‘মাস্টার্স, এমফিল করে এই ছ্যাঁচড়ামি সংস্কৃতি সবাইকে মানায় না’

ঈদের জন্য পাঁচটি নতুন গানের কাজ করছেন গায়ক এস ডি রুবেল। এর পাশাপাশি তাঁর পরিচালিত প্রথম সিনেমা ‘বৃদ্ধাশ্রম’ ঈদে মুক্তির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বর্তমান ক্যারিয়ার ও কাজ কমানো ও ব্যক্তিগত প্রসঙ্গে কথা বললেন এই গায়ক
ঈদের জন্য পাঁচটি নতুন গানের কাজ করছেন গায়ক এস ডি রুবেল
ছবি: সংগৃহীত
প্রশ্ন

গায়ক থেকে ‘বৃদ্ধাশ্রম’ সিনেমার সঙ্গে যুক্ত হলেন কীভাবে?

বাংলাদেশের একটি আইন হয়েছে প্যারেন্টস কেয়ার অ্যাক্ট। সরকারের এই আইনটি আমার কাছে ভালো লেগেছে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল বৃদ্ধাশ্রম নিয়ে সিনেমায় গল্প লিখব ও পরিচালনা করব। দর্শকদের এই আইনটা সম্পর্কে জানানোর জন্যই সিনেমা পরিচালনা করেছি। যদিও এটি প্রথম দিকে আরেকজনের নির্মাণ করার কথা ছিল।

প্রশ্ন

সিনেমাটি নিয়ে পরিকল্পনা কী?

সিনেমাটি নিয়ে আমি খুশি। সেন্সর থেকে সনদ পাওয়ার পর সেন্সর বোর্ডের সদস্য অনেকেই আমাকে বলেছেন, অনুদানের সিনেমা হিসেবে অনেক ভালো হয়েছে। ধন্যবাদ জানিয়েছেন। এখন মুক্তি নিয়ে কিছুটা চিন্তিত। চেষ্টা করছি ঈদে মুক্ত দেওয়ার।

প্রশ্ন

আপনার কি নির্মাণে কোনো অভিজ্ঞতা ছিল?

আমি ১০০টির মতো মিউজিক ভিডিও পরিচালনা করেছি। ৫০টির মতো বিজ্ঞাপন ও তথ্যচিত্র বানিয়েছি। টিভি নাটক প্রযোজনা করেছি, সেসব কাজের মাধ্যমেই আমার অনেক অভিজ্ঞতা হয়েছে।

‘বৃদ্ধাশ্রম’ সিনেমায় অভিনয় করেছেন এসডি রুবেল ও ববি
প্রশ্ন

ভক্তদের কাছে আপনার পরিচয় সংগীতশিল্পী হিসেবে। এই মাধ্যমের আপনার উপস্থিতি কম কেন?

আমি প্রায় ১ হাজার ৪৫০টি গানের গায়ক। প্রায় এক শ গান গেয়েছি ফিল্মে, কিছু রেডিও টিভিতে, অডিও সেক্টরে আমার গানের সংখ্যা প্রায় ১ হাজার ২৫০। দেশে কোনো পুরুষ শিল্পীর এত গান আছে কি না জানা নেই। তখন দর্শক অডিও টাকা দিয়ে কিনে শুনেছে। গানগুলো বিক্রি হয়েছে বলেই বেরিয়েছে। কিন্তু এখন ডিজিটাল ফ্রি ডাউনলোড আপলোডের জন্য আমাদের অডিও মার্কেটের রেভিনিউ কিছুই জেনারেট হয় না। যে কারণেই বেশির ভাগ শিল্পীরই বছরে ৫ থেকে ১০টার বেশি গান বের হয় না। বড় বড় প্রযোজকও ফ্রি গান নিচ্ছেন, ইউটিউবে ছাড়ছেন। কিছু টাকা রয়্যালটি দেবেন বলেন কিন্তু দেখা যায় পাঁচ হাজার টাকা দিচ্ছেন। শিল্পী আর কী টাকা চাইবে? আবার ভালো একটি মিউজিক ভিডিও নিজের পকেট থেকে চার–পাঁচ লাখ টাকা খরচ করতে হয়। টাকা ওঠানোতেও অনিশ্চিত। এসব কারণেই গান কমিয়ে দিয়েছি।

প্রশ্ন

কিন্তু অনেকেই তো ইউটিউব থেকে টাকা আয় করছেন?

কিছু টাকা তো আয় হচ্ছে। কিন্তু গুগল ও ফেসবুকের সঙ্গে আমাদের যোগাযোগ খুবই কম। তাদের অফিস দেশে নেই। বিশ্বের অন্য দেশ যে পরিমাণ রেভিনিউ পায়, সেই তুলনায় আমরা খুবই কম টাকা পাই। তাদের পলিসিতে আমরা ধরা খেয়ে আছি। এ জন্য লিরিক্যাল ভিডিও, স্টুডিও ভার্সন গান করে দর্শকদের নতুন গানের স্বাদ দিচ্ছি। আরেকটি কথা আমি বলতে চাই?

