফিউল আলম চৌধুরী এবং বৃদ্ধ পিয়ারুর ভূমিকায় নাজিমউদদৌলা জুয়েল। শেষ বয়সের পিয়ারুকে মঞ্চে কীভাবে ধরতে চেয়েছেন, সে প্রসঙ্গে আহমেদুল কবির লিখেছেন, ‘দেহ, স্বর ও সংগীতের মধ্য দিয়ে আমরা ধরতে চেয়েছি জীবনের অন্তিম প্রান্তে ঘনিয়ে আসা নিঃসঙ্গতার সূক্ষ্ম স্তরগুলো।’

নাটকটির পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন আহমেদুল কবির

পিয়ারুর ঘরে ফেরার আকুতি
নির্দেশকের মতে, নিজের বানানো গল্পে আশ্রয় নেওয়ার যে প্রবণতা পিয়ারুর মধ্যে দেখা যায়, তা দর্শক নিজের জীবনেও চিনতে পারেন। যে মানুষটি এত দিন নিজের কাছ থেকে পালিয়েছে, শেষ বয়সে সে ঘরে ফিরতে চায়, মায়ের কাছে ফিরতে চায়। এই ফেরা কি পরিচিত কোনো ঠিকানায়, নাকি নিজের ভুল ও ব্যর্থতার মুখোমুখি হওয়ার পথে? পিয়ারুর ‘আমি কে, মা?’ প্রশ্নটির মধ্যে সেই টানাপোড়েন দেখেছেন আহমেদুল কবির।
প্রযোজনার শুরুর দিকের সঙ্গী ছিলেন বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমো। গত ২৬ এপ্রিল মারা যান তিনি। আহমেদুল কবির জানান, মিমোকে হারানোর শোকের মধ্য দিয়ে শিক্ষক-শিক্ষার্থীরা আবার একসঙ্গে নাটকটির কাজ শুরু করেন। মিমোকে স্মরণ করে তিনি লিখেছেন, ‘তার স্মৃতি এই নাটকের প্রতিটি মুহূর্তে আমাদের প্রেরণা জোগায়।’
উৎসব উপলক্ষে দেওয়া বাণীতে নরওয়ের রাষ্ট্রদূত হকোন অ্যারাল্ড গুলব্র্যান্ডসেন জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বিভাগের সঙ্গে নরওয়ে দূতাবাসের সহযোগিতা প্রায় তিন দশকের। বিভাগের স্টুডিও থিয়েটার নাটমণ্ডল সংস্কারেও সহায়তা করেছে দূতাবাস। রাষ্ট্রদূতের মতে, নতুন প্রযোজনাটি ইবসেনের নাট্যজগতের সঙ্গে বাংলার নাট্যঐতিহ্যের সংলাপ ঘটিয়েছে।

নির্দেশকের মতে, নিজের বানানো গল্পে আশ্রয় নেওয়ার যে প্রবণতা পিয়ারুর মধ্যে দেখা যায়, তা দর্শক নিজের জীবনেও চিনতে পারেন

নাটমণ্ডলে ইবসেন নিয়ে সেমিনার
২৯ নভেম্বর সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডল মিলনায়তনে হবে ‘নরওয়েজীয় নাট্যকার হেনরিক ইবসেনের প্রাসঙ্গিকতা: বাংলাদেশের সংস্কৃতিতে অভিযোজন ও আত্মীকরণ’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার। প্রবন্ধ উপস্থাপন করবেন শাহমান মৈশান। আলোচনা করবেন বিভাগের অনারারি অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ ও অভিনেতা তারিক আনাম।
সেমিনারে প্রধান অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। সম্মানিত অতিথি থাকবেন নরওয়ে দূতাবাসের ডেপুটি হেড অব মিশন আলেকজান্ডার ফাল্ক-বিল্ডেন। সভাপতিত্ব করবেন অধ্যাপক আবুল কালাম সরকার। সেমিনারের আহ্বায়ক বিভাগের সহযোগী অধ্যাপক আশিকুর রহমান।