‘দ্য ইস্ট প্যালেস’ সিরিজের দৃশ্য
‘দ্য ইস্ট প্যালেস’ সিরিজের দৃশ্য

‘লাভ ইন সিঙ্ক’ থেকে ‘দ্য হাজব্যান্ড’—নতুন ১০ কে–ড্রামায় কী আছে

রোমান্টিক কমেডি, রহস্য-থ্রিলার, ঐতিহাসিক ফ্যান্টাসি কিংবা হরর, অ্যাকশন—জুলাই মাসজুড়ে একের পর এক বৈচিত্র্যময় কে–ড্রামা মুক্তি পাচ্ছে। নির্বাচিত ১০ কে–ড্রামা নিয়ে প্রতিবেদনটি সাজিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট।

১. লাভ ইন সিঙ্ক
অভিনয়ে: কিম মিয়ং-সু, কাং মিন-আ
মুক্তি: ৪ জুলাই (ইউ+ মোবাইল টিভি/ডিজনি+)

কাং মিন-আর সঙ্গে জুটি বেঁধেছেন ইনফিনিট ব্যান্ডের সদস্য ও অভিনেতা কিম মিয়ং-সু। চা ইউন-হোয়ান নামে এক কাউন্সেলরের চরিত্রে অভিনয় করেছেন কিম মিয়ং-সু। ইউ জি-আন নামে এক জনপ্রিয় পপ তারকার ভূমিকায় অভিনয় করেছেন কাং মিন-আ।

২. দ্য হাজব্যান্ড
অভিনয়ে: নামকুং মিন, লি সল, কিম দে-মিয়ং
মুক্তি: ৪ জুলাই (কেবিএস২/ডিজনি+)

কাং তে–জু নামে এক মধ্যবয়সীর চরিত্রে অভিনয় করেছেন নামকুং মিন। তাঁর সংসার ভাঙনের মুখে। এর মধ্যে তাঁর স্ত্রী কো সে–ইউন অপহৃত হন। স্ত্রীকে অপহরণের সন্দেহভাজনের তালিকায় কাং তে–জুর নাম ওঠে। পলাতক আসামিতে পরিণত হন তিনি।

৩. ফ্যামিলি রেজিস্টার
অভিনয়ে: পার্ক সে-ইয়ং, সুং ইয়ে-অন, ইম জি-ইউন, হান গো-ইউন
মুক্তি: ৬ জুলাই (এমবিসি)

সংগ্রামের মধ্যে বেড়ে ওঠা না জি-নি চরিত্রে অভিনয় করেছেন পার্ক সে-ইয়ং। তিনি ও তাঁর মাকে কেন্দ্র করে সিরিজের গল্প এগিয়েছে।

৪. দ্য অ্যাপার্টমেন্ট জব
অভিনয়ে: জি সুং, হা ইউন-কিয়ং, মুন সো-রি
মুক্তি: ১১ জুলাই (জেটিবিসি)

একসময় গ্যাংস্টার ছিলেন পার্ক হে-গাং। তিনি একটি অ্যাপার্টমেন্টের সমিতির চেয়ারম্যান হতে চান। কারণ, ভবনের ভেতরে লুকানো বিপুল অর্থের খোঁজ পেতে চান তিনি। কিন্তু সেই চেষ্টা করতে গিয়ে দুর্নীতির বড় একটি জাল সামনে চলে আসে। অনিচ্ছা সত্ত্বেও তিনি সবার চোখে নায়ক হয়ে ওঠেন।

৫. ড্রিম টু ইউ
অভিনয়ে: হোয়াং ইন-ইয়োপ, লি হে-রি
মুক্তি: ১৩ জুলাই (ইএনএ)

জু ই-জে একসময় ছিলেন সাহসী সাংবাদিক। এই চরিত্রে অভিনয় করেছেন লি হে-রি। অন্যদিকে সু-বিন পরিবারের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে চলচ্চিত্র পরিচালক হওয়ার স্বপ্ন পূরণ করেছেন। চরিত্রটিতে অভিনয় করেছেন হোয়াং ইন-ইয়োপ। ত্রিশের কোঠায় পৌঁছে জীবনের নতুন বাস্তবতার মুখোমুখি হন তাঁরা।