প্রশ্ন

জি বলুন?

আমাদের এখানে প্রোফেশনালিজম জায়গাটা একেবারেই নেই। এখানে সম্পর্কের ওপর চ্যানেলে গণমাধ্যমে শিল্পীরা হাইলাইট হন। অনেক সময় শিল্পী ভালো কাজ করলেও তাঁকে উৎসাহিত করা হয় না। এখানে প্রচুর লেজুড়বৃত্তি চলে। আমি মনে করি, মাস্টার্স, এমফিল পাস করে এই ছ্যাঁচড়ামির সংস্কৃতি সবাইকে মানায় না। একজন রুচিশীল শিল্পীর পক্ষে ছ্যাঁচড়ামি বা লেজুড়বৃত্তি, আত্মসম্মান বিসর্জন দিয়ে কাজ করা সম্ভব নয়। কোনো শিল্পীর পক্ষেই আত্মসম্মান বিসর্জন দিয়ে কাজ করা সম্ভব নয়।

আগের মতো আর গান নিয়ে ব্যস্ত নেই এসডি রুবেল
প্রশ্ন

তাহলে কারা আত্মসম্মান বিসর্জন দিয়ে কাজ করছেন?

সেটা আমি জানি না। তবে যাঁদের মানসিক উন্নয়নে শৈল্পিক ব্যাপারটা নেই, তাঁরা যা ইচ্ছে তাই করতে পারেন। এঁরাই আজ পেট্রনাইজ। কিন্তু প্রকৃত শিল্পীরা আত্মসম্মান বিসর্জন দিয়ে কাজ করবেন না।

প্রশ্ন

সংগীতকে এগিয়ে নিতে হলে এই জায়গা থেকে কীভাবে বের হওয়া যায়?

নীতিনির্ধারণী পর্যায়ে মানসম্পন্ন লোক আসতে হবে। যারা ডেডিকেটেড, বিচক্ষণ, শৈল্পিক গুণাবলি তুলনামূলক বেশি, তাদেরকে মূল্যায়নে করতে হবে। তা না হলে সংগীত আরও পিছিয়ে যাবে। কোনো লাভ হবে না। গুণীর কদর না হলে এখানে আর গুণী জন্মাবে না।

প্রশ্ন

আপনার কোনো অভিমান আছে?

একটি কথাই বলি, একসময় পড়েছি, বন্যরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে, এখন দেখছি বন্যরা বনে সুন্দর হওয়ার সুযোগই পাচ্ছে না। এখন সুরের জায়গায় অসুর বসে যাচ্ছে। আমাদের সবাইকে মিলিয়েই এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। এভাবে সংকর প্রজাতির সংস্কৃতি আমাদের স্ট্যাবলিশ হবে। মৌলিক সংস্কৃতি জায়গা পাবে না।

এস ডি রুবেল আরও সিনেমা বানাতে চান
প্রশ্ন

আপনার গানের ক্ষেত্রে কতটা এখন কতটা উৎসাহ আছে?

রাষ্ট্রের পক্ষ থেকে শিল্পীকে উৎসাহ তৈরি করতে হবে। আমি সাংস্কৃতিকভাবে নিয়াজ মোহাম্মদ চৌধুরীকে গুরু মনে করি। তাঁর প্রতিই তো রাষ্ট্র উদাসীন। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দেশে এত বিবেকসম্পন্ন লোক থাকতেও নিয়াজ মোহম্মদ চৌধুরীর মতো বিচক্ষণ গুণী শিল্পীকে সেই অর্থে যথাযথ মূল্যায়ন করা হয়নি, সেখানে আমি এস ডি রুবেল কে?

প্রশ্ন

এখন গান থেকে রেসপন্স কেমন পান?

এখনো লাইভে গান করলে, ইউটিউবে গান ছাড়লে রেসপন্স আসে। কিন্তু এখন চ্যানেল অনেকে। কেউ তো চ্যানেলগুলোতে শিল্পীদের খুঁজে বেড়াবে না। হয়তো দর্শক আমাকে খুঁজেই পায় না। শ্রোতাদের সঙ্গে একটি দূরত্ব বাড়ছে। আর আমাদের দেশে মিউজিক রিলেটেড চ্যানেল তেমন একটা নেই। একটি চ্যানেল রয়েছে, তারাও অপ্রতুল কাজ করছে। তারা দেশীয় শিল্পীদের পেট্রনাইজেশনে কতটা ভূমিকা রাখতে পারছে আমার সন্দেহ আছে।

প্রশ্ন

আগামী ঈদে কয়টি গান আসবে?

বেশ কিছু গান নিয়ে এগোচ্ছি। ‘তোর মাঝেই বাঁচি আমি’, ‘কে তুমি এলে জীবনে’, ‘এই পৃথিবীর মায়ার বাঁধন’সহ পাঁচ–সাতটি গান রিলিজ দেওয়ার চেষ্টা করছি।