রাজশাহীর মঞ্চে ‘বাগদি ধীরুয়াল’

বাগদি সম্প্রদায়ের শোষণ আর বঞ্চনার কাহিনি নিয়ে নাটক ‘বাগদি ধীরুয়াল’
প্রথম আলো

উঁচু জাতে তোলার নামে বাগদি ধীরুয়ালকে পইতা দিলেন ঠাকুর। এ জন্য মুখার্জিবাবুর রোষানলে পড়ে ধীরুয়াল। দিন শেষে আসলে সে জাতের সম্মান পায় না। মন্দিরে তাকে ঠাকুর বসাতে দেয় না ঠাকুরের মেয়ে রাধা। ক্ষোভে-অপমানে প্রহসনের পইতা ছিঁড়ে ফেলে ধীরুয়াল। এতেও শেষ রক্ষা হয় না। মুখার্জিবাবুর লাঠিয়ালেরা তার প্রাণটাও কেড়ে নেয়। বাগদি সম্প্রদায়ের শোষণ আর বঞ্চনার কাহিনি নিয়ে নাটক বাগদি ধীরুয়াল।

সমকাল নাট্যচক্রের পাঁচ দিনব্যাপী মঞ্চ নাট্যোৎসবের শেষ দিনে গত শুক্রবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক কেন্দ্রে মঞ্চস্থ হয় বাগদি ধীরুয়াল। এটি সমকালের ৬৮তম প্রযোজনা। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ নাট্যোৎসবের আয়োজন করা হয়।

তথাকথিত ছোট জাত বলে সমাজের উপেক্ষিত এক সম্প্রদায় বাগদি। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে মূলত এদের বসবাস। এ সম্প্রদায়কে নিয়েই নাটক বাগদি ধীরুয়াল। ২০০০ সালে রচিত নাটকটির নাট্যকার ও নির্দেশক আরিফ হায়দার।

শুক্রবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক কেন্দ্রে মঞ্চস্থ হয় ‘বাগদি ধীরুয়াল’

শুধু সংখ্যালঘু হওয়ার কারণে সমাজে তথাকথিত উঁচু শ্রেণির মানুষ দ্বারা কীভাবে শোষিত হয়, এ নাটকে তা-ই ফুটিয়ে তোলা হয়েছে। বাগদি ধীরুয়াল আর ঠাকুরের মেয়ে রাধার প্রেমে বাধার পাহাড় হয়ে দাঁড়ায় জাতপাতের ভেদাভেদ আর শোষকের রক্তচক্ষু। সে পাহাড় তারা আর ডিঙাতে পারে না। শিকার করা পশুর মতো লাঠিতে ঝুলিয়ে মুখার্জিবাবুর লাঠিয়ালেরা যখন ধীরুয়ালের লাশ নিয়ে যায়, জাতপাত, ধনী-গরিব ভুলে মানুষ ধীরুয়ালের দুঃখে দর্শকের চোখ ভিজে যায়।