৬. দ্য ইস্ট প্যালেস
অভিনয়ে: নাম জু-হিউক, রো ইউন-সো, চো সেউং-উ
মুক্তি: ১৭ জুলাই (নেটফ্লিক্স)

সামরিক সেবা শেষে কাজে ফিরছেন নাম জু-হিউক, ফিরে এটিই তাঁর প্রথম সিরিজ। ঐতিহাসিক ফ্যান্টাসি ঘরানার এই সিরিজে তিনি গু-চন চরিত্রে অভিনয় করেছেন। রো ইউন-সো অভিনয় করেছেন রাজদরবারের এক কর্মীর চরিত্রে।

৭. স্পুকি ইন লাভ
অভিনয়ে: পার্ক ইউন-বিন, ইয়াং সে-জং, অং সিওং-উ
মুক্তি: ১৮ জুলাই (টিভিএন)

২০১১ সালের জনপ্রিয় চলচ্চিত্র ‘স্পেলবাউন্ড’-এর গল্প নিয়ে তৈরি এই হরর-রোমান্টিক কমেডি। এতে পার্ক ইউন-বিন অভিনয় করেছেন এক হোটেল উত্তরাধিকারীর চরিত্রে। তিনি ভূত দেখতে পান। তাঁর সঙ্গী হন প্রসিকিউটর মা গাং-উক। এই চরিত্রে অভিনয় করেছেন ইয়াং সে-জং।

৮. আ শপ ফর কিলার্স সিজন ২
অভিনয়ে: লি ডং-উক, কিম হে-জুন
মুক্তি: ২২ জুলাই (ডিজনি+)

জনপ্রিয় অ্যাকশন সিরিজটির দ্বিতীয় মৌসুম শুরু হবে প্রথম মৌসুমের ঘটনার পর থেকেই। সবাই ভেবেছিল জিন-মান মারা গেছেন। কিন্তু তিনি ফিরে আসেন। এদিকে তাঁর ভাগনি জি-আন এখন বিশেষ অস্ত্রের দোকানের দায়িত্বে। এবার দুজন মিলে পুরোনো শত্রুদের মোকাবিলা করবেন।

৯. লাভ অন দ্য মেনু
অভিনয়ে: আহন হি-ইয়ন, হা সোক-জিন
মুক্তি: ২৫ জুলাই (কেবিএস২)

একটি পাড়ার সাইড ডিশের দোকানের মালিক হান কিউ-রিমকে ঘিরে এই রোমান্টিক গল্প। তাঁর পরিচয় হয় পাশের ইতালীয় রেস্তোরাঁর শেফ কিম মু-জিনের সঙ্গে। ধীরে ধীরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে।

১০. আ বোনা ফাইড কিলার
অভিনয়ে: গং হিয়ো-জিন, জুং জুন-ওন, লি সাং-ই
মুক্তি: ৩১ জুলাই (এমবিসি)

সিরিজটি জনপ্রিয় ওয়েবটুন অবলম্বনে তৈরি। এতে ইউ বো-না নামে এক সাধারণ অফিসকর্মী চরিত্রে অভিনয় করেছেন গং হিয়ো-জিন। কিন্তু গোপনে তিনি কিংফিশার নামে পরিচিত কিংবদন্তি ভাড়াটে ঘাতক। মাতৃত্বকালীন ছুটি শেষে কাজে ফিরে তাঁকে এই দুই পরিচয়ই সামলাতে হয়। এদিকে তাঁর স্বামী একজন অনুসন্ধানী সাংবাদিক। তিনি জানেনই না, দীর্ঘদিন ধরে যে রহস্যময় ঘাতককে খুঁজছেন, তিনি আসলে তাঁরই স্ত্রী।