মামুনুর রশীদ
মামুনুর রশীদ

‘ভিউ বাণিজ্যে সর্বনাশ’

নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ বলেছেন, ‘ভিউ বাণিজ্য এসে আমাদের যে সর্বনাশটা হয়েছে আমাদের শিল্পে, সেই সর্বনাশের কাঁধে আজকে আমরা বসে আছি।’

‘ছয় দশক পেরিয়ে তৌকীর আহমেদ: আমাদের সংস্কৃতি ও শিল্পীর দায়’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন মামুনুর রশীদ। আজ রোববার সকালে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজনটি করে সুহৃদ।

সেমিনারে মামুনুর রশীদ বলেন, একদিকে হচ্ছে আমাদের শিল্পে সংকোচন, রাজনৈতিক সংকোচন। গত ১৭টি মাস আমাদের ওপর রাজনৈতিক সংকোচন চলেছে। আমরা ভালো কোনো কিছু নির্মাণ করার কথা ভাবতেই পারি না। আমাদের প্রেরণাহীন একটা সময় আমরা কাটিয়েছি। এর আগেও আমাদের বারবার আমাদের শিল্পের সংকোচন হয়েছে, আমরা ব্যথিত হয়েছি।’

আজ রোববার সকালে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ‘আমাদের সংস্কৃতি ও শিল্পীর দায়’ শীর্ষক সেমিনারে কথা বলেন মামুনুর রশীদ

মামুনুর রশীদের ভাষ্য, ‘একটা দেশে গণতান্ত্রিক বিকাশ হলে যেটা হয়, আমাদের পাশের দেশ ভারতবর্ষ বা আমরা আরও যদি উন্নত বিশ্বের কথা ভাবি, সেখানে শিল্পীরা নিজেদের প্রকাশ করতে পারেন, অসংকোচে প্রকাশ করতে পারে; কিন্তু সেই অসংকোচটা আমাদের জীবনে আসেনি। এর মধ্য দিয়ে আমাদের পথচলা, এর মধ্য দিয়ে একজন তৌকীর হয়ে ওঠা, অসংখ্য শিল্পীর বেড়ে ওঠা।’

আয়োজনটি নিয়ে মামুনুর রশীদ বলেন, ‘আমরা এটাই প্রত্যাশা করব যে শুধু ব্যক্তি নয়, ব্যক্তির জন্মদিন নয়, আমরা চেষ্টা করব তাঁদের কাজগুলোকে এ রকম একটা আলোচনার টেবিলে হাজির করা, যাতে আমরা কনটেন্টটা দেখতে পাই। শুধু ফর্ম না, কনটেন্টও দেখতে পাই।’